২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘সর্বত্রই তাঁর প্রস্থানবিন্দু’: নিকিফোরোস ভ্রেতাকোস-এর কবিতা

কুমার চক্রবর্তী কুমার চক্রবর্তী

Published : 17 May 2021, 10:33 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

জন্ম স্পার্তার নিকটবর্তী ক্রোকেস-এ, ১ জানুয়ারি ১৯১২ সালে। নিকিফোরোস ভ্রেতাকোস জীবনের অধিকাংশ সময় আথেনায় কাটিয়েছেন, শুধু জীবনের শুরু ও শেষের সময়টা ছাড়া। জীবনের শেষপ্রান্তে ক্রোকেসের নিকটবর্তী প্লাউমিতসায় বসত গেড়েছিলেন তিনি। তাঁর বাড়িটি ছিল তাইগেকোস পর্বতের দিকে মুখ করা। এই পর্বতটির কথা তাঁর লেখায় বারে বারে এসেছে রূপকের অন্তরালে। ১৯৯১ সালের ৮ এপ্রিল তিনি মারা যান।

অনুবাদ: কুমার চক্রবর্তী

১৯২৯ সালে মাত্র সতেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য আন্ডার দ্য শ্যাডোস অ্যান্ড লাইটস প্রকাশিত হয়, সে-বছরেই তিনি আথেনায় চলে আসেন উচ্চশিক্ষা গ্রহণের জন্য, কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে শিক্ষাগ্রহণ ব্যাহত হয়। ১৯৩৭ সালে তিনি গ্রিক সিভিল সার্ভিসে যোগদান করেন এবং দীর্ঘ তিরিশ বছর ওই সার্ভিসে চাকরি করেন। একজন মানবতাবাদী হিসেবে কবিতায় বিরামহীনভাবে তিনি মানুষের প্রতি অসাধারণ ভালোবাসা এবং দায়িত্বের জয়গান গেয়ে গেছেন, প্রতিবাদ করে গেছেন বর্বরতা আর অত্যাচারের বিরুদ্ধে। ১৯৬৭-৭৪ সাল পর্যন্ত গ্রিসে ব্যাপ্ত সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। এজন্য তিনি স্বেচ্ছা-নির্বাসন বেছে নেন, সুইটজারল্যান্ড ও ইতালি চলে যান, সেখানে তিনি বিভিন্ন রেডিয়ো প্রোগ্রামে এবং নানা অনুষ্ঠানে অংশ নেন। ওই সময়েই তাঁর আত্মজৈবনিক রচনা অ্যাংগুইশ রচিত হয় যা নিউইয়র্ক থেকে প্রকাশিত। ১৯৭৪ সালে একনায়কতন্ত্রের অবসানের পর তিনি দেশে ফিরে আসেন। নাৎসিরা যখন গ্রিস অধিকার করে বসে তিনি তখন গণপ্রতিরোধে অংশগ্রহণ করেছিলেন আর জনমানুষের পক্ষে অসাধারণ সব কবিতা লেখেন। ১৯৪০ সালে উত্তর গ্রিস সীমান্তে ইতালীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় পুরস্কারেও ভূষিত হন। চার-চারবার নোবেল পুরস্কারের জন্য মনোনীতও হন।
পরের দিকে তিনি তাঁর কাব্যদৃষ্টিকে রহস্যময় এক সূত্রে গ্রথিত করতে থাকেন যা বস্তুবিশ্বের সাথে, বিশেষত গ্রিকভূমির প্রাণময় সৌন্দর্যময়তায় তাঁর যে অবগাহন, তার সংযোগকে উদ্ভাসিত করতে থাকে।


এক ভিন্ন নাগরিক

তাঁর সমগ্র জীবনটাই, নক্ষত্র আর পর্বতের বাধাবন্ধনহীন
আর সীমান্তহীন মাতৃভূমিতে, যেন এক অন্তহীন ভ্রমণ।
তিনি তা চালিয়ে যান, আর নিরন্তর খুঁজে ফেরেন
শূন্যস্থান আর বস্তুবিশ্বে আলোর রূপাবয়ব।
তাঁর হৃদয়ের সীমান্ত সেইসব সূর্যরশ্মির সাথে
মিলেমিশে অবশেষে একাকার হয়ে যায়।

অদুসসেউস–এক ভিন্ন নাগরিক,
যিনি তাঁর ইথাকাকে ইতস্তত ছড়িয়ে দেন ভুবনে ভুবনে।

সর্বত্রই যেন তাঁর প্রস্থানবিন্দু।

সাংগীতিক সংখ্যা

গাণিতিক নিয়ম ছাড়া কিছুই টেকসই হয় না:
না নক্ষত্রখচিত রাত
না গোলাপ; আর কবিতাও নয়,
আমি সৌভাগ্যবান যে নিয়তি আমাকে
সাংগীতিক সংখ্যা বুঝতে শিখিয়েছে;
এজন্যই আমার দৃষ্টির সমুখে
এক আলোকরশ্মি ঝুলিয়ে রাখে দিবানক্ষত্ররা।
আর এজন্যই, শূন্যস্থানে একটি লেখার টেবিল বানাতে
কাজ করে যাই, যতক্ষণ-না পারি বানাতে
এক নক্ষত্রখচিত আকাশ, বা একটি গোলাপ।

সীমান্ত ও সৈন্য

সীমান্ত পাহারার জন্য দরকার সৈন্যের;
সৈন্যদের জন্যও দরকার সীমান্তের-
সীমান্ত ও সৈন্য তাই
সূর্য আর কবিতার ধর্ম পালনে প্রতিবন্ধক।

সম্মান

স্বর্গ আর মর্ত্য বেদনার স্বাদে আমাকে করেছে সম্মানিত।
দেরিতে বুঝেছি তা, যখন জানলাম
অন্ধকার থেকে পবিত্র আলোর হয় জন্ম-
বুঝলাম, যখন কবিতা আমার ভেতরটা ভাসিয়ে দেয়
আর কালের লণ্ঠন একে একে জ্বলতে শুরু করে।