২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

লিসেল ম্যুলারের তিনটি কবিতা

আবদুর রব

Published : 19 Sep 2021, 02:18 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

কবি, অনুবাদক ও পুলিৎজার পুরস্কার বিজয়ী লিসেল ম্যুলার (Lisel Mueller) ১৯২৪ সালে জার্মানির হামবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। ২০২০ সালে ২১ ফেব্রুয়ারিতে নিউমোনিয়ায় মারা যান তিনি। শিক্ষক মা-বাবার মেয়ে, ম্যুলার এবং তার পরিবার ১৫ বছর বয়সে নাৎসি শাসন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাঁরা আমেরিকায় অভিবাসী হন এবং মিডল-ওয়েস্টে বাস করতে শুরু করেন। ম্যুলার ইভান্সভিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখানে তাঁর বাবা অধ্যাপনা করতেন। ম্যুলার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে তাঁর স্নাতক অধ্যয়ন সম্পন্ন করেন। তিনি সাহিত্য সমালোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়, এলমহার্স্ট কলেজ এবং গডার্ড কলেজে শিক্ষকতা করতেন।
ম্যুলার "Alive Together: New and Selected Poems," গ্রন্থের জন্য ১৯৯৭ পুলিৎজার জিতেছেন। গ্রন্থটি ১৯৬৫ সালে তাঁর প্রথম কাব্যসংকলন "Dependencies," প্রকাশের প্রায় তিন দশক পর প্রকাশিত হয়। অনূদিত কবিতা তিনটি তাঁর এই গ্রন্থ থেকে নেওয়া। পুলিৎজার পুরস্কার প্রদানের সময় গ্রন্থটি সম্পর্কে বলা হয়, এ এমন একটা গ্রন্থ যা পাঠককে আমন্ত্রণ জানায় তাঁর অভিজ্ঞতার কথা জানাতে যা তাঁর দুঃখ, কোমলতা, আকাঙ্ক্ষা ও শিল্পের উন্মোচন। তাঁর কাছে মৃত্যু যেন "কাঁচের দেয়ালে এক কঠিন, শুষ্ক আঘাত"।

অনুবাদ: আবদুর রব

সুখী এবং অসুখী পরিবার -১

সব সুখী পরিবার যদি একই রকম হয়,
তাহলে অসুখী পরিবারগুলোও তাই,
আমরা তাদের জীবন উদযাপন করি
কারণ তারা গতি এবং তাপ,
কারণ আমরা তাদের জীবনটাকে জীবন মনে করি।
কেউ একজন মিথ্যা কথা বলে আর কারোর কাছে সেই
মিথ্যা বলা হয় । কাউকে মারধর করা হয়
আর কেউ একজন সেই মার দিচ্ছে।
কেউ প্রার্থনা করছে, অথবা কাঁদছে
কারণ সে প্রার্থনা করতে জানে না।
কেউ সারা রাত মদ্যপান করে;
কেউ কোণে কুঁকড়ে থাকে;
কেউ হুমকি দেয় এবং কেউ অনুরোধ করে।
টেবিলে তিক্ত কথা,
শোবার ঘরে চলে তিক্ত বিলাপ;
বাথরুমের আয়নায় প্রতিশোধ নিঃশ্বাস ফেলে।
বাড়িটি গোপনীয়তা রপ্ত করে;
সবাই পালানোর পরিকল্পনা করে।
কেউ নিঃশব্দে ছিন্নভিন্ন হয়ে যায়।
কখনও তাদের মধ্যে একজন বাড়ি ছেড়ে চলে যায়
স্ট্রেচারে, ভয়ানক নীরবে।
যন্ত্রণা কত শক্তি ধরে!
এ এমন একটা আগুন যা শুধু জ্বলতেই থাকে
কিন্তু জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় না।
অসুখী পরিবারগুলি কখনই নিষ্ক্রিয় নয়;
যেখানে কাজ সেখানেই তারা,
সুখীরা, এদের মতো নয়,
তারা কখনও আওয়াজ করে না
রক্তবমি করে না, তারা কিছুই করে না
তাদের সুখের জন্য।

[Happy and Unhappy Families I কবিতার অনুবাদ]

সুখী এবং অসুখী পরিবার -২

নাট্য-পরিচালকের মতে
এমনকি ইলেক্ট্রাও একসময় শিশু ছিল,
সুখী পরিবারে। ভাবা কঠিন যে
আগামেননের কন্যা
লন জুড়ে বেলুনে ব্যাটিং করছিল,
যখন ওরেস্টেস আনন্দের সাথে চীৎকার করছিল
তার দোলনা-ঘোড়া চড়ে
এবং শীঘ্রই খুন হতে যাওয়া পিতামাতা সস্নেহে হাসে
তাদের গ্রীষ্মকালীন পানীয়তে চুমুক দিতে দিতে। কেবলমাত্র
মহাবিপর্যয়ে,
অপরিহার্য হরর শো'গুলো
যেন আমাদের জন্যই তৈরি,
যখন বাড়ির কাছেই, সর্বশেষে
দুটো হত্যা ও আত্মহত্যা ঘটে,
আতঙ্ক কল্পনাকেও ছাড়িয়ে যায়।
কিছুই না, শুধুই শূন্যতা। আমরা স্মরণ করি
ভালো সময়, দেখি পারিবারিক ছবিগুলি ।
ছোট্ট মেয়েটার জন্মদিন ছিল
গত সপ্তাহে। তাদের হাতে বেলুন ছিল।
তারা উঠোনে দড়ি লাফ খেলছিল।
মাকে খুব সুন্দর দেখাচ্ছিল।
বাবাটিও সারাক্ষণ অমায়িক ছিলেন।
নাটকে, ঘটনা ঘটার অনেক আগেই,
আমরা জানি অবশ্যই কি ঘটবে,
এবং আমরা এটাকে ট্র্যাজেডি বলি।
এখানে এখন, এই শীতে,
এর জন্য আমাদের কাছে কোনো নাম নেই।

[Happy and Unhappy Families II কবিতার অনুবাদ]

জঙ্গলে পাখির হাড় খুঁজে পেয়ে

এমনকি আইনস্টাইন,
পৃথিবীর ক্ষীণ পাঁজরের দিকে তাকিয়ে,
উত্তপ্ত টগবগে বিশ্বাস ও রূপকের
নিচে শান্ত-সমাহিত ভাবটি
পর্যবেক্ষণ করে প্রস্বস্তিতে।
এমনকি ধারণার সবটুকু ভুলে
ছিটেফোঁটা কিছু কাপড় রেখেছিল সে
যাতে আকৃতিটাকে ঢেকে রাখা যায়।
আমরা যারা,
কল্পনা, বিভ্রান্তি ও হাড়ের এই ক্ষুদ্র পৃথিবীতে
যা শুধু শব্দ আর গতি বলে জানি,
তা থেকে পালাতে পারি না।

[On Finding a Bird's Bones in the Woods কবিতার অনুবাদ]