২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিটবংশের কবি লরেন্স ফার্লিংগেটিকে নিবেদিত জ্যাক হার্শম্যানের কবিতা

আলম খোরশেদ আলম খোরশেদ

Published : 05 Mar 2021, 11:39 AM

Updated : 02 Sep 2022, 08:34 PM


ডেনিস হেয়ার্নি-এর আলোকচিত্রে লরেন্স এবং জ্যাক
ভূমিকা: কবি লরেন্স ফার্লিংগেটি এবং তাঁর বিখ্যাত বইয়ের দোকান ও প্রকাশনা সংস্থা সিটি লাইটস এর কথা প্রথম জেনেছিলাম সম্ভবত বুদ্ধদেব বসুর গ্রিনিচ ভিলেজ নিবন্ধে কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যদেশের কবিতা গ্রন্থে। বিটবংশের এই কবি ছিলেন একাধারে নাট্যকার, ঔপন্যাসিক, চিত্রকর, প্রকাশক, সম্পাদক ও সমাজসংগঠক। অথচ কলাম্বিয়া ইউনিভার্সিটির স্নাতক এবং ফ্রান্সের সরবোর্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী লরেন্স চাইলেই কিন্তু একজন ডাকসাঁইটে অধ্যাপক কিংবা বিদ্যায়তনিক গবেষকের জীবন বেছে নিতে পারতেন। কিন্তু স্বভাবে প্রতিবাদী, প্রথাবিরোধী এবং গণমানুষের প্রতিনিধি ফার্লিংগেটি বেছে নিলেন সৃজন ও সংগঠনের পথ। তাঁর জন্মশহর নিউইয়র্ক ছেড়ে জীবনের মাঝপথে তিনি পাড়ি জমালেন পশ্চিম উপকূলের শহর সানফ্রান্সিস্কোতে এবং প্রকাশ করা শুরু করলেন সিটি লাইটস নামে একখানি সাহিত্যপত্রিকা এবং একই নামে গড়ে তুললেন একটি সুবিখ্যাত বইয়ের দোকান, ও প্রকাশনা সংস্থা। আমেরিকাতে সিটি লাইটসই প্রথম পেপারব্যাক বই প্রকাশ করা শুরু করে। এই সিটি লাইটস পুস্তকবিপণীটি দ্রুত পশ্চিম উপকূলের কবি, সাহিত্যিক, চিত্রকর, সংগীতশিল্পী, বিপ্লবী ও বোহেমিয়ানদের মিলনক্ষেত্র হয়ে ওঠে এবং কালক্রমে সানফ্রান্সিস্কো সাংস্কৃতিক রেনেসাঁসের জন্ম দেয়।


লুক থমাস-এর আলোকচিত্রে লরেন্স এবং জ্যাক
ফার্লিংগেটির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে অ্যালেন গিন্সবার্গ, গ্রেগরি করসো, জ্যাক কেরুয়াক, কেনেথ রেক্সরথ, জ্যাক হার্শম্যান প্রমুখ মেধাবী কবি, লেখকদের। সর্বশেষ হার্শম্যানই ছিলেন তার আজীবনের বন্ধু ও আদর্শিক সহযাত্রী। এই সিটি লাইটস থেকেই প্রকাশিত হয় গিন্সবার্গের বিখ্যাত বিট কবিতার বই হাউল। বইটি এক পর্যায়ে রাষ্ট্রবিরোধী হিসাবে চিহ্নিত হলে এটি প্রকাশের দায়ে ফার্লিংগেটির বিরুদ্ধে মামলা দায়ের ও তাঁকে গ্রেপ্তার করা হয়। ফার্লিংগেটি অবশ্য তাঁর বাকস্বাধীনতা রক্ষার দাবিতে সোচ্চার সাহসের সঙ্গে মামলা লড়ে যান এবং তাতে জয়লাভ করে বিজয়ীর বেশে বেরিয়ে আসেন জেল থেকে। সানফ্রান্সিসকোর নগর-প্রশাসন পরবর্তীকালে এই জেলখাটা কবিকেই তার রাজকবি পদে অভিষিক্ত করেছিল। কবিতাকে অভিজাত সম্প্রদায়ের গজদন্ত মিনার থেকে নামিয়ে একেবারে জনতার কাতারে নিয়ে আসা ফার্লিংগেটি তাঁর কবিতাকে ক্রমেই করে তুলেছিলেন সহজ, গীতল, লোকভাষার অনুগামী, স্পষ্টভাষী, সাহসী এবং সত্যোচ্চারণের বাহন। তাঁর কবিতার বইয়ের সংখ্যা ত্রিশটিরও অধিক, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত, দ্য কোনি আইল্যান্ড অভ মাইন্ড, যা বিশ্বজুড়ে বিক্রি হয়েছিল ১০ লাখেরও বেশি। গেল ফেব্রুয়ারিতে একশত দুই বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে আজীবনের বন্ধু ও কবি জ্যাক ততক্ষণাৎ রচনা করেন একটি অসামান্য এলিজি। এই এলিজিটি তাঁর প্রতি নিবেদন করছি আমার সুগভীর শ্রদ্ধা ও ভালোবাসা।– অনুবাদক।

ইংরেজি থেকে বাংলা তর্জমা: আলম খোরশেদ


একটি রহস্যময় এলিজি
লরেন্স ফার্লিংগেটির স্মৃতিতে
এলেইন কাজেনবার্গার এর জন্য

বিদায়ী অভিবাদন লরেন্স,
সুসমাপ্ত কাজগুলো
কবিতা ও চিত্রকলা
শব্দকে ছড়িয়ে দেবার
বিবিধ ভূমিকায়
আপনার নেওয়া
অবস্থানসমূহের সম্মানে,

আপনি, জনঅভিমুখী,
নৈরাজ্যবাদী
কালো আর লাল পাখিদের
আসা যাওয়ার
এই যৌথ নীড়খানি।
অনেকদিন আগেই সম্মানিত
হয়েছেন আপনি আর এখন যখন

এই গণহত্যাতুল্য
অতিমারির কালে
আমাদের জন্য অবশিষ্ট
সময়খণ্ডের অংশ হয়ে গেছেন,
তখন আমরা জানি
আপনার মহাপ্রয়াণে
পৃথিবী ভরে উঠেছে

যা-কিছু ছিলেন আপনি,
সত্তার সেই দৈব আলোয়:
লড়াকু, তবে নিম্নকণ্ঠ
সত্যের সৈনিক,
তবে স্বভাবে বিনম্র।
আর তাই আপনার
প্রস্থানের দিনে, রাত্রিকালে

আমাকে এক দেবদূতী
এসে আলিঙ্গন করেছিল
যে-আপনাকে এতটাই
ভালেবাসত যে, সে তার
নিজের নিঃশ্বাসহীনতায়
বারবার উগরে দিচ্ছিল
কেবল আপনাকেই,

এবং এভাবে ক্রমে
পাল্টে গিয়েছিল
আপনার অস্তিত্বের নির্ভারতায়,
যা ছিল একদা আপনারই দান,
যে-এখন জগতকে দেখাতে পারবে
এতকাল আমরা জেনেছি যে
গ্রন্থের গৌরব। সমাহিতকরণ,

অগ্নিচুল্লীতে দেহপ্রজ্জ্বলন
কিংবা আরও যত উপায়েই
বর্ণনা করা হোক আপনার মৃত্যুকে,
যে-গ্রন্থটি আজ পড়ে আছে
মলাটখোলা, আর তার ভেতরে
এই যে, চিরশয়ানে শায়িত
আপনার দেহসৌষ্ঠবটুকু

তাকে কোনোদিন কবর নয়,
ক্রমাগত পাঠ করে যেতে হবে আমাদের।