২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শার্ল বোদলেয়ার-এর চারটি কবিতা

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 30 Oct 2021, 10:48 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


……………………………….
ফরাসি থেকে ইংরেজি অনুবাদ: রিচার্ড হাওয়ার্ড
ইংরেজি থেকে বাংলা অনুবাদ: আবদুস সেলিম

……………………………….
শার্ল বোদলেয়ার-এর জন্ম ফরাসি দেশে ৯ই এপ্রিল ১৮২১ সালে এবং মৃত্যু ৩১শে অগাস্ট ১৮৬৭ সালে—অর্থাৎ ২০২১ সালের ৯ই এপ্রিল তার জন্মের দুইশত বছর পুর্ণ হলো। বোদলেয়ার নিজেকে মডার্নিটি-র কবি বলে চিহ্নিত করেছেন এবং তাঁর এই কাব্যপ্রতিভার জন্য বিশ্বজুড়ে তিনি আধুনিক কবিতার জনক বলে স্বীকৃত—যে আধুনিকতা জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু এবং অপরাপর একাধিক আধুনিক বাংলা কবিকেও স্পর্শ করেছে। বোদলেয়ার-এর আধুনিকতা তাঁকে অ-মহান এবং পতিত জীবন ও বিষয়বস্তুকে তাঁর কবিতার উপজীব্য রূপে গ্রহণ করতে শিখিয়েছে, এবং বোদলেয়ার নিজে সেকথা স্বীকারও করেছেন একাধিকবার।

বোদলেয়ার বলেছেন, একজন আধুনিক কবির সাথে গতানুগতিক কবির পার্থক্যটা হলো, আধুনিক কবি সুন্দরকে পতিত ও বীভৎস থেকে খুঁজে বের করতে সক্ষম কিন্তু পূর্ববর্তী কবি তাঁর গতানুগতিক নান্দনিক চিন্তাচেতনাকেই লালন করে। আধুনিক কবি আসলে একজন অপরসায়নবিদ (alchemist) যে পাঁককে সোনা বানাতে সক্ষম—অর্থাৎ কুৎসিতকে, অসুন্দরকে নান্দনিক ও সুন্দর করে তোলাটাই হলো আধুনিকতা বা, তাঁর নিজ সংজ্ঞায়, শহুরে যান্ত্রিক কুৎসিত জীবনের গভীরে এক অভূতপূর্ব নান্দনিকতাকে আবিষ্কার করা। মনে রাখা জরুরি যে গোটা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্পবিপ্লবের উন্মেষ শার্ল বোদলেয়ার-এর জীবনকালে আর তারই সাথে নগরজীবনের সকল মন্দত্বের উৎসারণ। বোদলেয়ার এই কুৎসিত, মন্দ এবং যাকিছু নোংরা এবং পতিত তাকে স্বীকৃতি দিয়েই তার ভেতর থেকে সুন্দরকে উদ্ঘাটন করার কথা বলেছেন এবং সেই নন্দনচেতনাকে চিহ্নিত করেছেন আধুনিকতা বা মডার্নিটি রূপে।

বোদলেয়ার তাঁর প্রথম জীবনে শিল্প-সমালোচক এবং অনুবাদক হিসেবেই অধিক পরিচিত ছিলেন। তাঁর সবচাইতে উল্লেখযোগ্য অনুবাদকর্ম হলো মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পো-র বেশ কিছু সাহিত্যকর্মের ফরাসি ভাষাতে ভাষান্তর। সমালোচকরা মনে করেন পো-র এই অনুবাদকর্ম বোদলেয়ারকে দারুণভাবে প্রাণিত করে এবং তাঁরই সাহিত্যতত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীতে বোদলেয়ার কবিতা রচনাতে লিপ্ত হন। তাঁর বিখ্যাত বা সমসাময়িক এবং মতান্তরে কুখ্যাত কাব্যগ্রন্থ লা ফ্ল্যর দ্যু মাল প্রকাশিত হয় ১৮৫৭ সালে। এর আগে পর্যন্ত তিনি মূলত শিল্প সমালোচনা এবং অনুবাদ কাজে ব্যস্ত ছিলেন। সঠিকভাবে বলতে গেলে ১৮৫৬ সাল পর্যন্ত বোদলেয়ারকে মুকুলিত-কবি রূপে নির্দিষ্ট করেছেন সাহিত্যবোদ্ধারা। ঐ লা ফ্ল্যর দ্যু মাল-এ সংকলিত ছটি কবিতা তাঁর সময়কালে (১৮৫৭ সালেই) নিষিদ্ধতার ছাপ পায় অশ্লীলতার গন্ধ পাবার অজুহাতে।

আমরা সবাই জানি শার্ল বোদলেয়ারকে বাঙালি পাঠকের কাছে বিস্তারিতভাবে পরিচিত করেছেন বুদ্ধদেব বসু ১৯৬০ সালে প্রকাশিত তাঁর শার্ল বোদলেয়ার তাঁর কবিতা গ্রন্থের মাধ্যমে যে গ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন তাঁর অনূদিত বোদলেয়ার-এর ফরাসি ভাষাতে রচিত ১১২টি কবিতা যার ভেতর বর্তমানে আমার অনূদিত চারটি কবিতাও ছিল। মূল ভাষা থেকে অনুবাদ করতে পারলে ভাল হতো কিন্তু আমি যেহেতু ফরাসি ভাষা জানি না, আমাকে ইংরেজি অনুবাদের আশ্রয়ী হতে হয়েছে। বুদ্ধেদেব বসু-র অনুবাদের পর কবিতাগুলো আবার অনুবাদের কোনো প্রয়োজন আছে কিনা শে প্রশ্ন অনেকেই তুলতে পারেন। ১৯৬০ থেকে ২০২১—দীর্ঘ একষট্টি বছর পেরিয়ে গেছে—এর ভেতর আমাদের অনুভূতি, বোধ, চিন্তাচেতনার অনেক পরিবর্তন হয়েছে, এবং একথা আমরা স্বীকার করতে বাধ্য যে যেকোনো শিল্পকর্মের ব্যাখ্যা একাধিক যেমন হতে পারে তেমনি সেই শিল্পের উপলব্ধিও ভিন্নতর হতে পারে। সেইসাথে রয়েছে ভাষার সদাপরিবর্তশীলতা। ফলে একই সাহিত্যকর্মের একাধিক অনুবাদ হতেই পারে এবং হচ্ছে। তার সাথে রয়েছে দুইশত বছর পূর্তিতে শার্ল বোদলেয়ার-কে স্মরণ করা, শ্রদ্ধা জানানো।

Les Fleurs du Mal থেকে Spleen et Ideal-এর চারটি কবিতা

বিষাদ

(১)
ফেব্রুয়ারি, বিরক্তিকর প্যারিস, দাপুটে বৃষ্টি
অবিরত ঝরে বিষণ্ণ মুষলধারায় কাছের গোরস্তানে শুয়ে থাকা
ফ্যাকাসে ইজারাদারদের চাতালে আর এক বিনাশক গভীর শৈত্য
ছড়ায় কুয়াশাক্রান্ত শহরতলির ভাড়াটিয়াদের আবাসে।

আমার বিড়ালটা আয়েশ পায় না ওই টালির উপর শুয়ে
ওর কাদামাখা শরীরে ওম মেলেনা একটুও;
প্রেতাহত ক'জন বয়সী কবির আত্মা নর্দমায় ঘুরে ফেরে
গুমরায়, যেনো হিমেল হাওয়ার কাছে প্রেতের তীব্র ফরিয়াদ।

গির্জার ঘন্টার আর্তনাদ, পোড়া কাঠখড়ির ধোঁয়া ফায়ারপ্লেসে
ঘড়ির শ্লেষ্মাময় ভুতুড়ে গুনগুন
আর তারই সাথে বদগন্ধ তাসের আসর

এ এক শোথরোগী বৃদ্ধা চাকরানীর উত্তরাধিকার,
হরতনের ঠগী ফুলবাবু আর ইস্কাবনের বিবি
খুঁড়ে তোলে তাদের উদ্দাম কামাচার।

(২)
স্মরণিক?
আমার হাজার বছর বাঁচার চাইতেও বেশি!

দেরাজের ড্রয়ারে ঠেসে রাখা কোনো নথি নয়,
প্রেম-পত্র, বিয়ের-নিমন্ত্রণ, দলিল,
কিম্বা কাগজে মোড়ানো কোনো কেশগুচ্ছ নয়,
কিছুই নেই দেরাজে যা আছে লুকানো আমার এই মাথার ভেতর।
এই অন্ধকার সমাধিবিন্যাসে, এই পিরামিডে
শব আছে যত, ঐ আসল সমাধিস্থানে নেই তত:
আমি কবরস্থান এক, জ্যোৎস্নার ঘৃণা,
এখানে ক্লেদাক্ত দানব পোকারা সব বেঁচে থাকে
আমারই প্রিয় মরদেহগুলো নির্লজ্জ্য খুটে-খুটে খেয়ে।
তাকে তাকে সাজানো মেয়েলী পোশাকের আমি এক শীর্ণ মহিলা-গোঁসাঘর
মরা গোলাপের সুবাস মাখা, ধুলার আস্তরে ঢাকা;
এখানে শুধু বিবর্ণ প্যাস্টেল আর পাণ্ডুর নিষ্ঠুরতা
বেঁচে থাকা ফাঁপা সুদীর্ঘ শ্বাসাধারে নিঃশ্বাস নিয়ে।

দিনগুলো খুড়িয়ে চলে ধীরতর লয়ে
বছরের সেই ভারী আবহাওয়ার মৌসুমে
বিষাদ, নিঃসঙ্গ বৈরাগ্যের পরিণাম,
অনন্তকালের মাত্রায় নেয় রূপ . . .
অনন্তর, নশ্বর কাদামাটি, তুমি তো শুধু
নামহীন আতঙ্কে ঘেরা পাথরের টুকরো ছাড়া কিছু নও,
মানচিত্রে অবলুপ্ত এক পুরাকালের স্ফিংস
বিশ্বে বিস্মৃত, উগ্র মেজাজ তার
ডুবন্ত সূর্যরশ্মিকে শোনায় গান।

(৩)
আমি যেন ঘোর বর্ষা-রাজ্যের বাদশা, ঐশ্বর্যবান
কিন্তু অসহায়, জরাজীর্ণ অথচ এখনও যুবক
যে তার সেবায়েত শিক্ষকদের করে অবজ্ঞা, সময় নষ্ট করে
সারমেয় আর জানোয়ার নিয়ে, কিন্তু আনন্দ পায়না কিছুতে;
কিছুতেই মন কাড়ে না তার, বাজপাখি কিম্বা শিকার
অথবা রাজ-তোরণে অপেক্ষমান অনাহারী।
তার প্রিয় ভাঁড়ের রগরগে অশ্লীলতা মুখ থুবড়ে পড়ে থাকে
–রাজ-পঙ্গুত্বকে মুছে ফেলে পারে না আমোদে মাতাতে—
আর ওই সৌখিন রমণীরা রাজকীয় অনুমোদনে
পরে না তো খোলামেলা পোশাক আর
অস্থিসার যুবকের মিষ্টি হাসির আশায়।
রাজশয্যা হয়ে যায় রাজসমাধি।
সেই যে জাদুকর যে স্পর্শে গড়ে সোনা, সেও অক্ষম
তার অন্তর্গত গভীরের অশুদ্ধতাকে শুদ্ধ করতে,
রোমের রক্তস্নাত পুরুষানুক্রমিক বংশসূত্র
আর তাদের পাতশাহী পতন সময়কালের ইতিবৃত্তও
সক্ষম নয় আজ এই রক্তশূন্য জীবদেহ পুনরুজ্জীবনে
যে দেহ থেকে চুইয়ে পড়ে না রক্ত কোনো বৈতরণীর লোনা জল ছাড়া।

(৪)
যখন যন্ত্রণাকাতর মনের আকাশটা বিরক্তিতে
অবনমিত জগদ্দল আবরণে ঢেকে যায়,
বিষাদ মোড়া সূর্যের গনগনে আগুন ঝরে পড়ে
আমাদের উপর, সে এক দিবালোক, আঁধারের দ্বিগুণ মলিন;

যখন ধরিত্রী হয়ে যায় ক্ষরিত বন্দিশালা, যেখানে
অস্থির আশা বাদুড়ের মতো বাতাস কাটে,
দেয়ালে-দেয়ালে ঝাপটায় অলীক ডানা
মাথা খোঁড়ে ঘুনেধরা কড়িকাঠে;

যখন বৃষ্টি ঝরে অঝোরে ক্ষান্তিহীন মেঘ গলে,
চুইয়ে পড়ে চুপিসারে বিশাল কারাগারের গারদের শিক বেয়ে,
আর চলে নিঃশব্দ বীভৎস মাকড়-দলের
জালবোনা আমাদের মাথার অতল ভিতে;

তখনই অকস্মাৎ বেজে উঠে ঘণ্টাগুলো উচ্চনিনাদে,
সেই গা-ছমছম কর্কশ ঘণ্টাধ্বনি উছ্রিত হয় আকাশে,
যেন বাস্তুছাড়া হতচ্ছাড়া প্রেতেরা সব
জানাচ্ছে তাদের অসীম দুঃখবিলাপ।

–এবং এক দীর্ঘ শবযাত্রা, বিনাশোকগাথায়, বিনাশোকবাদ্যে,
আমার আত্মার ভেতরে দ্বিধান্বিত মিছিল করে, যেখানে আশা,
পরাভূত কান্নায় আপ্লুত, এবং সেই বিনাশী মৃত্যু
তার কালো নিশানা পুঁতে দেয় আমার অবনত মস্তকে।