২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাক হার্শম্যান-এর তিনটি কবিতা

নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

Published : 06 Nov 2020, 02:09 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


জ্যাক হার্শম্যানের জন্ম ১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর নিউ ইয়র্ক শহরে, যে-শহরটিকে নিয়ে তিনি অসামান্য একটি কবিতা লিখেছেন বহু বছর পর। একেবারে ১৮/১৯ বছর বয়সেই তিনি যোগ দিযেছিলেন নিউ ইয়র্কের Associated Press নামক এক সংবাদ সংস্থায়। সে সময়ই আর্নেস্ট হোমিংওয়ের অনুকরণে লিখছিলেন গল্প। হোমিংওয়ের অভিমত জানার জন্য তিনি তখন দুটি গল্প পাঠিয়েছিলেন। হেমিংওয়ে সঙ্গে সঙ্গে চিঠি লিখে যা জানালেন তা বিরোধাভাসে উজ্জ্বল এক ভাষ্য: " I can't help you, kid. You write better than i did when i was 19. But the hell of it is, you write like me. That is no sin. But you won't get anywhere with it." এই চিঠি পাওয়ার পর জ্যাক হেমিংওয়ের অনুকরণ তো বর্জন করলেনই, এমন কি গল্প লেখাও ছেড়ে দিলেন, যদিও পরবর্তীকালে তার কবিতায় গল্পের আখ্যানধর্মী বৈশিষ্ট্য বারবারই এসেছে, এসেছে অসামান্য দক্ষতায়। জ্যাককে লেখা হোমিংওয়ের ওই চিঠির একটা কপি থেকে গিয়েছিল তার কর্মক্ষেত্র এসোসিয়েটেড প্রেসেই। আর ১৯৬১ সালে হেমিংওয়ে যখন আত্মহত্যা করলেন তখন ওই চিঠিটাই এসোসিয়েট প্রেস "Letter to a young Writer." শিরোনামে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল বিরল সংগ্রহ রূপে।
এই চিঠির সুবাদে জ্যাক হার্শম্যান অনেকেরই মনোযোগের কেন্দ্রে চলে আসেন। জ্যাকের জীবনে আরেকটি বড় ঘটনা ভিযেতনাম যুদ্ধ। ৫০ ও ৬০ এর দশক তিনি অধ্যাপনা করেছেন ডার্টমাউথ কলেজ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস (UCLA)-এ। এই অধ্যাপনা জীবনে তিনি The Doors-এর সহপ্রতিষ্ঠাতা এবং লিড ভোকালিস্ট জিম মরিসনকে পেয়েছেন ছাত্র হিসেবে। অধ্যাপক হিসেবে জ্যাক-এর সুনাম ছিলো গোটা ক্যাম্পাসেই। এই সফল পেশাটিও তাকে ছাড়তে হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সরকারের বিরোধিতার কারণে। কবি ডেভিড মেল্টজার-এর ভাষায় হির্শম্যান ছিলেন " A great teacher who refuses to work in the university, a scholar of great merit who refuses to publish in the mainstream presses. " সততা ও আদর্শনিষ্ঠা তাকে সুবিধা গ্রহণে বিমুখ করেছে বটে কিন্তু সেটাই তাকে দিয়েছে চরিত্রের এমন এক বৈশিষ্ট যা তাকে গৌররান্বিত করেছে মনুষ্যগুণে। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষকতা পেশা হারারার পর তিনি আর কখনোই অন্য কোনো পেশায় যুক্ত হননি। এরপর থেকে পূর্ণ সময় তিনি নিয়োগ করেছেন লেখালেখি, প্রতিবাদ আর প্রতিরোধের অব্যাহত কর্মকান্ডে। ইতিমধ্যে তার কাব্যগ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। পাশাপাশি রযেছে বিপুল পরিমাণ অনুবাদ ও সম্পাদিত গ্রন্থ। বর্ণমালাভিত্তিক শিল্পচর্চার পাশাপাশি জ্যাক রংয়ের রাজ্যেও সমানভাবে সক্রিয়। চিত্রশিল্পী ও কোলাজ শিল্পী হিসেবে জ্যাকের পরিচিতি কম নয়। জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইতালিয়, রুশ, আলবেনিয় এবং গ্রীক ভাষা খেকে ইতিমধ্যে গোটা পঁচিশেক বই অনুবাদ ও সম্পাদনা করেছেন। তার অনূদিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে নেরুদা, আন্তোনিন আর্তো, পিয়ের পাওলো পাসোলিনি, রোকে দাল্তন-এর রচনাসম্ভারে অনুবাদ ও সম্পাদনা এবং বামপন্থী লেখক শিল্পীদের প্রবন্ধের বই Art on the line।

বি. স.

মূল: জ্যাক হার্শম্যান
ভাষান্তর: নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

ধাবমান কবিতা

তোমার চোখের পাতার তৃণভূমিতে
চড়তে চাই চুমুর ছোপের মতো।
আর, একটি নদীর ঢাক পেটাতে চাই
যতক্ষণ না তার সময় থমকে দাঁড়ায়।
আর, ছুটতে চাই ছোট এক শিশুর মতো
যার মাথা জুড়ে আছে একটি কাঠবিড়ালি।
আর, প্রতিটি ক্ষতস্থান ছুঁয়ে
কবিতায় রূপান্তরিত করতে চাই।
আর, একটি লাল দর্শন দিয়ে
ইউরোপের শাপমোচন করতে চাই।
আর, মৃত মার্কিনির মুখ থেকে
সুরার অভিশাপ মুছতে চাই।
আর, হোগলা ফুলের পরাগে ঠাসা
একটি কবিতার নল খুলতে চাই।
আর, এর চারটি অনন্ত কোণে গভীর দৃষ্টি রাখতে চাই।
আর, অজিন রঙা আকাশের ভাষা পড়তে চাই
ধীরে, অস্ফুটে অবিরাম একই উচ্চারণে বিভোর হয়ে
যতক্ষণ না তুমি আমার পাশে এসে দাঁড়াবে
আর বলবে, "ঘর! মাটির ঘর!"।
যখন শৈশবে আমার মাথা জুড়ে ছিল একটি স্কুলঘর,
ঠিক এভাবেই বিছানায় শুয়ে ফিসফিসিয়ে
একটানা বলে চলতাম, "ঘর! মাটির ঘর!"
কারণ দুজনে মিলে এ ঘর গড়ার সময়
তুমি পাশেই দাঁড়িয়ে ছিলে,
আমার পাশে ছিলে মায়ের মতো।
আর, আমার সকল গরল
আমাকে ভুলিয়েছে তোমার নাম।
হে শ্যামাঙ্গিনী,
হে বেণী, হে প্রথম ভারতীয় প্রেম,
তোমার নাম দিলাম "ধাবমান কবিতা"
কারণ তুমি আজও এত স্থির যে
তোমাকে অনুভবের অনুভূতি
পালক দিয়ে কোন জেলখানার
পলক খোলার মতোই।


ভ্লাদিমির মায়াকোভ্স্কি

হে বজ্রবর্ষী ও ঘূর্ণী
শোনিত আর গোলাপের পতাকার,
কাব্যরুটির খামিরমন্থী,
স্বাধীনতা আর বীরত্বগাথার মৃত্যুহীন সহযোদ্ধা,
তোমারই আত্মঘাতী জীবনটাকে
হাপরের মতো বয়ে চলেছি আমি;
তোমারই তো প্রথম পদার্পণ
এই শতকের সড়কে।
হ্যা, তুমিই তো প্রথম গেয়ে উঠেছিলে
সহস্র গতকালের শৃঙ্খলে বাঁধা অণু
আর জঞ্জালের বস্তি পেরিয়ে;
তুমিই তো স্থূল মিথ্যার মুখ থেকে
মুছে দিয়েছ ইতিহাসের ঝোল,
হে বিপ্লবের সেবক।
এত লোকের মাঝে
নিরপেক্ষতা আর অনিহার ফ্যাকাশে ঠোঁটে
তুমিই তো চালিয়েছ সাঁড়াশি আক্রমণ;
কাপুরুষোচিত বিনাশের পেরেক হয়ে নয়,
সমরূপী হয়ে নয়, ভর আর শক্তির
ক্ষেপন ও গতিবেগ হয়ে ঘোষণা করেছ
কুঁড়েঘর থেকে মুক্তি পাওয়া
মানবতার সুউচ্চ মিনারদের কথা।
রুশ তুমি ইংরেজ কম মার্কিন বেশি।
হে বিশ্রামনাশী,
তুমি সমতা এনেছ প্রবঞ্চনা
আর ধর্মীয় অসম বচনে।
তোমার মগজ থেকে এতবার বুলেট তুলেছি যে
শত সশস্ত্র সংগ্রামের খোরাক যোগাতে পারি
তোমার স্বপ্ন দিয়েই।

শ্রমিকের কবিতা

তোমরা যারা ভুরু কুঁচকেছো
বিজলী বাতির উজালা পথে,
তারা এসো, বসো আমার
হাপরের হাবিয়ায় পোড়া মুখের পাশে।

তোমরা যারা বড় আনমনা,
উদাস দৃষ্টি শূণ্যে ছড়ানো,
কিছু না পাওয়ার ব্যাকুল বাসনা,
দেহের বেহালা ভেঙে চুরমার,
টাকার মরকে খানখান হওয়া হিয়ার হীরক,
তারা এসো, বসো আমার
শীতে চৌচির পলেস্তারায়, আমার কামরায়
যা এই বিশাল খাঁচার অঙ্গ
যেখানে মুক্ত বিহঙ্গ
ডানা দুমড়ায় রোদে আছাড় খেয়ে
আর সন্দেহ সেঁকে রাস্তার ভাঙা সুকতলায়।