২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সেসার ভাইয়্যেহো’র কালো অশ্বারোহীগণ

মাসরুর আরেফিন

Published : 26 Apr 2021, 06:24 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আলোকচিত্র: সেসার ভাইয়্যেহো
পেরুর কবি সেসার ভাইয়্যেহো (Cesar Vallejo; ১৮৯২-১৯৩৮) সাধারণ ধারণা মতে হিস্পানি ভাষার শ্রেষ্ঠ কবি। স্পেন ও লাতিন আমেরিকার কবিতার বোদ্ধাদের মতে ওই ভাষার কবিতায় তাঁর ওপরে আর কেউ নেই; তিনি রুবেন দারিও, পাবলো নেরুদা, অক্তাবিও পাস, হিমেনেথ—এদের চাইতেও বড়, গূঢ়, আর গাঢ়। তুলনামূলক অর্থে হিস্পানি ভাষার কবিতায় সেসার ভাইয়্যেহোর অবস্থান আমাদের ভাষায় জীবনানন্দ দাশের পর্যায়ের।

ভাইয়্যেহোর কবিতা আপাত দুর্বোধ্য, কারণ, বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ব্লাইয়ের মতে: 'সেসার ভাইয়্যেহো কোনো "আংশিকভাবে অথেনটিক" (খাঁটি বা অকৃত্রিম অর্থে) অনুভূতির কবি নন, যেমনটা কিনা ইংরেজিতে লিখছেন এমন কবিদের অধিকাংশই। তিনি "এবসল্যুটলি অথেনটিক"। জীবনের কোনো অংশ লুকিয়ে রেখে তারপর শুধু কাব্যিক অংশগুলো নিয়ে কেমন করে কবিতা লিখতে হয়, সেই আর্ট তিনি জানতেনই না। তাঁর জীবন ছিল অসম্ভব কঠিন, অজস্র সংগ্রামে ভরা এক জীবন; আর সেই জীবনকে কবিতায় ফুটিয়ে তুলতে ভাইয়্যেহো কখনোই সুখী-সুখী সৌজন্যমূলক মিষ্টিকথার পক্ষে ওকালতি করেননি, অশ্লীলতা ও কুৎসিতের প্রতি টানেরও না। তাঁর মধ্যে আছে জিওফ্রে চসারের মতোই স্পর্শকাতর এক সূক্ষ্মতা।…এর পাশাপাশিই আছে তাঁর কবিতার বন্যতা ও আদিমতার বিষয়গুলো। তাঁর এই বুনো আদিম জিনিসটা আবার অন্যের প্রতি পরিষ্কার স্নেহার্দ্র মায়ায় ভরা…তিনি তাঁর আত্মার ভেতরের দিকে ছুটে যাওয়া পথগুলো চোখে দেখতে পেতেন। যে-পরিমাণ স্পষ্ট প্রচণ্ডতা নিয়ে তিনি কোনো ভাবনা বা ইমেজকে তাঁর কবিতায় তাড়া করেন, সেটার মধ্যে বীরত্বের একটা ব্যাপার অবশ্যই আছে। খুব বড় কোনো মাছের মতোই ভাইয়্যেহো তাঁর কবিতার পেছন পেছন ছুটে যান সমুদ্রের গভীর থেকে গভীরে।'

ফ্রানৎস কাফকা গোত্রের এক ট্র্যাজিক বিশ্ববীক্ষার এই কবি প্রচণ্ড দারিদ্র্য ও রাজনৈতিক ঝামেলার মধ্যে বেশ অনেকগুলো বছর ইউরোপে কাটিয়েছিলেন। পরে সেখানেই তিনি মারা যান। তাকে ইউরোপ আসতে হয়েছিল মূলত নিজ দেশ পেরুতে জেল খাটবার ভয়ে। নিজের দেশে 'সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ সৃষ্টির দায়ে' কিছুদিন জেলেও কাটাতে হয়েছিল তাকে। ইউরোপের ফ্রান্সে থাকতে তিনি মনেপ্রাণে মার্কসবাদের দিকেও ঝুঁকে পড়েন, রাশিয়া যান বেশ কয়েকবার, বরিস পাস্তেরনাকের কবিতার প্রেমে পড়েন, আর মায়াকোভস্কির কবিতাকে 'ফালতু' বলা শেখেন। তাঁর জীবনের শেষ দিকে ফরাসি সরকার তাকে ফ্রান্স ছাড়তে বলে, আর ওইদিকে পেরুতে তাঁর অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে দীর্ঘ কারাদণ্ডের রায় ঘোষণা হয়ে যায়।


চিত্রকর্ম:পাবলো পিকাসোর আঁকা সেসার ভাইয়্যেহোর প্রতিকৃতি
জীবন যখন এতটাই কঠিন, তখনও সেসার ভাইয়্যেহো সেই জীবনকে সহজ করবার কোনো পদক্ষেপই নেন নি। বোদ্ধারা বলেন, তাঁর মধ্যে দুঃখ-যাতনা আরও আরও ভোগ করার একটা 'বিকৃত নিউরোসিস' ছিল। তবে তাঁর লেখা কিছু চিঠিতে দু এক জায়গায় আমি তাঁর আত্মগ্লানির কিছু দেখা পেলেও, এখন অবধি তাঁর কোনো কবিতায় পরাজিতের বোধের ছিটেফোঁটাও দেখিনি। তাঁর ওই বুনো-সান্দ্র লেখাগুলোই আবার কোথায় যেন প্রাণোচ্ছলতার ভারে টইটুম্বুর, কোথায় যেন সেখানে ছাপ মারা আছে জীবনকে তাড়িয়ে নিয়ে বাঁচার এক দাঁত-কামড়ানো জিদের।

ভাইয়্যেহোর সবচাইতে বিখ্যাত কবিতা তাঁর এই 'কালো অশ্বারোহীরা' বা 'কালো দূতগণ' (মূলে: Los Heraldos Negros)। এটা তাঁর প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাই শুধু না, বইয়ের নাম-কবিতাও। স্প্যানিশ ভাষার কবিতার ইতিহাসে এটা এক 'ল্যান্ডমার্ক' কবিতা, যেমন ধরা যাক আমাদের 'বনলতা সেন'। এই কবিতার নামের মাধ্যমে তিনি সালাম ঠুকছেন রুবেন দারিওর আরেক বিখ্যাত কবিতা 'Los Heraldos'এর উদ্দেশে, আর শার্ল বোদল্যের-এর 'কালো রং'-য়ের দিকে। কবিতাটার প্রথম লাইন 'Hay golpes en la vida, tan fuertes … Yo no sé!' সময়ের সাথে সাথে হিস্পানি ভাষাভাষীদের জগতে এক ধরনের জাতীয় সংগীতের মর্যাদার অবস্থানে চলে গেছে।


আলোকচিত্র: ফ্রান্সের নিস-এ সেসার ভাইয়্যেহো
এ কবিতার ভেতরকার বেদনার বোধ, বোদ্ধারা বলছেন, যতটা না ধরা যায় একে উচ্চারণ করে শব্দ থেকে শব্দে পড়লে, তার চাইতে বেশি এর তিন ডটের নীরবতার মাঝখানে। মনে হয় যেন কবির কাব্যভাষার দম আটকে গেছে হঠাৎ—যেন তিনি দুঃখ-যন্ত্রণায় পীড়িত মানবতার অসহায়ত্বকে ভাষা দেওয়ার শব্দ হারিয়ে ফেলেছেন বলে ঠিকভাবে তাঁর বাক্যটাও শেষ করতে পারছেন না। এ এমনই এক পৃথিবী যেখানে আছে শুধু আঘাত আর আঘাত, যেখানে প্রেম-ভালবাসা সব নিখোঁজ, আর যেখানে কোনো খোদাই পারছেন না মানুষকে প্রবোধ দিতে, তাকে বাঁচাতে।

ভাইয়্যেহো লক্ষ করবেন বলছেন যে, নিয়তির আঘাত এগুলো (তিনি প্রবল নিয়তিবাদী বা সোজা অর্থে ভাগ্যের খামখেয়ালিতে বিশ্বাসী ছিলেন), আবার এরা মানুষের প্রতি খোদার ঘৃণাও। আরও লক্ষ করার বিষয়, এ কবিতায় কিন্তু ধর্মীয় বিশ্বাসের মানদণ্ডে মানুষের আত্মার পতন হয়নি, বরং সাধারণ মানুষের মানবধর্মের মানদণ্ডে এতে পতন হয়েছে স্বয়ং খ্রিস্টের। এ জিনিসটা দুর্দান্ত, নিঃসন্দেহে। তার মানে মানবতা খ্রিস্টের হাত ধরে আর মুক্তির দিশা চাইছে না, বরং উল্টো—এটাই কবিতার ১০ নম্বর লাইনের ব্লাসফেমি বা ধর্মের অবমাননা (ইংরেজিতে 'some adored faith blasphemed by Destiny'; আমার বাংলায় 'নিয়তির হাতে নিন্দিত কোনো প্রিয় ধর্মের…')—ব্যাপারটা এমন যে, যখনই কোনো মানবের আত্মা জীবনের হাতে মার খায়, আঘাত বা বাড়ি খায়, তখনই প্রতিবার—ভায়্যেহো বলছেন—যিশুর পতন ঘটে। অতএব কবির বেদনা এখানে তাঁর কোনো ব্যক্তিগত বেদনা না। সেটা, কাফকার মতো, পুরো মানবজাতির হতভাগ্য চেহারাটার জন্য বেদনা।

অনুবাদ ও ভূমিকা: মাসরুর আরেফিন

জীবনে যে কতো আঘাত আছে, কতো ভয়ঙ্কর…আমি জানি না যে!
আঘাতগুলো খোদার ঘৃণার মতো; এমন যে তাদের মুখোমুখি হয়ে
সব দুর্দশা ভোগ করার গভীর-মতো জল
ভুজভুজ করে ওঠে আত্মার মাঝে…আমি জানি না যে!

ওরা সংখ্যায় বেশি না; কিন্তু ওরা আছে…ওরা কালোবর্ণ গভীর ক্ষত খোঁড়ে
সবচে প্রচণ্ডতাভরা মুখে, সবচে শক্তিশালী পিঠে।
সম্ভবত ওরা বর্বর আত্তিলার* ঘোড়াগুলি;
কিম্বা মৃত্যু-প্রেরিত কালো অশ্বারোহী, আসছে আমাদের দিকে।

আত্মার অন্তর্গত যে-যিশু, ওরা তার গভীর পতনেরই নাম,
ওরা নিয়তির হাতে নিন্দিত কোনো প্রিয় ধর্মের নামও।
ওই রক্তমাখা আঘাতেরা ওভেনের দরজার মুখে
রুটির পুড়তে থাকা পটপট শব্দই যেন।

আর মানব…হতভাগ্য…হতভাগ্য সে যে! তার চোখ সে ফেরাল এইদিকে
যেভাবে পেছন থেকে কাঁধে বাড়ি খেয়ে কেউ করে থাকে;
মতিচ্ছন্ন তার চোখ সে ঘুরাল এইদিকে, আর জীবনের যাপিত যা-যা কিছু
তারা ভুজভুজ অপরাধবোধের জলকুণ্ডের মতো জমে উঠল তার দৃষ্টিতে।

জীবনে যে কতো আঘাত আছে, কতো ভয়ঙ্কর…আমি জানি না যে!

——

টীকা: *আত্তিলা অর্থ Attila The Hun। ইতিহাসের বিরাট এক চরিত্র। জীবনকাল খ্রিস্টাব্দ ৪০৬ থেকে ৪৫৩। হানদের শাসক এই আত্তিলা পশ্চিমের দেশগুলো ও পুবের রোমান সাম্রাজ্যের কাছে ছিলেন এক মহা আতঙ্কের নাম। হানরা ছিল ইউরেশিয়ান যাযাবর জাতি। আত্তিলার নেতৃত্বেই তারা পশ্চিম ইউরোপ দখল করে বিশাল রাজ্য গড়ে তোলে।
——