চার্লস বুকোওস্কির একটি বিখ্যাত দীর্ঘ কবিতা: জনতার প্রতিভা
পোলিশ-জার্মান-মার্কিন কবি ও গদ্যকার, গণমানুষ ও গণসংস্কৃতির অবিসংবাদিত কণ্ঠস্বর চার্লস বুকোওস্কি (১৯২০-১৯৯৪) দুহাতে কবিতা লিখতেন; জনপ্রিয়, জনবোধ্য, বিখ্যাত, বিশালাকার সব কবিতা। এদেরই অন্যতম The Genius of Crowd, যেটি বহুল আলোচিত, সমালোচিত, উদ্ধৃত, পঠিত এমনকি গীত হয়েছে এবং অদ্যাবধি হয়ে চলেছে। এর কারণ দ্বিবিধ: প্রথমত তার বিষয়ভাবনা, যা একাধারে সমসাময়িক ও সর্বকালীন; দ্বিতীয়ত এর ভাষাভঙ্গি, যা সরল ও সুবোধ্য কিন্তু একইসঙ্গে যথেষ্ট শিল্পিত, সুগভীর ও বুদ্ধিদীপ্ত। সবচেয়ে বড় কথা, তিনি এখানে খুব সহজ ভাষায়, কোনো ভণিতা ছাড়াই এমন কিছু গভীরতর সত্য উচ্চারণ ও অপ্রিয় বাস্তবতা উন্মোচন করেন, যা বস্তুত দর্শনশাস্ত্র কিংবা মনস্তত্ত্ববিদ্যার গ্রন্থসমূহের আরাধ্য। বিশেষ করে মানব মনস্তত্ত্বের যে সুগভীর বোঝাপড়া ও বিশ্লেষণ আমরা তাঁর এই কবিতার প্রায় দ্রষ্টাসুলভ উচ্চারণসমূহের মধ্যে পাই, তা এককথায় অনন্য ও অসাধারণ। এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তর সমাজে যেসব অপ্রীতিকর ও অভাবনীয় ঘটনাসমূহ ঘটছে সেসবের, বিশেষ করে সদ্যসংঘটিত নৃশংস সাম্প্রদায়িক সন্ত্রাসসমূহের একটি সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও কিন্তু আমরা খুঁজে পাই তাঁর এই অসামান্য কবিতাটিতে। অনেকটা সেকারণেই কবিতাটির একটি তাৎক্ষণিক অনুবাদ উপস্থাপিত হল এখানে। এটি বুকোওস্কির প্রথমজীবনের কবিতাসমূহের একটি সংকলন The Roominghouse Madrigals: T he Early Selected Poems 1946 -1966 এর অন্তর্ভুক্ত।
জনতার প্রতিভা
মূল: চার্লস বুকোওস্কি
অনুবাদ: আলম খোরশেদ
যেকোনো দিনে যেকোনো বাহিনীর হাতে তুলে দেবার মতো যথেষ্ট বেইমানি, ঘেন্না,
সন্ত্রাস ও যুক্তিহীনতা জমা থাকে
যেকোনো গড়পড়তা মনুষ্যসন্তানের কাছে।
আর হত্যার পরাকাষ্ঠা জানে তারাই
যারা এর বিরুদ্ধে প্রচার করে
আর ঘৃণায় পারঙ্গম তারাই সবচেয়ে বেশি
যারা প্রেমের প্রচারণা করে
এবং যুদ্ধেও দারুণ দক্ষ তারাই
যারা শান্তির কথা বলে।
স্রষ্টার প্রচার করে তারাই যাদের স্রষ্টাকে প্রয়োজন
যাদের শান্তি নেই তারাই করে শান্তির প্রচারণা
যারা শান্তির বুলি আওড়ায় তাদের জীবনে ভালোবাসা নেই।
প্রচারকদের থেকে সাবধান
সাবধান জানেওয়ালাদের থেকে
তাদের থেকে সাবধান থেকো
যারা সারাক্ষণই পুস্তক পাঠ করে
সাবধান থেকো তাদের থেকে যারা
গরিবিকে ঘেন্না অথবা তাকে নিয়ে গর্ব করে
সাবধান থেকো তাদের থেকে যারা দ্রুত প্রশংসায় পঞ্চমুখ হয়
কেননা বিনিময়ে তারা প্রশংসাই প্রত্যাশা করে
যারা কথায় কথায় সমালোচনায় মুখর হয়
সাবধান থেকো তাদের থেকেও
কেননা তারা তাদের অজ্ঞানতায় ভীত
সাবধান থেকো তাদের থেকে যারা
প্রতিমুহূর্তে জনতার সাহচর্য চায়
কেননা একলা তারা শূন্যের সমতুল্য
গড় পুরুষের থেকে সাবধান
সাবধান গড় নারী থেকে
তাদের ভালোবাসা থেকেও সাবধান
কেননা তাদের গড় ভালোবাসা
গড়েরই সন্ধান করে শুধু।
তবে তাদের ঘৃণার প্রতিভা রয়েছে
এতটাই তাদের ঘৃণার প্রতিভা, যে তারা
তোমাকে খুন করতে পারে
শুধু তোমাকে নয় যে-কাউকে
নির্জনতা চায় না তারা
বোঝেও না তার মূল্য
তাদের চাইতে আলাদা যেকোনো কিছুকে
তারা ধ্বংস করে দিতে চায়
শিল্প সৃষ্টি করতে পারে না বলে
তারা শিল্পকে বুঝতেও পারে না
শিল্পস্রষ্টা হিসাবে নিজেদের অক্ষমতাকে তারা জগতের ব্যর্থতা মনে করে
পূর্ণ ভালোবাসায় অক্ষম তারা
তোমার ভালোবাসাকে অসম্পূর্ণ ভাবে
তারপর তারা তোমাকে ঘৃণা করবে
এবং তাদের ঘৃণারা দারুণ নিখুঁত
চকচকে হীরার মতো
ছুরির মতো
পর্বতের মতো
বাঘের মতো
বিষের মতো
তাদের সর্বোচ্চ শিল্প।
