২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

তিশানি দোশির কবিতা: অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা

মুনযির মুনযির মুনযির মুনযির

Published : 17 Dec 2020, 06:52 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


লেখক পরিচিতি: তিশানি দোশি ভারতের তামিলনাডুবাসী কবি ও কথাসাহিত্যিক, যিনি ইংরেজি ভাষায় লিখে থাকেন। তার কবিতা ও কথাসাহিত্য দু'টোই আন্তর্জাতিকভাবে প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। তার সাম্প্রতিকতম কবিতার বই অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা (২০১৭) টেড হিউস কবিতা পুরস্কারের জন্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিলো।

চুক্তিনামা
প্রিয় পাঠক হে,
আমি সম্মত হয়েছি আমার চামড়ার অভ্যন্তর উলটে দেখাতে,
প্রতিটি হারিয়ে যাওয়া শব্দ পুনরায় উদ্ভাবন করতে, ঘ'ষে-মেজে চকচকে করতে,
চুরি ক'রে নিয়ে আসতে, তোমার ফুসফুসটিকে ঝলসে দেবার জন্যে
যা যা করণীয় তার সবকিছু করতে।

আমি ছেড়ে দেবো সুখশান্তি,
নিজেকেই ছুরিকাঘাত করবো বারংবার,
এবং আমার মাথাটি আনত ক'রে সঁপে দেবো অসংখ্য ওভেনের কাছে।

ভবিষ্যতে মিলিয়ে যাবো আমি পিছিয়ে গিয়ে
এবং তোমাকে বলবো যা দেখি চোখের সামনে।
যদি সেটি হয় বিষাদময়, তবে আমি মিথ্যে বলবো
যাতে ক'রে তুমি বাঁচতে পারো
মুগ্ধতা নিয়ে।
যদি সেটি হয় অতিপ্রাকৃত, তবে আমি
তোমার স্বপ্নে বার্তা পাঠাবো,
আর সেইসব বার্তা চন্দ্রমুখীর লতানো ঠাসবুনুনিতে ঘেরা
অরণ্যের রূপোলি একটি কুটির হয়ে
রইবে আকম্পমান।

আমাকে হত্যা কোরো না, পাঠক।
এই গর্দান বহু দিন হলো কুঠারের আঘাতের বিরুদ্ধে
দাঁড়াতে নিজেকে মজবুত ক'রে যাচ্ছে।
যদিও রুগ্‌ণ এই দেহ,
এটি যুদ্ধে হারিয়েছে কতো না অঙ্গ, কতো না
চোখ ও হৃদয় হারিয়েছে এটি প্রণয়পর্বে। তবে ভালোবাসো আমায়
আমি সর্বত্র অনুগামী হবো তোমার—
শৈশবের ধুলোভরা আনাচেকানাচে যাবো,
যাবো একেকটি পতন এবং পুনরুজ্জীবনে।
যতোক্ষণ না তোমার যে ত্বক তা হয়ে ওঠে আমার ত্বক।
চলো হয়ে যাই আমরা যমজ দু'টি, আমাদের রক্ত
একই রকম ক'রে ধুকপুক করবে
বজ্রপাত ও বিদ্যুচ্চমকের মতোন।
এবং যখন তুমি তোমার কোমল মাথা বিশ্রামের জন্যে
নামিয়ে রাখবে, হে প্রিয় পাঠক,
কথা দিচ্ছি যে, তখন সেখানে থাকবো আমি অনুক্ষণ,
তোমার শ্রবণনালির অন্ধকূপে
আমি গুনগুন ক'রে গান গাইবো—
একটি অমর মশক, যে
তোমাকে ধাবিত করবে ক্রোধের দিকে,
আবেগভাস্বরতার দিকে।

অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা
মনিকার জন্যে
অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা,
আলখাল্লা ও অবগুণ্ঠনে আবৃত,
লৌহদণ্ড আর মোমবাতি নিয়ে আসছে
এবং আনছে বয়ে অজস্র ক্ষতচিহ্ন,
যা পাওয়া গেছে একর একর জোড়া অকালজ ঘাসের ওপরে, আর
শহরের বাসে, মন্দিরে আর শুঁড়িখানায়।
অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা
যাদের অধরে বাঁধা প্যান্টি, যারা
করছে এমনই আওয়াজ যে, কিছুই
শোনা যাচ্ছে না। পৃথিবীরও কি মুখে ফুটেছে কথা?
সে কি সত্যিই জিগেস করছে, যথাযথভাবে কাউকে
সমাহিত করা বলতে কী বোঝায়?
অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা, তাদের
ভাঙা পা উঁচিয়ে, বাঁধনহীন ঊরু থেকে যাদের বেরিয়ে আসছে
গোপনীয় কথা, সেইসব মিথ্যে কথা যেসব
ফিসফিসিয়ে বলেছে অচেনা লোকেরা আর
সাঁতার কোচেরা, আর মামা-চাচারা, বিশেষ ক'রে মামা-চাচারা,
যারা বলেছিলো প্রসারিত করাটা হবে সহজ ও
নির্ভার, যারা তাদের বক্ষ গুলিবিদ্ধ করেছিলো
এবং তাদের সুশ্রী চেহারাকে করেছিলো অগ্নিসাৎ, যারা
তাদের পাঁজর থেকে চুষে নিয়েছিলো কাদামাটি,
আর কাঁটাগুল্ম দিয়ে সাজিয়ে দিয়েছিলো
তাদের যতো শবাধার। অরণ্য থেকে
বেরিয়ে আসছে মেয়েরা, তাদের গল্পগুলো ছড়িয়ে দেবে ব'লে
মাটি খালি করছে। এমনকি সে-মেয়েগুলোও
যাদেরকে খাতে-কুয়োতে পাওয়া গিয়েছিলো নগ্ন, যারা
উপেক্ষিত চিলেকোঠায় ছিলো বিস্মৃত,
এবং নদীর তলদেশে ছিলো সমাহিত অন্য কোনও শতাব্দির
পললের মতো। তারা হামাগুড়ি দিয়ে
বেরিয়ে এসেছে শৈশবের যে পর্দা সেটির
আড়াল থেকে, তাদের শরীরের রুপোলি-গোলাপি
ভার ঠেলে চলেছে জল,
ঠেলে চলেছে সে স্মৃতির করুণ পালকখচিত
মালিন্য। অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা
যেভাবে পাখিরা চ'লে আসে
সব ভোরের জানালায়—ঠোকরায় আর
কলতান করে,যতোক্ষণ না কাচের গায়ে
তাদের পুঁচকে হৃদয় আছড়ে পড়ার
শব্দ পাওয়া যায়, শোনা যায় শব্দের উজ্জ্বল
বেপরোয়াপনা—তুমুল ঘা হানা, মিলিয়ে যাওয়া।
অরণ্য থেকে বেরিয়ে আসছে মেয়েরা
তারা যে আসছে। তারা যে আসছে।

আমি যখন কবি ছিলাম

আমি যখন কবি ছিলাম
আমি নদীর স্বপ্ন দেখতাম।
ফুলের ছিলো নাম এবং
উদ্দেশ্য। ক্ষতচিহ্নসম
খুদে পাখিরা
বাসা বাঁধতো আকাশের
কয়লাপাত্রে। আজ আমি যখন
ছেড়েছি হাল,
কিশমিশের চামড়ার
মতো শুকনো বিকালগুলো ঘ'ষে মেজে দিয়ে
যায়। চোরেরা এগিয়ে আসে।
কুকুর হাঁক ছাড়ে। আচম্বিতে উঠে আসে
ভালোবাসা মাটি থেকে গাজরের মতোন।