জাপানি কবিতা
পাইন গাছ, হাসেগাওয়া তোহাকু, ১৫৯৩
সম্রাট্ গোতোবা (১১৮০-১২৩৯)
তানকা
যখন তাকাই, দূর
ধোঁয়াশে পাহাড়ি ঢাল,
মিনোসে নদী—
কেন ভাবি, হেমন্তেই
সন্ধ্যারা সুন্দর?
বাশো মাৎসুয়ো (১৬৪৪-১৬৯৪)
হাইকু
১
পুরাতন দিঘি
হঠাৎ একটা ব্যাঙের ঝাঁপ,
জলীয় আওয়াজ।
২
বসন্ত-বৃষ্টির
জল জমিয়ে সুন্দরী
মোগামি নদী।
৩
আকাশে রাকা
নোতুন চাঁদ, মাটিতে ম্লান
শুভ্র যবের শিষ।
৪
ফুজি-র সুবাতাস
একটা পাখায় ভ'রে দিই।
এ-ই, এদো-র স্মারক।
(এদো: তোকিয়োর প্রাচীন নাম)
৫
ঘোড়ার পিঠে ঘুম,
দূর চাঁদ স্বপ্নের প্রলম্বন,
গরম চা-র ধোঁয়া।
৬
বসন্ত পালায়।
পাখিদের কান্নায়, যত
মাছের চোখে জল।
৭
কী যে সৌভাগ্য!
দক্ষিণের উপত্যকায়
সুগন্ধ তুষার!
৮
হেমন্তের হাওয়া
সাদা, ঐ দূর পর্বতের
পাথরের চেয়ে।
৯
বুনো শুয়োরও
আর-যতকিছুর সাথে
উড়েছে ঝড়ে।
১০
বাঁকা চাঁদ আলো
ঢালে কুয়াশায়, আহা
গোধূমের শিষ!
ওনিৎসুরা (১৬৬১-১৭৩৮)
হাইকু
কেউ কি আছে কই
হাতে যার নেই কো কলম?
আহ্! আজ রাতের চাঁদ!
বুশন ইয়োসা (১৭১৬-১৭৮৩)
হাইকু
১
বসন্ত-বর্ষণ
নামহীন সামান্য নির্ঝর,
সে-ও ভয়ঙ্কর।
২
কাঁপছে পবন।
এক নাম-না-জানা পোকার
সাদা উড্ডয়ন।
৩
জমি চষার পর
গায়েব হ'য়ে গেছে এক
অচল অনড় মেঘ।
৪
ভাসছে এক ঘুড়ি।
আকাশের এই জায়গাতেই
ভেসেছিল কাল।
৫
বসন্ত সন্ধ্যা।
মিইয়ে-আসা ধূপধুনায়
মিশিয়ে নিলাম।
৬
ছোট্ট গ্রীষ্ম রাত।
এক রোমশ শুঁয়াপোকার
পিঠে এক শিশির।
৭
চার-পাঁচজন নাচে।
তাদের উপরে চাঁদটি
খ'শে পড়তে চায়।
৮
এই পানকৌড়িটি:
দুর্গের থেকে বেরিয়ে
আসছে একটি দীপ।
ইসা (১৭৬৩-১৮২৮)
হাইকু
১
(একমাত্র পুত্রের মৃত্যুর পর লিখিত)
শিশিরের জগৎ
শিশিরের জগৎ, তবু,
এবং তবুও।
২
তোমার তরেও,
শামাপোকা, দীর্ঘ রাত,
নিঃসঙ্গ নির্জন।
শিকি মাসাওকা (১৮৬৭-১৯০২)
হাইকু
১
পারঘাটাতে এক
ছোট্ট বেড়ার ঘের, সেথায়
তুলার ফুলের মেল।
২
কী যে চমৎকার!
বৃষ্টিতে ছোট্ট কাঁকড়া
চড়ছে ঝাউগাছে।
৩
অপস্রিয়মাণ
ট্রেনের পিছনে ধোঁয়া।
নবীন কিশলয়।
৪
এমনকি চাঁদকে
দেখা যাচ্ছে না মোটে:
বিরাট্ বিরাট্ ঢেউ।
হোশি সাইগিয়ো (১১১৮-১১৯০)
তানকা
১
নিস্তব্ধ নিজ্ঝুম
মফস্সলের বিকেলে
চোখে প'ড়ে যায়:
পতঙ্গের ভেঙে যায় ঘুম
মন্দিরের দোদুল ঘণ্টায়।
২
তবে কি এই চাঁদ
আমায় কাঁদাল সে, আর
ভরল শোচনায়?
মুখটা তুলে দেখি, আহ্!
অশ্রু! অপরূপ অশ্রু!
(ইংরেজি থেকে অনুবাদ)
AG210022@ncr.com
