২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফাবিয়ান এসপেহেলের কবিতা: আঙুরলতা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 21 Oct 2020, 10:58 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


কবি ও অনুবাদক ফাবিয়ান এসপেজেল ১৯৯৫ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি উনাম বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ভাষাতত্ত্ব বিভাগে হিস্পানিক ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তার কবিতা অনেকগুলো মেক্সিকান ও লাতিন আমেরিকান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে মেক্সিকোর প্যারা লাস লেটারস ফাউন্ডেশন থেকে কবিতা বিষয়ে বৃত্তি পাচ্ছেন। স্প্যানিশ থেকে কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছেন কবি নিজেই। সে থেকে বাংলা রূপান্তর করেছেন কামরুল হাসান।
Fabián Espejel (Mexico City, 1995). Poet and translator. He studied Hispanic Literature at the Faculty of Philosophy and Letters, UNAM, and has published in several Mexican and Latin American magazines and literary supplements. He is currently a recipient of the Poetry fellowship from Fundación para las Letras Mexicanas.

মূল: ফাবিয়ান এসপেহেল
বাংলা তর্জমা: কামরুল হাসান

আঙুরলতা (LA ENREDADERA)

ভালোবাসা আঙুরলতার মতো
একটি সবুজ জাদুর মতো
বন্দী করে রাখছে
সবগুলো দিন
বদলে দিচ্ছে আমাদের মন
বিকেলবেলা সম্পর্কে, যেন সবগুলো মিলে একটিই বিকেল
যখন প্রতিবার সূর্য ডুবে যায়
মনে হয় ভালোবাসা মানে হলো সুখী হওয়া
এত সুখী
যেন ভক্তির পরেই
জীবনযাপন
ভালোবাসা হলো রাত্রিতে শব্দ করা
সহস্র ঠোঁট
কাঁধের উপর
চুমুর এক নক্ষত্রমণ্ডল
বড়ো হচ্ছে
ঢেকে দিচ্ছে
আমাদের সকল নিয়তি
এক সবুজ আবহাওয়ামণ্ডলের মতো
জীবনের মুখ ভরা
দালানকোঠা, আগ্নেয়গিরি ও ছেঁড়াকাথা
গাছপালা, আনন্দ ও বেকারত্ব দিয়ে
যার নিচে একটি মিষ্টি আলোর শিখা
আমাদের মুখের উপর
দুলছে আর গলে গলে পড়ছে।

ভালোবাসা জলন্ত মোমের এক প্রতিশ্রুতির মতো
সংবিধান সংশোধনীর মতো
আর আমাদের ক্ষুধার্ত পেটগুলো
জানালার পিছনে
একটি কালো চাকুর চাহনি থেকে
আমাদের তাড়া করে ফিরছে
যেন আমাদের নাম
ওর হাতলে খোদিত
প্রিয়তমা
প্রিয়তমা তুমি কি আমকে শুনতে পাচ্ছ?
ভালোবাসা আঙুরলতার মতো
সবচেয়ে সবুজ জন্তুটি
ছায়ার ভেতর
তার নরম কাঁটাগুলো দেখাচ্ছে
আমাদের গিলে ফেলছে আর জাগিয়ে তুলছে কাম
যেন এক মন্ত্রমুগ্ধকর মহামারী।