২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাক্সিমিলিয়ানো সিদ দেল প্রাদো: ফেরেশতাদের চোয়াল

কামরুল হাসান কামরুল হাসান

Published : 04 Feb 2021, 12:36 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


মাক্সিমিলিয়ানো সিদ দেল প্রাদো ১৯৯৪ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি মেক্সিকোর জাতীয় স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় (UNAM) থেকে হিস্পানিক ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৬ সালে তিনি Festival Cultural Interfaz Issste-Cultura / Los Signos en Rotación নামক সাংস্কৃতিক উৎসবের একজন ফেলো ছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে তিনি UNAM-এর দর্শন ও ভাষা বিভাগে সৃজনশীল লেখালেখির "রোকে ডালটন" সেমিনারটির সমন্বয়ক ছিলেন। তার কবিতা ও প্রবন্ধ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টেড ম্যাগাজিন, যেমন Opción; Letralia; Blanco Móvil; Punto en Línea; Punto de partida, Buenos Aires Poetryতে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি La Cronica-র মতো কিছু সাময়িকীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন, বেশ কিছু জাতীয় ও বিদেশি কাব্যসংকলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি ইতালির "Castello Di Duino" কবিতা প্রতিযোগিতায় বিশিষ্টতা অর্জন করেন। তিনি বেশ কিছু স্থানীয় ও আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠান, যেমন আন্তর্জাতিক বইমেলা la FIL Zócalo; FIL Minería; el Festival Internacional de Poesía José María Heredia; El Escalofrío Azul, Veintitantos poemas y un brindis; Festival Di/verso; Coloquio Nacional Palafoxiano– এরূপ বেশ কিছু সাহিত্য উৎসবের সাথে সম্পৃক্ত। ২০১৯ সালের জুনে তিনি স্পেনের তলেদোতে এর IX edición de los Premios Deza de Poesía পুরস্কার জয় করেন। বর্তমানে তিনি Revista Literaria Taller Ígitur পত্রিকার একজন সম্পাদক । তিনি ইন্টারন্যাশনাল পেন ক্লাব মেক্সিকোর একজন সদস্য এবং মেক্সিকো সিটিতে সাহিত্য সমাবেশ সংগঠনের একজন গুরুত্বপূর্ণ পরিচালক।

ইংরেজি অনুবাদ : বিওলেতা ওরোস্কো
বাংলা অনুবাদ : কামরুল হাসান

ফেরেশতাদের চোয়াল

প্রতিটি সত্ত্বায়, কোণ বা বিষন্ন উড্ডয়নে আমি ডুবিয়ে রাখি আমার দূরবর্তী ভূগর্ভস্থ হাতগুলো
যেখানে এই ফাঁকা কালো শ্যাওলাপরা আর্দ্রতায় পচে যাচ্ছে আলো।

আমি গভীরতার দিকে তাকাই আর দেখি আমার দুচোখের মাঝে রাত্রি তাকিয়ে আছে নিজের দিকেই যেন এক ভূত আয়নায় পর্যবেক্ষণ করে নিজেরি চামড়া
এবং আমি দেখি এক পিচ্ছিল মাছের মতো এক জোড়া প্রেরিত পুরুষ চিরকালের কাঁচা চামড়া শুকাচ্ছে রৌদ্রে।

আমি দেখি দুই নবীর হাতে ফ্লাপের ভিতর মৃত মানুষের চোয়াল রেখে জন্ম নিচ্ছে দেবদূতেরা
যেন অম্বর অবলোকন করছে তার কঠিন হয়ে ওঠা স্বর, আমার মুখের ভেতর তারা তাকে
সংমিশ্রিত করছে পোখরাজ স্ফটিকের সহিত
যতক্ষণ না তা এক ছোট্ট স্বর্গীয় দেবতা জীবন লাভ করছে।

এরপর আমি আমার সরিসৃপ চোখ দিয়ে এই চতুর্পদীগুলো গাইতে থাকি যা চান্দ্র রাজসিকতার দিকে ঘেউ ঘেউ করে,
ম্যাগনোলিয়া ফুল বোঝাই নীল ভবঘুরেদের মতো যারা এমন একটি সাম্রাজ্য নিয়ে কবিতা লিখে যা বিষাদে জমে গেছে।

কী এই প্রেম যা ঢেকে রাখে সবকিছু আর সবকিছুর নাম বদলে দেয় হালকা বেগুণিতে
একটি গ্রেনেডের মতো যা খুলে যায়
একটি দেয়ালের গায়ে আর ছড়িয়ে দেয়
তার শোক যতক্ষণ পর্যন্ত না তা পঁচে যায়?

[এটা কী] সেই শক্তি যা প্রজাপতির মতো মুখগুলো খেয়ে ফেলে যে প্রজাপতির জন্ম হয় মৃত্যুর জন্য
আকাশে ভাসমান, তবে মৃত্যু তো বটেই
সকল সৌন্দর্যের মতো যা তার পতনকে ব্যর্থ করে দেয় তার নিজের ক্লান্তিহীন অহঙ্কারের ভিতর?

কী এই ভাসমান ক্রীড়া কিংবা শীতের শেষকৃত্য যেখানে আমার পূর্বপুরুষেরা তাদের জিহ্বা খোদিত করেছে
পতিত ফুলের পাপড়ি দিয়ে বোনা এক পুরোনো কাঁথার নিচে রাখা স্বপ্নের মতো খনিজকালের প্রাচীন দেবতার মতো
যা বিদ্বেষী মাতালদের দূষিত রসনার মতো ব্যর্থ করে দেয় যা কিছু সুন্দর?

কিন্তু এ যে মিথ্যে এক, প্রগাঢ় বেগুনী-রং মদ, ভবঘুরে হৃদয়।
এই রজনীগন্ধা আর জাফরানের দলগুচ্ছ
যেখানে পথভ্রষ্টরা বেগুনিফুল আর সমাধির মাঝে তাদের পরাজয় সুবাসিত করে,
রক্তের বাজনার মতো যা শুল্ক বসায়, জরিমানা করে;

একটি পুরোনা এলমন্ড গাছের ভাগ্যচক্রের মতো সরু যে গাছ একটি নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে দৌড়ায় পরবর্তী নবীর জীবনী লিখতে।
একটা নির্দিষ্ট ককর্টরোগের উত্তরাধিকার, যেন অবিকল বর্বরদের কালের গর্ভে হারিয়ে যাওয়া দুষ্টুমি,
কামনার কাছে পরাস্ত, গভীর ক্রোধ বা ঘৃণা,
দুর্দশার ভেতর ওড়া স্বর্গীয় পাখিদের মতো।

স্বাপ্নিকদের বংশধারা, ছেঁড়া কাপড় দিয়ে তৈরি জিহ্বা
আমাকে উপহার দেয় সেই শব্দ যা তার ধীর-শিংযুক্ত অভিব্যক্তিকে টেনে আনে,
আমাকে উপহার দেয় সেই শব্দ যা রাত্রির মজার পাথরে নড়বড়ে,
আমাকে উপহার দেয় সেই শব্দ যার হীরক চোয়াল।

এক পঙ্গু-হৃদয়ের প্রজাতির ফাঁপা বাতাস ছুটে চলে
কালো শ্যাওলা, প্যাপিরাস ফুল,
বিষন্নতায় মোড়ানো জীর্ণতা
তুমি কি বাজারে চষে বেড়াও, ভুতেরা উপযাপন করছে এই নিরাশার উপাচার?

টিকে থাকবে শুধু হাড়গুলো আর দাঁতের পাটি।

বহুদিন আগে, টাকরার গহ্বরে বিদায় নিয়েছে বহু মানুষ, ক্ষুধা আর প্লেগে জর্জরিত।
তাদের চোখ থেকে জন্ম নিয়েছিল একটি ভয়ঙ্কর দুধ
আর তারা নির্বাচিত ছিল কেবল একটি পোকার জন্য।

পিতা, জীবন শেষ হয়ে এলো।
আমি ফিরিয়ে দেই বিলাপের পশুগুলো আর আমার শেষ প্রেমিকাকে একটি চকচকে পেটসমেত।
এ্ই হলো আমার মুখ, ফেরেশতাদের দ্বারা পোকা-খাওয়া।
আমার কণ্ঠস্বর ধীরে মরে যাচ্ছে অম্বরে।
আমি প্রশংসা করি আমার মৃত আত্মীয়দের।