গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কবিতা: রোসার মৃত্যু
গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিশ্বব্যাপী পরিচিতি মূলত তার উপন্যাস ও গল্পগুলোর কারণে। কিন্তু এগুলো ছাড়াও তিনি লিখেছেন অসংখ্য প্রতিবেদন, প্রবন্ধ আর কিছু কবিতা। স্প্যনিশে লেখা কবিতাগুলোর কোনো ইংরেজি অনুবাদ এখনও হয়নি। অল্প কিছু কবিতার একটি এখানে প্রকাশ করা হলো বাংলাভাষী পাঠকদের জন্য। কবিতাটি মূল থেকে অনুবাদ করেছেন অনুবাদক আনিসুজ্জামান।
রোসার মৃত্যু
দুর্গন্ধে মরেছিল
অভিন্ন নির্ভুল রোসা।
বেঁচে ছিল ওর রূপে,
নিজের সুগন্ধে মরে গিয়েছিল,
নাম ছিল না তার: দৈবক্রমে
ডাকবো ওকে রোসাউরা,
সুক্ষ্ণ রোসা
কিংবা প্রেমের রোসা
কিংবা রোসালবা
অথবা শুধুই রোসা,
যেমন করে পানিকে ডাকে সবাই।
অর্থবহ হতো আরও
যদি সে চিরন্তন
হতো ফুল ডালিয়া।
চাঁদকে নিয়ে ভাবনা যেন
আকাসিয়া ফুলের তোড়া।
কিন্তু সে তো হবে চিরন্তন:
রোসা চলে গেছে, এইতো যথেষ্ট।
প্রভু তাকে রাখবে নিজের কাছে
ভোরের ছত্রছায়ায়।
