ওসিপ মান্দেলশ্তাম: ‘বিষণ্ণ স্তব্ধতা’-র স্বরগুচ্ছ
ওসিপ মান্দেলশ্তাম (জন্ম: ওয়ারশ, পোল্যান্ড, ১৮৯১-মৃত্যু: ভ্লাদিভস্তক, রাশিয়া, ১৯৩৮) বিশ শতকের রাশিয়ার 'শ্রেষ্ঠতম কবি' হিসেবে বিশ্বখ্যাত। নোবেল বিজয়ী কবি জোসেফ ব্রডস্কি তাঁকে প্রথম এই অভিধায় ভূষিত করেন Less than One (১৯৮৬) নামের প্রবন্ধ সংকলনে। আরেক নোবেলজয়ী পোলিশ কবি চেশোয়াভ মিওশের মতে বিশ শতকের বিশ্বসাহিত্যের 'শ্রেষ্ঠ সাত কবি' হচ্ছেন: রাইনার মারিয়া রিলকে, ওসিপ মান্দেলশ্তাম, সি পি কাভাফি, ডব্লু এইচ অডেন, টি এস এলিয়ট, অক্তাবিও পাস ও সিমাস হিনি।
মান্দেলশ্তামের কবিতার প্রধান থিম 'সময়' বা 'কাল'। 'সময়'-কে এক বহতা স্রোত হিসেবে বিবেচনা করে তিনি বলতে চান যে, সভ্যতার দিকে যাত্রার পথে এই 'সময়' প্রচুর চাকু খেয়েছে, প্রচুর ছুরিকাঘাতে আহত হয়েছে, আর ওই ছুরির সবটাই রাজনৈতিক নয়, বরং মানুষের মধ্যে সিস্টেমেটিকভাবে আধ্যাত্মিকতার মৃত্যু ঘটানো আর শঠতা, প্রতারণা, মিথ্যা দিয়ে সময়ের বহমানতার গায়ে আঘাত করার বিষয়টা একইরকম দায়ী 'সময়'-কে থামিয়ে দিয়ে সভ্যতাকে 'বিশ্বাসের জঞ্জাল' বানিয়ে ফেলার পেছনে। জোসেফ স্তালিনের নিপীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে কবিতা লেখার অপরাধে মান্দেলশ্তামকে ১৯৩৮ সালে তাঁর শহর সেন্ট পিটার্সবার্গ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার দূরের ভ্লাদিভস্তকের এক 'গুলাগ' বা শ্রমশিবিরে প্রাণ দিতে হয়। কবি-সাহিত্যিক-শিল্পীরা যেন তাদের 'ক্ষমতা'-কে রাষ্ট্রক্ষমতার বিপরীতে শক্তিশালী কিছু হিসেবেই সবসময় উপলব্ধি করেন আর সেই মোতাবেক রাষ্ট্রের কালাকানুনগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের বাক ও মতপ্রকাশের স্বাধীনতার লড়াইগুলি জারি রাখেন, সেই সাহসী বিবেক ও স্বচ্ছ চেতনা সমুন্নত রাখার বিশ্বব্যাপী এক প্রবল প্রতীক হয়ে আছেন ওসিপ মান্দেলশ্তাম।
জোসেফ ব্রডস্কির হিসেবে ওসিপ মান্দেলশ্তাম 'বিষণ্ণ স্তব্ধতা'-র কবি, কারণ তাঁর একান্ত নিজস্ব যে-নন্দন তা প্রকাশিত হবার মতো ভাষা বা শব্দ কবি অধিকাংশ সময়ে এ পৃথিবীতে খুঁজেই পাননি; আর তাঁর কবিতার প্রধান যে-বৈশিষ্ট্য 'লিরিসিজম', তা ক্ষমাহীনভাবে তাঁর চারপাশে শুধু শত্রুই তৈরি করে গেছে চিরকাল, যার ফলে তিনি সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছেন আরও থমথমে, আরও গাঢ় ও সান্দ্র। ব্যক্তিজীবনে কবি আনা আখমাতোভার সবচেয়ে কাছের বন্ধু, কমিউনিস্ট পার্টির বড় নেতা নিকোলাই বুখারিন ও কবি বরিস পাস্তেরনাকের বন্ধু, আর কবি মারিনা স্ভেতায়েভার প্রাক্তন প্রেমিক, এবং লেখিকা নাদেঝদা মান্দেলশ্তামের স্বামী ওসিপ মান্দেলশতাম ছিলেন আমুদে, হাসিখুশি ও সরল এক ব্যক্তিত্ব। তাঁর সবচেয়ে পছন্দের জিনিস ছিল ওরিয়ল পাখি; আর ব্যক্তিগত সম্পদ বলতে তাঁর কোনোদিনও সামান্য দু একটা জামা-প্যান্ট বাদে অন্য কিছুই ছিল না, এমনকী নিজের একটা ভাল জ্যাকেট, সোয়েটার কিম্বা লেখার টাইপরাইটারও না।
ওসিপ মান্দেলশ্তামের এই ১২টি কবিতা মাসরুর আরেফিনের প্রকাশিতব্য তৃতীয় উপন্যাস 'আন্ডারগ্রাউন্ড' থেকে নেওয়া।
অনুবাদ: মাসরুর আরেফিন
কবিতা নং ৮
আমাকে দেওয়া হয়েছে এই দেহ, কী করি বলো আমি একে নিয়ে
সে যে আছে আমার সাথে মিশে, আছে আমার আমিকেই বেড় দিয়ে?
আমাকে বলো যে এ কারণে কাকে ধন্যবাদ জানাতেই হবে মন ভরে
এই যে শ্বাস নিচ্ছি চুপচাপ সুখে, এই যে বেঁচে আছি এ চরাচরে?
আমিই বাগানের মালী, আমিই পুষ্প হয়ে এ বাগানে ফুটে রই
এ পৃথিবীর কারাগারে জেনো কোনোদিন আমি যে একা নই।
আমার দেহের ওম, আমার নিঃশ্বাস এরই মধ্যে মাথা পেতে আছে
অনন্তের শার্সির 'পরে, অনন্তের জানালার কাচে।
ওই কাচে আমার শ্বাসের ছাপ মেখে থাকে নকশার মতো
কীসের নকশা সেটা কেউ জানে না আজকাল তাকালেও অত।
সময়ের এ তলানি এই গাদ নিশ্চিহ্ন হয়ে যাক যদি যাবে
শার্সি থেকে কোনোদিন কেউ আমার লালিত ছাপ মুছবে কীভাবে?
(১৯০৯)
স্বাধীনতার গোধূলি
ভাইয়েরা, স্বাধীনতার গোধূলির আসো প্রশংসা করি,
বন্দনা করি এই মহান গোধূলির সাল!
রাত্রির ফুটন্ত জলগুলোর মাঝে
ফেলা হলো ফাঁদ, বুনো ঘন জাল।
ও সূর্য, বিচারক, জনতা, ভালোই তো জাগছ তুমি
সেইসব বছরের মাঝে, যাদের ছন্নছাড়া হাল।
আমাদের নেতার প্রশংসা করি আসো,
যিনি চোখে জল নিয়ে ঘাড়ে নেন আমাদের কী বিশাল বোঝা।
প্রশংসা করি আসো ক্ষমতার গোধূলিভরা ভার,
কী দুর্বহ ওজন যে এই ক্ষমতার।
যে কেউ, হৃদয় আছে যার
বুঝবে সময়ের তরী ডুবছে ভালোমতো,
যে কেউ পারবে তা বুঝতে নিশ্চিত।
চড়ুইয়ের দলগুলো আমাদের একসাথে বেঁধে ফেলা শেষ
নানা যোদ্ধা দলে দলে,
এখন সূর্যকেই আটকে দিল তারা একসঙ্গে মিলে।
(সংক্ষেপিত; কবিতা নং-১০৩; মে ১৯১৮)
আমার কাল
আমার কাল, আমার বুনো পশু, কেউ পারবে কি
চোখ রেখে তাকাতে তোমার চোখে,
আর তার রক্তকে আঠা বানিয়ে নিয়ে
দুই শতাব্দীর মেরুদণ্ডকে জোড়া দিতে?
রক্ত, নির্মাতা সে, পৃথিবীর গলার কাছ থেকে
দ্যাখো রক্ত ফিনকি দিয়ে পড়ে,
শুধু মেরুদণ্ডের পেছনে থাকা পরজীবীর দল যারা–
তারা কাঁপে অনাগতকালের কিনার ধরে ধরে।
আমাদের এই কালকে যদি বাঁচাতে হয় জেলখানার থেকে,
তাহলে দরকার এক বাঁশি যে কিনা এসে
জটপাকানো দিনগুলি জুড়বে একটা আরেকটার শেষে।
কুঁড়িগুলি আর্দ্রতা পেয়ে ফুলে উঠবে ঘটা করে
এবং সবুজের বিস্ফোরণ ঘটে যাবে শাখা-পল্লব ধরে,
কিন্তু ও আমার করুণাযোগ্য, সুন্দর কাল
তোমার মেরুদণ্ড ভেঙে গেছে, এই তোমার হাল–
নির্বোধের হাসি নিয়ে, নিষ্ঠুর ও দুর্বল এক হাসি
তুমি তাকিয়ে আছ পেছনের দিকে বেশ,
ঠিক যেন আহত এক পশু, যার দৌড়ানোর দিন শেষ–
সে চিন্তামগ্ন বালুতে দেখে নিজের অতীত পদচ্ছাপের রেশ।
(কবিতা নং-১৩৫; ১৯২৩)
১ জানুয়ারি ১৯২৪
আমি জানি জীবনের শ্বাস দুর্বল হয়ে আসছে দিন থেকে দিনে।
আর একটুখানি, তারপরই পৃথিবীতে ভুল করা নিয়ে
সোজা-সরল গানগুলো থামিয়ে দেওয়া হবে
এবং টিন দিয়ে বন্ধ করা হবে ঠোঁট।
…
কী এক কাল এই কাল! অসুস্থ পুত্রের রক্তের মাঝে
জমাট বাঁধছে দ্যাখো চুনের স্তর,
কাঠের কফিনে মস্কো নিদ্রাতে
এই জালিম সময় থেকে পালিয়ে কোথায় যাবে তুমি?
…
কাকে আর মারবে তুমি বল? কাকে পূজা করা আর বাকি?
কী মিথ্যা আর বানাবে রোজ রোজ?
আন্ডারউড টাইপরাইটারের কার্টিলেজ ওই দ্যাখো
জলদি, ওর একটা অক্ষর তুলে ফ্যালো,
দেখবে নিচে পড়ে আছে মাছের ছোট কাঁটা।
(সংক্ষেপিত; কবিতা নং-১৪০; ১৯২৪)
নেকড়ে
মনে রেখে অনাগতকালের প্রতিধ্বনি তোলা গৌরবের কথা,
মনে রেখে সেই কালের উঁচু-মাপ মনুষ্যের কথা,
পূর্বপুরুষদের নামে দেওয়া ভোজনের দিনে
আমি ছুড়ে ফেলি পানপাত্র, আনন্দ ও আমার সম্মান।
এই নেকড়ে-মারা কুকুরের কাল আমার কাঁধে দিচ্ছে থাবা,
কিন্তু রক্তের দিক থেকে আমি কোনো নেকড়ে যে নই;
ভালো হত যদি ফার-কোট পরা সাইবেরিয়ান স্তেপের উষ্ণ যে-হাতা
তার মাঝে ফারের টুপির মতো যদি গুঁজতে আমাকেই।
যেন আমি কাপুরুষকে দেখতে না পাই, কিংবা নরম নোংরা কোনো পাঁক
কিংবা চাকায় লেগে থাকা রক্তমাখা হাড়,
যেন সারারাত ধরে নীল-শেয়ালের উজ্জ্বল ফার
আমার জন্য জ্বলে তাদের আদি রূপে, যে-রূপ অপার।
আমাকে পথ দেখাও রাত্রির দিকে যেইখানে বয় ইয়েনিসি,
আর পাইন গাছগুলি যেইখানে উঠে যায় নক্ষত্রের দিকে,
কারণ রক্তের দিক থেকে আমি কোনো নেকড়ে যে নই,
আর আমার সমান যে-জন, আমাকে মারবে দেখো সে-ই।
(কবিতা নং-২২৭; মার্চ ১৯৩১)
স্তালিন এপিগ্রাম
বেঁচে আছি, পায়ের তলায় মাটি না নিয়েই বেঁচে আছি প্রাণে,
দশ পা দূরেও আমাদের কথা পৌঁছুচ্ছে না কারো কানে।
কিন্তু যেই না অল্প গল্প করার মতো কিছু কথা জমে গেল–
আহ্, ক্রেমলিনের পাহাড়-চূড়ার লোকটাকে মনে করতেই হলো।
তার আঙুলগুলো মোটা, কৃমির মতো, মোটা ও পিচ্ছিল তারা,
তার কথাগুলো ভারী, যেন লোহার ওজনের ভারে ভরা।
তেলাপোকার মতো বিরাট গোঁফ তার বিরাট হাসিতে ফেটে পড়ে,
তার জুতোর উপরভাগ দ্যাখো ঝলকায়, দ্যাখো চিকচিক করে।
তার চারপাশে ঘোরেফেরে চিকন গলা পুঁতিগন্ধময় কিছু নেতা,
তিনি খেলেন ওদের নিয়ে, শোনেন চামচাদের স্তুতিভরা কথা।
কেউ শিস দ্যায়, কেউ মিউ করে, কেউ কাতর স্বরে দ্যাখো কাঁদে,
তিনি একাই তাকান চারপাশে, কখনো ফেটে পড়েন রাগ এবং ক্রোধে।
আইন বানান তিনি ঘোড়ার নালের মতো–বানান বহু আইন, বহু বিধি,
যার একটা গুঁতো দেয় তলপেটে, একটা কপালের মাঝে, একটা চোখ অবধি।
আর যেই না কাউকে ধরো ধরে নিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো,
সেই তিনি ছাতি-বড় জর্জিয়ার র্যাস্পবেরি মুখে পুরে কেমন ঝলোমলো।'
(কবিতা নং-২৮৬; নভেম্বর ১৯৩৩। এই কবিতাটি লেখার কারণেই
কবিকে ১৯৩৪ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার করে নির্বাসনে পাঠানো হয়।)
কবিতা নং-৩০৩
-কী এই রাস্তার নাম?
-মান্দেলশ্তাম রোড।
-এ আবার কেমন নাম ভাই?
একে ঘোরাও এইদিকে, একে ঘোরাও ওইদিকে
স্থির থাকছে দেখি এর বাঁকা থাকাটাই।
না, তার কিছু আসলে ছিল না সোজামতো,
পদ্মফুল ছিল না তার ভালো-মন্দের বোধ।
আর তাই এই রাস্তার নাম,
আরও ভালো করে বললে এই ম্যানহোলের নাম
রাখা হলো, ঠিকভাবে–মান্দেলশ্তাম।
(এপ্রিল ১৯৩৫)
কবিতা নং-৩৪১
মানুষের মাথার স্তূপ ঢিবি-ঢিবি মতো দিগন্তে মিলায়
ওইখানে আমি অদৃশ্য, ইতস্তত করি–তারা আমাকে আর দেখতে না পায়,
কিন্তু আমি ফিরে আসব ঠিকই–স্নেহভরা বইয়ে, বাচ্চাদের খেলায়
পুনর্জাগ্রত হব একদিন বলতে যে, সূর্য ঝলকায়।
(১৯৩৬ / ১৯৩৭)
কবিতা নং-৩৫০
এই খুনে প্রান্তর নিয়ে আমাদের কী করার আছে,
প্রান্তরের অলৌকিক ঝিমঝিম ক্ষুধাটাকে নিয়ে?
খোলা মাঠ দেখে বিশালত্বকে সমতলের বলেই ভাবা গেল,
কিন্তু ঘুমের পথে তলিয়ে যেতে যেতে–
বুঝি ওই খোলা সমতল আছে আমাদেরই মাঝে;
আর সব দিকে এই প্রশ্ন জাগে, এই প্রশ্ন বেড়ে ওঠে–
ওরা যায় কোন্ দিকে, ওরা আসে কোথা থেকে?
আর যাকে ঘুমের দেশে দেখে রোজ আর্তনাদ করে উঠি,
সে-ই কি ধীরে গুড়গুড় চলছে না ওই প্রান্তরে বুকে হেঁটে–
সে, মানে জুডাস, জুডাসই কি চলছে না এখনো জন্ম-না-নেওয়া
দেশ থেকে দেশে?
(জানুয়ারি ১৯৩৭)
অচেনা সৈন্যকে নিয়ে লেখা কবিতা
–এই নক্ষত্রেরা কি পুলিশের ইনফর্মার নাকি?
তারা সারাক্ষণ তাকিয়ে থাকে নিচমুখো–কেন?
বিচারকের রায়ের দিকে, সাক্ষীদের বাক্যের দিকে
জানালাবিহীন মহাসাগরেরও দিকে, আসল সারবত্তা যেটা…
…
এজন্যই কি মাথার খুলি ছড়িয়ে থাকে পুরো কপালজুড়ে?
একপাশ থেকে অন্য এক পাশে
যাতে করে সৈন্যেরা কোনোভাবে
বন্যা নামানো এড়াতে না পারে সুন্দর চোখের গোলজুড়ে?
(সংক্ষেপিত; কবিতা নং-৩৬২; ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৭)
কেরনিস্কি
যখন অক্টোবরের নায়ক আমাদের জন্য,
তৈরি করছিল হিংসা ও ক্রোধের জোয়াল,
লোহার বর্মপরা খুনিগুলো লাফিয়ে দাঁড়াল সেই
তারা আর গ্রাম্য মেশিনগান অপারেটরদের দল;
…
সৈন্য আদেশ দিল : 'কেরনিস্কিকে ক্রুশবিদ্ধ করো,'
এবং তাকে হাততালি দিল শয়তানের দল।
…
উল্লাসে ফেটে পড়া এই জনতা যদি
সোনালি মালা বাঁধে অন্যদের তরে,
রাশিয়া তখন তোমাকে আশীর্বাদ দিতে
মৃদু পায়ে নামবে তোমার দূরাগত নরকের ঘরে।
(লেখার সাল অজানা)
এ এক শীতল বসন্ত
এ এক শীতল বসন্ত। ক্রিমিয়াতে রুটি নেই–
সে ভীত, সে দোষী
কারণ সে শাসনের ভার দিয়েছে ভ্র্যাঙ্গেল ও হোয়াইট আর্মির হাতে।
মাটি দলা দলা এইখানে, তালি দেওয়া কাপড় ছেঁড়াফাড়া,
আর ধোঁয়াও একই রকম–বিষাক্ত ও কামড়ে উদ্যত।
সামনের দৃশ্য আবছায়া, শাশ্বতের মতো সুন্দরও বটে,
গাছে গাছে কুঁড়ি, ওরা ফুলে উঠছে অল্প ধীরে ধীরে,
ওরাই সত্যিকার বহিরাগত এইখানে। আর বাদামের গাছ দেখে
–ইস্টারের বোকামি নিয়ে তার মুকুল উদগিরিত–
মায়া জাগে, মনে মায়া জাগে।
প্রকৃতি তার নিজের মুখকেও চিনছে না আজ জেনো:
কুবান ও ইউক্রেন থেকে আসা উদ্বাস্তুরা দুঃস্বপ্নে-চলা ছায়া।
ক্ষুধার্ত কৃষকেরা চিরদিন এ জমিনের পশমি চাদরের 'পরে
দাঁড়িয়ে পাহারা দেয় শস্যগুদামের গেট, কখনও তালা
না ছুঁয়ে, না ধরে।'
(লেখার সাল অজানা)
