মস্ত হেঁয়ালি: টোমাজ ট্রান্সট্রোমারের ৫টি হাইকু
- …….
নোবেল প্রাইজ পাওয়ার পর সেন্ট্রাল স্টকহোমে নিজের বাড়িতে নিউজ কনফারেন্সে টোমাজ ট্রান্সট্রোমার
…….
সাহিত্যে এবারের নোবেলজয়ীকে পাঠকেরা কতটুকু জানেন, এ নিয়ে একটা সমীক্ষা চালিয়েছিলেন Nobelprize.org। দেখা গেল, পুরস্কার সংক্রান্ত খবরের জন্য যাঁরা ওই ওয়েবসাইটটিতে ঢুকেছিলেন, সেই পাঠকদের ৮৮% টোমাজ ট্রান্সট্রোমারের কবিতা পড়েন নি। অথচ পৃথিবীর ৫০টিরও বেশি ভাষায় তাঁর কবিতা অনুবাদ হয়েছে, বাংলা সমেত!বলা বাহুল্য, আমিও সেই সংখ্যাগুরু না-পড়ুয়ার দলে। জাল হাতড়ে হাতের কাছে পেলাম Robert Archambeau আর Lars-Håkan Svensson-এর করা কয়েকটি ইংরেজি অনুবাদ। ট্রান্সট্রোমারের হাইকু-ধর্মী কবিতাগুলির এই তর্জমা Samizdat পত্রিকার ৩ নং সংখ্যায় (গ্রীষ্ম ১৯৯৯) প্রকাশিত হয়েছিল। এগুলি কবির Den stora gåtan (২০০৪) কবিতাবইয়ের অন্তর্গত। Robin Fulton এই বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন The Great Enigma (২০০৬) নামে। জানা যাচ্ছে, সুইডেন প্রবাসী কবি-সম্পাদক গজেন্দ্রকুমার ঘোষ এই বইয়ের একটি বাংলা তর্জমাও প্রকাশ করেছেন অপার রহস্য নামে।
Den stora gåtan-শব্দগুচ্ছের আর একটি ইংরেজি প্রতিরূপ পেলাম–The Big Riddle। টোমাজ ট্রান্সট্রোমারের এই কবিতা ৫টি ভাষান্তরের ভাষান্তর করার সময় তাই `মস্ত হেঁয়ালি' নামটি ব্যবহার করলাম। বলে রাখা ভালো, হাইকুর কোনও নিয়ম কানুন মানার চেষ্টা এ-অনুবাদে নেই।
–গৌচৌঅনুবাদ: গৌতম চৌধুরী
মস্ত হেঁয়ালি
চিন্তারাশি নড়নচড়নহীন দাঁড়িয়ে
প্রাসাদ চত্বরের
মোসাইক টালিগুলির মতো।
উপরের ঢাল ধ'রে
রোদ্দুর মাথায়–ছাগলেরা
চরছিল আগুনের উপর।
অলিন্দের উপর
সূর্যকিরণের খাঁচায় দাঁড়িয়ে–
এক রংধনুকের মতো।
কুয়াসার ভিতর হুম্ম্ম্।
ওই যে, দূরে একটি মাছধরা নৌকা–
জলরাশির উপর স্মারকচিহ্ন।
আঁধার বাহিত।
দেখা পেলাম বিপুল এক ছায়ার
একজোড়া চোখে।
এইসব মাইলফলক
একটি সফরে সাজানো থাকে।
শোনো ওই বন-ঘুঘুর ডাক।
আনন্দ আমার ফুলেফেঁপে উঠেছিল
আর ব্যাঙেরা গেয়ে উঠেছিল
উপকূলীয়[১] দঁকে।
সে লিখছে, আর লিখছে…
খালগুলি ভরতি হয়ে উঠেছে আঠায়।
প্রেতলোকের[২] নদীপারের বজরা।
বৃষ্টির মতো শান্তভাবে যাও,
দেখা করো মর্মরিত পল্লবের সাথে।
শোনো ওই ক্রেমলিনের ঘণ্টা।
কিছু একটা ঘটেছে।
চাঁদ আলো ক'রে দিয়েছে ঘরটা।
ঈশ্বর ব্যাপারটা জানত।
শোনো ওই হুহু করা বৃষ্টি।
ফিসফিসিয়ে বললাম একটা গূঢ় কথা,
যাতে সোজা সেখান গিয়ে পৌঁছাই।
মঞ্চের উপর একটি দৃশ্য।
কী অদ্ভুত এক স্তব্ধতা–
অন্তঃস্বরটি।
আমার পিছনে ঈশ্বরের বাতাস।
শব্দ ছাড়াই যে-গুলিটা ছুটে আসে–
দীর্ঘতম একটা স্বপ্ন।
ছাইরঙ নীরবতা।
নীল দানবটি চলে যায়।
সাগর থেকে ঠাণ্ডা মৃদু হাওয়া।
আমি সেখানেই আছি–
আর কলিফেরানো একটা দেওয়ালের উপর
ফাইলগুলো জড়ো হচ্ছে।
পাখিমানুষেরা।
মুঞ্জরিত আপেল গাছগুলি।
মস্ত হেঁয়ালি।
[২]ইংরেজি অনুবাদে Styx শব্দটি রয়েছে, যা গ্রীক পুরাণের প্রেতলোক বা পাতাললোক ঘিরে থাকা এক নদীর নাম। তুলনীয়, ইসলামি পুরাণের পুলসেরাত বা ভারতীয় পুরাণের বৈতরণী।
—–
লেখকের আর্টস প্রোফাইল: গৌতম চৌধুরী
ইমেইল: gc16332@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
