সোচিপিয়্যি এরনান্দেস: গুণ
সোচিপিয়্যি এরনান্দেস মেক্সিকোর তরুণ কবি। জন্ম ১৯৯৫ সালে মেক্সিকোর তামাসুনচালে অঞ্চলে। তিনি মেক্সিকোর জাতীয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়(UNAM) হিস্পানিক ভাষা ও সাহিত্যের ছাত্রী। তার কবিতা মেক্সিকো এবং লাতিন আমেরিকার বিভিন্ন ম্যাগাজিন, যেমন তাইয়্যের ইগুটির (Taller Igitur), প্রিমেরা পাহিনা (Primera Pagina), লিবেরোআমেরিকা (Liberoaaamerica) প্রভৃতিতে প্রকাশিত হয়েছে। এছাড়া মেট্রোপলিটান স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় সম্পাদিত কাব্য সংকলন "Basta, cien mujeres contra la violencia de genero"-এ তার কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। তিনি রেবিস্তা লিতেরারিয়া দেলিরিও পত্রিকার সম্পাদক এবং মেক্সিকোর সাহিত্য পরিয়দের সদস্য। উপরের কবিতাটি স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন লেওপোল্দো ওরোস্কো। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছেন কামরুল হাসান।
গুণ (Virtud )
মাছির অভ্যন্তরীণ জীবনের জন্য আমি ব্যাথা বোধ করি।
তার হিসিহিস ফিসফাস নৈর্ব্যক্তিক।
তা কখনোই পৌঁছায়নি মিউমিউ, আর্তনাদ বা প্রতিভূ কম্পনের ধাঁচে।
সে কেবল তার অবাধ ভাগ্যের গুঞ্জরণ তোলে।
আর সে, যখন তার অবান্তর রাজ্যপাটের পথ অনুসরণ করে
যা আমার জন্য রুদ্ধ,
টলটলায়মান জীবনের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়ায়।
মাছিটির ভেতরের জীবন খুব হতাশার,
তার নীরবতার অর্থোদ্ধারে আমি অক্ষম
( কিন্ত আমি জানি নীরবতা একপ্রকার মরণ )।
মানবতার বিরুদ্ধে আমার আকাঙ্ক্ষা সংঘাতময়:
মাংসের কাবাব-চিবোনো আমার মুখের কাছে কখনো নয়,
মেঝে থেকে কখনো তোলা হয়নি একচুমুক মদ।
মাছিটির সারল্যের ভিতর কী পরিমান দয়া!
আর মাছিটি উদারনৈতিক পথে উড়ে যায়,
যে পথ আমার অচেনা,
সন্দেহাতীতভাবে সে সাহসী, তার পা ভূমি থেকে তোলা।
তার মৃত্যুর শ্লোগানে কী বীরত্ব গাঁথা,
তার হেলিকপ্টারের মতো চক্করে কতটা সাহস:
সহজ শিকার।
মাছিটির ক্ষুদ্র কথা জীবনের সততার সংগীত,
পঁচে যাওয়ার ছন্দের প্রতি,
ভোগবিলাসের অপচয়ের প্রতি,
সংঘাতময় পুনর্জন্মের প্রতি
খুব-সুক্ষ্ম-নয় এমন ক্ষুধা প্রদর্শনের প্রতি।
মাছিটি এ জগতের প্রাণী নয়,
তার রয়েছে ভিন্নতর মতামত,
ভিন্ন অলঙ্কার আর ভিন্ন কঙ্কন,
ভিন্নতর উপলব্ধি,
এক ভিন্ন কমনীয়তা।
তবে আমরা নীরব থাকতে পছন্দ করি।
সবর্দাই নীরব থাকতে।
