২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রুপি কর-এর কবিতা

আনন্দময়ী মজুমদার

Published : 02 Jan 2022, 10:51 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM

রুপি কর একজন তরুণ কবি, শিল্পী, আবৃত্তিকার। একুশ বছর বয়েসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে তিনি তাঁর প্রথম কবিতার বই 'Milk and Honey' নিজেই প্রকাশ করেন। এখনো পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তিন, যা আশি লক্ষ কপি বিক্রি হয়েছে, বহু ভাষায় অনুবাদ হয়েছে, আর নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলারও হয়েছে। তরুণ এই কবি ইংরেজিতে লেখেন। কবিতায় যতি-চিহ্ন ব্যবহার করেন না; কবিতার বইয়ের পাতায় যে অলংকরণ করেন তা সম্পূর্ণ নিজের, তা কবিতাগুলিকে আরো ফুটিয়ে তোলে। তাঁর লেখার বিষয় ভালোবাসা, কষ্ট, ক্ষতি, ভয়ের অভিজ্ঞতা, কমনীয়তা, দেশত্যাগ আর নিরাময়।

অনুবাদ: আনন্দময়ী মজুমদার

নরম হওয়া
মানে শক্তি ধরা।
*
অবমাননা
শুধু প্রেমেই হয় না
অবমাননা
বন্ধুত্বেও হয়
*
আমি জল

এত নরম
যে জন্ম দিতে পারি
এত কঠিন
যে ডুবিয়ে দিতে পারি
*
তুমি একাকী
নিঃসঙ্গ নও

-তফাৎ আছে
*
নুন আর চিনি গুলিয়ে ফেলো না
তারা যদি তোমাকে চায়
তবে তো থাকবেই
ব্যাপারটা সরল
*
কী করে এত সহজে
সহৃদয় হও?

আমার অধর দিয়ে
দুধ আর মধু ঝরে পড়ে
আর আমি বলি

যেহেতু আমার সঙ্গে
লোকে সহৃদয় হয়নি
*
বেঁচে থাকার প্রয়োজন
আমার মধ্যে আগুন
*
যারা ভেঙেছে তোমাকে
তাদের পায়ের তলায়
নিরাময় খুঁজো না
*
আমাদের বর্ষীয়ানরা
ফেলনা নয়
*
নিজের ওপর আস্থা
তোমাকে সব কিছু দিতে পারে
অথচ তুমি দ্বিধায় ভোগো
*
তোমার কণ্ঠ
তোমার স্বাধীনতা
*
যেভাবে আমরা জেগে উঠি
বেঁচে থাকার বেদনা থেকে
তার চেয়ে জৌলুসময় আর কী আছে
*
এখানেই থাকো
আজকের প্রয়োজনের সীমায়
-এভাবেই আগামী-কে আমরা শ্রদ্ধা জানাই
*
তাকে আমি ঠিক মনের মতো
গড়ে পিটে নিতে চেয়েছিলাম
তিন বছর লেগে যায়
ভালোবাসা ব্যাপারটা এমন নয় বুঝতে
*
দুর্ভাবনার মতো
এমন কানফাটা নির্জন
আর কী আছে
*
আমাদের বেদনা
আমাদের আনন্দের দুয়ার
*
আমার মন
শরীর
আর আমি
এক ঠাঁই
অথচ মনে হয়
আমরা আলাদা

– বিচ্ছেদ
*
অন্ধকার থেকে আমি
ভালোবেসে নিজেকে
অঙ্কুরিত করছি
*
হতাশ হতে হতে আমি ক্লান্ত
যে ঘর আমাকে বাঁচিয়ে রাখে
তাকে ঘৃণা করার শক্তিক্ষয়ে
ক্লান্ত আমি

-ঘৃণা ত্যাগ করলাম
*
আমাদের জখম আমাদের কবিতা লেখার কারণ
প্রতিটি শব্দ
লিখেছি যেন নিজেদের
আলিঙ্গনে ফিরতে পারি
*
নিজেকে ভালোবাসতে না পারলে
সব কিছু হারিয়ে যায়

-আর পারলে সব ফিরে আসে
*
আমার মধ্যে বেশ কিছু
বছর বাস করে
যারা ঘুমায়নি
*
আমি তাদের চাই
যারা আমার জৌলুসে প্রেরণা পায়
ভয় পায় না
*
তুমি অতীত অথবা ভবিষ্যতের
কেউ না

-তোমার ঠাঁই এই তো এখানে
*
আমি আমার দেহের কুয়োয়
ঝাঁপ দিয়ে অন্য ভুবনে আসি
যা প্রয়োজন তা তো সব
আমার মাঝারে আছে
অন্য কোথাও
খোঁজার কী প্রয়োজন

-ঘর