২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তোনিও মাচাদোর অপ্রকাশিত কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি

admin

Published : 08 May 2016, 11:51 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

স্প্যানিশ ভাষায় কবি হিসেবে আন্তোনিও মাচাদোর কী অবস্থান তা বুঝাতে গেলে যথাযথ উদাহরণ হতে পারে আমাদেরই ভাষার কবি জীবনানন্দ দাশ–কাব্যিক বৈশিষ্ট এবং প্রগাঢ়তা, উভয় অর্থেই। এমনকি প্রকৃতি-মগ্নতা, কল্পনা-মনীষা ও কাব্যিক-স্পন্দনে উভয়ের মিল এতটাই যে মনে হবে একই কবি যেন ভিন্ন দুই ভাষায় জন্মেছেন। তুলনার প্রসঙ্গটি এল এই কারণে যে স্প্যানিশ ভাষার প্রধান দুই কবি ফেদেরিকো গার্সিয়া লোর্কা এবং হুয়ান রামোন হিমেনেছ বাংলা ভাষায় ব্যাপকভাবে অনূদিত হলেও মাচাদো থেকে গেছেন উপেক্ষিত। অথচ কাব্যিক গুরুত্বে সাহিত্যের গুণবিচারীদের কাছে অন্য ‍দু'জনের চেয়ে মাচাদো ঢের বেশি বিভাময়, উদ্ভিজ্জ ও সংক্রামক। উপেক্ষিত এই মাচাদো যে য়ূরোপের পটভূমিতে রবীন্দ্রনাথকে নিয়ে ১৯১৮ সালে একটি অসামান্য কবিতা লিখেছিলেন সেটি গোচরে আসে ২০০৩ সালে, মাচাদোর মৃত্যুর প্রায় ৭৫ বছর পর। এখনও পর্যন্ত এই কবিতাটির কোনো পূর্ণাঙ্গ ইংরেজি বা বাংলা তর্জমা হয়নি। এই প্রথম এটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য অনুবাদক, প্রাবন্ধিক ও অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস এবং লাতিন আমেরিকান সাহিত্য-বিশেষজ্ঞ রাজু আলাউদ্দিনের তর্জমায় উপস্থাপিত হলো। ইতালিয় ভাষায় Tutte le poessiee prose Scelte (Arnoldo Mandadori Editore S. A., Milano, 2010) শিরোনামে জিওভান্নি কারাভাগ্গির সম্পাদনায় মাচাদোর কবিতার একটি তর্জমা-গ্রন্থ প্রকাশিত হয়, সেখানে স্প্যানিশ যে প্রামাণ্য রূপটি গ্রহণ করা হয়েছে বর্তমান অনুবাদটি তারই প্রতিধ্বনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি

ভাঙা হাড়গোড় নিয়ে রক্তে ফাটল-তোলা
পৃথিবীতে রণগ্রস্ত যুরোপ পেরিয়ে
রাজপুত্র, কবিকুল, পদ্ম আর
পবিত্র নদীর দেশ থেকে
প্রাচ্যের পুরোহিত, প্রাচ্যের মরমী পুরুষ
স্পন্দিত রূপে তোমার সংগীত আসে
আমাদের মাঝে;

ও রবীন্দ্রনাথ, পশ্চিমের এই পাড়ে
তোমার হৃদস্পন্দন শোনা যায়।
শরতের সন্ধ্যাবেলা যখন বৃষ্টির রিমিঝিমি
সুর তোলে বাঁশবনে, আর তোমার বাংলার
সাত আসমান ভেঙে নামে ঝুম বরিষণ
তখন য়ূরোপে বাজে যুদ্ধের দামামা, তার
জীবন নদীতে ওঠে ঝঞ্চাক্ষুব্ধ তরঙ্গ বিপুল।

রক্তক্ষরা য়ূরোপ যখন
যুদ্ধ আর সৈন্য সমাবেশ নিয়ে মগ্ন হট্টরোলে
তখন তোমার গ্রন্থ দুয়ারে দাঁড়ায় এসে তার
যেমন একদা এসে ঢুকেছিলো এ য়ূরোপে গৌতম-কাহিনী।
আজ দ্যাখ, শ্বেত বৃষপৃষ্ঠে চড়ে এসেছে স্বয়ং শিব
সমরখেতাব, শিরস্ত্রাণ সবই বর্বর অসভ্য মনে হয়, হায়
সাতসমুদ্দূর জুড়ে যুদ্ধ, শুধু যুদ্ধই ছড়ায়।