২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইভ বনফয়ের ৫টি কবিতা

মাসুদুজ্জামান

Published : 15 Jul 2016, 03:06 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

"কবিতা লেখা মানেই চিন্তা করা, কিন্তু কবিতা লিখতে হবে কবিতারই আঙ্গিকে, সংগীতের মাধ্যমে – আমরা যদি জানি কীভাবে গান শুনতে হয়, তাহলে গান আমাদের কবিতাকে সাহায্য করবে। আমাদের জীবনে যা ঘটে, কবিতা সেই গানই রচনা করতে চেষ্টা করে।" এই কথাগুলো বলেছিলেন ফরাসি কবি ইভো বনফয়। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে ফরসি কবিতাভুবনে সাড়া ফেলে দিয়েছিলেন। পল ভ্যালেরি ছাড়া আর কারও প্রথম কাব্যগ্রন্থ এতটা আলোড়ন তুলতে পারেনি। তাঁর কবিতা তীব্রভাবে রোমান্টিক কিন্তু ছুঁয়ে যায় আমাদের ইন্দ্রিয়জ সজ্ঞা ও প্রজ্ঞা, জীবনাসক্তি ও মৃত্যু, প্রাকৃতিক জীবন ও অধিবাস্তবতা, প্রতিদিনের যাপন ও অভিজ্ঞতা। প্যারি বিশ্ববিদ্যালয়ে দর্শন-পড়া আর তুলনামূলক কবিতার অধ্যাপক বনফয় মনে করতেন আমরা যা ভাবি, ভাষা সেখানে পৌঁছাতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাকেই মনে করা হয় সবচেয়ে উল্লেখযোগ্য ফরাসি কবি। কবিতার শব্দ, একটা কবিতায় তিনি বলেছিলেন, আকাশের মতো অনন্ত। আমাদের প্রতিদিনের মুখের বুলি আর ধ্রুপদী লেখ্যভাষার বিমিশ্রণে তৈরি বনফয়ের কবিতা তাই অনেকটাই আলাদা বলে মনে করেন সমালোচকেরা।
এখানে সদ্যপ্রয়াত (জন্ম জুন ২৪, ১৯২৩, মৃত্যু ১ জুলাই ২০১৬) এই কবি প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁরই একগুচ্ছ কবিতা প্রকাশ করা হলো। কবিতাগুলি ইংরেজি অনুবাদ থেকে অনূদিত।

সূর্যোদয়ের অনুভব

এই সন্ধ্যায়, শিল্পী ডেকে আনলো ঝড়
কাজটা ভালই করেছে : চমৎকার শরীর
পোর্টিকো ছাড়িয়ে আকাশের বাঁ প্রান্তে
জড়ো হল, যেখানে মৃদু আলোয় প্রজ্বলিত সিঁড়ি
সমুদ্রের দিকে নেমে গেছে। এই কাঁটা
সেখানেও আছে সিঁড়ি, যদিও একজন ঈশ্বর সেখানে প্রকাশিত হল,
একটা সোনালি মুখ অন্ধকার ঘিরে জেগে উঠল।

তাদের বিস্ময়ভরা সমস্বর, বুঝি গান,
তাদের হাসি আর তাদের বাঁশির সুর –
গানগুলি সুর হয়ে আমাদের কাছে পৌঁছায়নি।
তাদের বাহু মুক্ত হল, অনেক আর ভঙ্গুর,
তাদের বিস্ফারিত শরীরী ভঙ্গি আরও প্রসারিত হল আর
মিলিয়ে গেল,
শেষ না হতেই সব রঙ ছাড়িয়ে ওই রঙ
ছায়া থেকে সরে গিয়ে ছায়া হয়ে দাঁড়াল,
বাতাসে তখন পাক খাওয়া দ্বীপপুঞ্জ
মেঘেদের ছিন্নবিচ্ছিন্ন জলধারা। এভাবেই কি
মৃতদের পুনর্জন্ম হবে? তাহলে তো বলতে হয়, এই হল
হুড়মুড় করে ভেঙে পড়ার আগে ঢেউয়ের সর্বশেষ চূড়া।
আকাশ এখন প্রায় শূন্য।
একটা আরক্তিম মেঘ উত্তরের দিকে মন্থর গতিতে
কৃষ্ণপক্ষীর ঝালরের দিকে উড়ে গেল, ঝলমলে : রাত।

এখানে সেখানে ভস্ম দ্বারা তৈরি জলভরা গর্ত,
সুন্দর এভাবেই পুড়ে ছাই হয়ে গেল।

বই, বৃদ্ধ হওয়ার জন্যে

এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া নক্ষত্র;
পৃথিবীসুখের দিকে সরে যাওয়া মেষপালক, আর শান্তি
যেমন এই পোকাটির নিরন্তর চিৎকার,
কী রকম একটা আকার পেল দয়ালু ঈশ্বরের হাতে। নীরবতা
তোমার বই থেকে হৃদয়ের দিকে যাচ্ছে।
শব্দহীন বাতাস পৃথিবীর শব্দের দিকে ঘুরে গেল।

দূরে সময় শুধু হাসে, অনির্দেশ্য।
বাগানের ফলগুলি পেকে ওঠাই সবচেয়ে সহজ।

তুমি বুড়ো হবে
আর গাছের রঙের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যাবে,
দেয়ালে একটা মন্থর ছায়া,
সবশেষে তোমার আত্মার মধ্যে অস্তিত্ত্ববান হও, শঙ্কাতুর পৃথিবী,
যেখানে তুমি বইটা ফেলে রেখে এসেছিলে সেখানেই সেটা তুলে ধরো,
এরকমই তো তুমি বলেছিলে, এসবই ছিল শেষ আবছায়া শব্দ।

যাদুঘর

দূরে কিসের কলরব। ভোরকে উপেক্ষা করে জনতা
বৃষ্টিমাথায় দৌঁড়ুচ্ছে
ছবির ক্যানভাসের মধ্যে সমুদ্রের বাতাস শো শো করে বইছে।

একটা লোক কাঁদতে কাঁদতে চলে গেল। কী বলছিল সে?
কী সে জানে! কী সে দেখেছে! আমি তার কথাগুলো বুঝতে চাইছি।
আহ, আমি প্রায় সব বুঝে ফেলেছি।

একটা যাদুঘরে আশ্রয় নিলাম আমি। এখন থেকে দেখবে বাইরে একা
জলের সাম্রাজ্যে মেশানো হাওয়া, কাচের শা্র্সিগুলোকে কাঁপাচ্ছে।

প্রতিটি চিত্রকলা, আমি ভাবি, এইভাবে আঁকা হয়
ঈশ্বর বুঝি পৃথিবী ছেড়ে চলে গেল।

তারা আমার সঙ্গে কথা বলেছিল

তারা আমাকে বললো, না, কিছুই নেবে না। না, ছোঁবে না, ওটা জ্বলছে আর ভীষণ গরম। না, ছোঁবার চেষ্টা করো না, ধরো না,
ওটা অনেক ভারী,
ব্যথা পাবে।

তারা আমাকে বললো : পড়ো, লেখ। আমি চেষ্টা করলাম, একটা শব্দ নিলাম, কিন্তু কী যেন হয়ে গেল, সন্ত্রস্ত মুরগীর মতো ওটা কক কক
করতে থাকলো, আহত, অনেক কালের পুরানো রক্তের ছোপের মধ্যে
কালো খড়ের খাঁচায় বন্দি হয়ে থাকলো।

আয়না

গতকাল
মেঘ তখনও ভেসে চলেছে
ঘরটার কালো গহনলোকে।
কিন্তু এখন আয়নাটা শূন্য

আকাশ থেকে
জট খোলা সুতোর বলের মতো
তুষার ঝরছে।

উৎস
Second Simplicity: New Poetry and Prose, 1991-2011 (2012)
The Yale Anthology of Twentieth French Poetry (2004)
The Vintage Book of Contemporary World Poetry ((1996)
Modern European Poetry (1966)