২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্জিনিয়ার এক ক্রীতদাসী মায়ের বিদায়

নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

Published : 05 Oct 2020, 09:54 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

আমেরিকান দাস-ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যাওয়া কন্যাদের প্রতি
ভার্জিনিয়ার এক ক্রীতদাসী মায়ের
বিদায়

অনূদিত কবিতাটির রচয়িতা জন গ্রিনলিফ হুইটিয়ার (১৮০৭-১৮৯২) মার্কিন যুক্তরাষ্ট্রের হেভারহিল, ম্যাসাচুসেটস নামক স্থানে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মের একটি বিশেষ ধারার অনুসারী হওয়ায় কেউ কেউ তাঁর নামের পাশে 'কোয়েকার কবি' কথাটি জুড়ে দেন। এছাড়াও অনেকে তাঁকে বৈঠকখানার কবি (Fireside Poet) বলে থাকেন। তখনকার দিনে 'বৈঠকখানার কবি' হিসাবে তাদেরকেই বলা হতো যাদের রচনার ভাষাশৈলী আর বিষয়বস্তু এমনই যে পরিবারের সকল বয়সের সদস্যরা একসাথে পারিবারিক সান্ধ্য আড্ডায় বৈঠকখানার উনুনের ধারে বসে উপভোগ করতে পারে। কৃষ্ণাঙ্গ দাসত্ববিরোধী নেতা ফ্রেডরিক ডগলাস অবশ্য হুইটিয়ারকে "দাসদের কবি" (The Slave's Poet) হিসাবে অভিহিত করেছেন। কবি জন গ্রিনলিফ হুইটিয়ার বরাবরই ছিলেন দাসপ্রথাবিরোধী। বিভিন্ন লেখায় তাঁর এই মতাদর্শের স্পষ্টতা লক্ষ্য করা যায়। অনূদিত কবিতাটি মোট ৬টি স্তবকে বিভক্ত। প্রতিটি স্তবকে রয়েছে ১২টি করে পঙক্তি। অর্থাৎ কবিতায় মোট পঙক্তির সংখ্যা ৭২। কবিতাটির গঠনশৈলীতে একটি বিশেষত্ব রয়েছে। প্রথম স্তবকের অন্তর্গত প্রথম ২টি এবং শেষের ৪টি পঙক্তি স্থায়ীভাবে ব্যবহৃত হয়েছে বাকি ৫টি স্তবকেও – অনেকটা গানের মতো। কবিতাটি কিছুটা লোকগীতির আদলে লেখা। মূল কবিতার ভাষায় তৎকালীন কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের বাচনভঙ্গি ব্যবহার করা হয়েছে। কবিতার শিরোনামও ব্যতিক্রমী। প্রথাগত শিরোনামের তুলনায় বেশ দীর্ঘ, যদিও অনুবাদের সময় শিরোনামের দৈর্ঘ্য কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। মার্কিন দাস-মালিকেরা প্রায়শই একটা নির্দিষ্ট বয়সের পর দাস-শিশুদের তাদের মায়ের কাছ থেকে আলাদা করে দিত। কখনো কখনো তাদের স্থান একই মালিকের অন্য কোন আবাদে হলেও বেশিরভাগ সময়ই তাদেরকে অন্যত্র বিক্রি করে দেয়া হতো। ক্রীতদাস জীবনের এই অবধারিত বিচ্ছেদের স্মৃতি মায়ের মনে আমরণ যন্ত্রণার কারণ হয়ে থাকতো। কৃষ্ণাঙ্গ দাসত্ববিরোধী নেতা ফ্রেডরিক ডগলাসের আত্মজীবনীমূলক বই (Narrative of the Life of Frederick Douglass: An American Slave) এর অষ্টম অধ্যায়ে এই কবিতার প্রথম স্তবকের উদ্বৃতি আছে। নিজের সন্তানহারা মাতামহীর দুঃখ বর্ণনা করতে গিয়ে ডগলাস এই কবিতার প্রথম স্তবকটি ব্যবহার করেছেন। বিভিন্ন কারণেই এই কবিতাটি সাহিত্য জগতে একটি বিশেষ স্থান করে নিয়েছে।

মূল: জন গ্রিনলিফ হুইটিয়ার
অনুবাদ: নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা।
সপাং সপাং চাবুক যেথায় পড়ে অবিরাম,
বিছার হুলের মরণবিষে ছোটে যে কালঘাম;
চক্ষু রাঙায় পান্ডুর রোদ – পোড়ে চারিপাশ,
ভ্যাপসা গরম, গুমোট হাওয়ায় ওঠে নাভিশ্বাস;
জ্বরের দানব যেথায় ছড়ায় গরল অহর্নিশ,
নিশির শিশির টুপটাপ তাই ঝরায় তরল বিষ।
চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা;
ভার্জিনিয়ার পাহাড়ে আর উচ্ছলা ঝর্ণায়,
হায়রে আমার লুণ্ঠিতা সব দুহিতারা, হায়!

চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা।
দুঃখী মায়ের সজল আঁখি দেখতে তাদের পায় না,
সন্ততিদের কান্নার রোল মায়ের কানে যায় না;
পাষাণ মনিব কথায় কথায় চাবুক চালায় গায়ে,
রক্তে ভেজা শরীর তাদের, দগদগে পিঠ ঘায়ে;
মায়ের আদর-ভালবাসা সেথায় কি আর পাবে?
ব্যাথায় কাতর গায়ে কি মা স্নেহের পরশ দেবে?
চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা;
ভার্জিনিয়ার পাহাড়ে আর উচ্ছলা ঝর্ণায়,
হায়রে আমার লুণ্ঠিতা সব দুহিতারা, হায়!

চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা।
দিনের আলো নিভিয়ে যখন সূর্য নামে পাটে,
ক্লান্ত পায়ে, ক্লিষ্ট মনে বাড়ির পথে হাঁটে;
পরিশ্রমে শরীর অবশ, পা টনটন করে,
শ্রান্ত দেহে ফিরে আসে ধূসর, মলিন ঘরে;
ভাইয়ের সাথে খুনসুটি নেই ঘরে ফিরে এসে,
কেউ ডাকে না বাবার মতো এমন ভালবেসে;
চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা;
ভার্জিনিয়ার পাহাড়ে আর উচ্ছলা ঝর্ণায়,
হায়রে আমার লুণ্ঠিতা সব দুহিতারা, হায়!

চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা।
গাছের ছায়ায় মনের সুখে করত কত খেলা,
সে সব ছেড়ে বহু দূরে কাটবে ছেলেবেলা;
আঁজলা ভরে পানি খেত ঝর্ণাধারা থেকে,
পাহাড়ঘেরা নদী যেথায় চলে এঁকেবেঁকে;
গীর্জাঘরের শান্ত-শীতল বাতাবরণ ছেড়ে,
ধর্মকথা, হিতোপদেশ- সব পেছনে ফেলে
চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা;
ভার্জিনিয়ার পাহাড়ে আর উচ্ছলা ঝর্ণায়,
হায়রে আমার লুণ্ঠিতা সব দুহিতারা, হায়!

চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা।
হাড়ভাঙা খাটুনি খেটে সারা দিনের পরে,
কামুক পশুর হিংস্র থাবায় গুমরে তারা মরে;
আরো আগেই মরণ এলে কী-বা ক্ষতি হত?
শান্ত হয়ে পাশাপাশি কবরে ঘুমাত;
অত্যাচারীর নাগাল থেকে থাকত বহু দূরে,
লোহার বেড়ির কঠিন বাঁধন থাকত না পা জুড়ে;
চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা;
ভার্জিনিয়ার পাহাড়ে আর উচ্ছলা ঝর্ণায়,
হায়রে আমার লুণ্ঠিতা সব দুহিতারা, হায়!

চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা।
যিনি সবার লালন করেন পরম মমতায়,
রক্ষা করেন তৃণ-লতাও আপন মহিমায়;
তিনি রাখেন আদ্যোপান্ত সবার সকল খোঁজ,
তিনিই জানেন অগোচরে কত পাপ হয় রোজ;
মায়ের স্নেহের চেয়েও গভীর যার ভালবাসা,
তাঁর ভরসায় বেড়ে উঠুক তাদের স্বপ্ন-আশা;
চলে গেছে অনেক দূরে, বিকিয়ে গেছে তারা,
জনবিহীন এঁদো পাঁকে আমার দুহিতারা;
ভার্জিনিয়ার পাহাড়ে আর উচ্ছলা ঝর্ণায়,
হায়রে আমার লুণ্ঠিতা সব দুহিতারা, হায়!