কাইফি আজমি’র কবিতা
রূপান্তর:সৈয়দ তারিক
আসল নাম আতহার হুসেইন রিজভি হলেও তার পরিচিতি কাইফি আজমি নামে। উর্দু ভাষার কবি ও গীতিকার তিনি। ভারতের উত্তর প্রদেশের আজমগর জেলায় এক শিয়া পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে।
এগার বছর বয়সে তিনি প্রথম গজল লেখেন। গানটি লিখে এক মুশায়েরা সভায় সেটি আবৃত্তি করেন। অনুষ্ঠানের সভাপতি এর খুব তারিফ করেন। কিন্তু উপস্থিত বেশিরভাগ লোকে — তার পিতা সমেত — সন্দেহ করেন যে এটা হয়তো তার বড় ভাইয়ের লেখা, সে নিজের নামে চালিয়েছে। কিন্তু তার বড় ভাই জানালেন যে ওটা তার লেখা নয়। তখন তার বাবা ঠিক করলেন ছেলের গজল প্রতিভার পরীক্ষা নেবেন তিনি। একটি শেরের এক পংক্তি লিখে দেওয়া হলো তাকে যেন সে ওই পংক্তির সাথে মিল রেখে একই ছন্দ-মাত্রায় একটি গজল রচনা করে দেখায়। তিনি চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং গজলটি রচনা করলেন। ক্রমে গজলটি খুব বিখ্যাত হয়ে ওঠে ও প্রখ্যাত শিল্পী
বেগম আখতার সেটি গেয়ে ওটিকে অমরত্ব দান করেন।
তিনি ফারসি ও উর্দু সাহিত্য বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করছিলেন। কিন্তু ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলন শুরু হলে তিনি পড়াশোনা বন্ধ করে দেন। এরপর তিনি একজন ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। সার্বক্ষণিক মার্কসবাদী রাজনীতিক হয়ে ওঠেন। লখনৌয়ের প্রগতিশীল লেখকগণ তার প্রতি মনোযোগী হন ও তার নেতৃত্বগুণের তারিফ করেন। একজন উদীয়মান কবি হিসাবে তাকে তারা উৎসাহ জোগান। ক্রমে তিনি কবি হিসাবে ব্যাপক স্বীকৃতি পান ও ভারতের প্রগতি লেখক সংঘের সদস্য হন। চব্বিশ বছর বয়সে কানপুরে বস্ত্র কারখানা এলাকায় তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। সার্বক্ষণিক কর্মী হিসাবে জীবনের সকল আরাম-আয়েস পরিত্যাগ করেন তিনি, যদিও তিনি একজন জমিদারপুত্র ছিলেন।
এরপর তিনি পার্টির আদেশে মুম্বাই গমন করেন। এ সময় তিনি আলি সরদার জাফরি সম্পাদিত দলীয় পত্রিকা কাওমি জং-এ যোগ দেন। অন্যান্য উর্দু কবিদের মতই কাইফি আজমি গজল দিয়ে কাব্যচর্চা শুরু করেন, যার প্রধান বিষয় প্রেম। ধীরে ধীরে সামাজিক সচেতনতামূলক কবিতা রচনা করতে থাকেন। তার প্রথম কাব্য 'ঝংকার' প্রকাশিত হয় ১৯৪৩ সালে। তার গ্রন্থাবলির মধ্যে আখির-ই-সাব, শারমায়া, আওয়ারা সাজদে, কৈফিয়াত, নঈ গুলিস্তাঁ প্রভৃতি উল্লেখযোগ্য। ১৯৫২ সালে গীতিকার হিসেবে মুম্বাই চলচ্চিত্রে কাজ আরম্ভ করেন। ভারতীয় চলচ্চিত্রে উর্দু সাহিত্য সংযোজনের কৃতিত্ব তাকে দেওয়া হয়। অনেক মুশায়েরা বা কবিসভায় অংশগ্রহণ করেন তিনি। নারী অধিকারের পক্ষে ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তাঁর কলম সবসময় গতিমান ছিল।
খাজা আহমদ আব্বাস, বিমল রায় প্রমুখ চলচ্চিত্রকার সিনেমার ধারায় নতুনত্ব আনতে চাইলেন। সাহির লুধিয়ানভি, জাঁ নিসার আখতার, মাজরুহ সুলতানপুরী ও কাইফি আজমির মতো গীতিকার হিন্দি ছবির গানের ধারায় তরতাজা পরিবর্তন আনলেন যা অনেক বছর টিকে ছিল। গান ছাড়াও সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন তিনি। ১৯৭০ সালের ছবি 'হির রানঝা' র পুরো সংলাপ তিনি পদ্যে রচনা করেন। এটির সাফল্য ছিল বিস্ময়কর। ইসমত চুঘতাইয়ের কাহিনি অবলম্বনে 'গরম হাওয়া' (১৯৭৩) ছবির চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেন তিনি। এই ছবি তার ব্যাপক সুনাম ও পুরস্কার এনে দেয়। শ্যাম বেনেগালের একটি ছবিরও তিনি সংলাপ রচনা করেন।
তিনি জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কার, পদ্মশ্রী পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন। আফ্রো এশীয় রাইটার্স লোটাস পুরস্কার, সোভিয়েত ল্যান্ড পুরস্কার, মহারাষ্ট্র গৌরব ও আরও অনেক। সাহিত্য একাডেমি পুরস্কার পান ১৯৮০ সালে।এছাড়া তাকে ২০০২ খ্রিষ্টাব্দে সাহিত্য একাডেমি ফেলোশিপ (২০০২) প্রদান করা হয়। এর আগে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৪৭ সালে তিনি শওকত আজমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান। একজন হলেন বিখ্যাত অভিনেত্রী ও নারীবাদী নেত্রী শাবানা আজমি। শাবানার স্বামী জাভেদ আখতারও একজন গীতিকবি। পুত্র বাবা আজমি একজন চিত্রগ্রাহক।
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে কাইফি আজমি 'শিরোনাম বাংলাদেশ' নামে একটি কবিতা রচনা করেন। আমার জানা মতে কবি সিদ্ধেশ্বর সেন এটি অনুবাদ করেন। কবিতাটি এমন :
"শুধু তো একটি দেশ নই যে জ্বালিয়ে দেবে প্রাচীর তো নই একেবারে ভেঙে ফেলবে সীমান্ত নই যে মুছে ফেলবে পুরোপুরি। টেবিলে সারা জাহানের যেই তুমি বিছিয়ে রেখেছ পুরনো নকশা, যেখানে অর্থহীন কিছু রেখা ছাড়া আর কিছু নাই। তুমি আমাকে কোথায় খুঁজছ সেই মানচিত্রে। আমি তো পাগলপারা মানুষের মনে এক দারুণ বাসনা। দুর্জয় দলিতের স্বপ্ন লুণ্ঠন যখন সকল সীমা ছাড়িয়ে যায় অত্যাচার যখন সহ্য অতিক্রম করে তখন হঠাৎ কোনও এক কোণে আমি দৃশ্যমান হই কোনো একটি হৃদয় থেকে উৎসারিত হই। এর আগেও তুমি দেখেছ আমাকে প্রাচ্যে নতুবা কখন পাশ্চাত্যে শহরে অথবা কোন গ্রামে বস্তিতে নতুবা কোনো জঙ্গলে দেখে থাকবে যার কোনও ভৌগোলিক সীমারেখা নেই ইতিহাস তো একটি এমন বিষয় যা থেকে কেউ শিক্ষা নেয় না আড়ালে মানুষ বসে থাকে ঠিকই আমি বিজয়ী মাঝে মাঝে হয়েছি পরাজিত হত্যাকারীদের ফাঁসিতে চড়িয়েছি আবার কখনও নিজেই শূলে চড়েছি শুধু এইটুকু পার্থক্য ঘাতকেরা যেই হোক অবশ্যই মারা পড়বে আমি মরতে পারি না, আমার মৃত্যু নেই তুমি কতই নির্বোধ খয়রাতে সংগৃহীত ট্যাংক নিয়ে আমার দিকে ছুটে আসছো দিনরাত অবিরাম নাপাম বোমা নিক্ষেপ করছ দেখো একদিন তুমি ক্লান্ত হয়ে পড়বে আমার কোনও হাতে শৃঙ্খল পরাবে তুমি আমার হাত তো আছে সাত কোটি ঘাড় থেকে কয়টি মাথা বিচ্ছিন্ন করবে।'
কাইফি আজমি ২০০২ সালে লোকান্তরিত হন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে '৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা ও অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বিদেশি বন্ধুদের 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত কাইফি আজমি। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার কন্যা শাবানা আজমি।
তথ্যসূত্র : উইকিপিডিয়া ও অন্যান্য
১
জমিন বিভাজিত হয়েছে,
জীবন হয়েছে ছিন্নভিন্ন ;
ঝড় উঠেছে প্রতিটা হৃদয়ে,
একই রকম ব্যাপার
এদিকে আর ওইদিকে।
সবার বাড়িতে চিতাকাঠের স্তূপ;
আগুনের শিখা আরও উপরে উঠেছে;
প্রতিটা শহর জনহীন হয়ে পড়েছে;
একই রকম ব্যাপার
এদিকে আর ওইদিকে।
গীতাও শুনছে না কেউ,
কোরানও না;
বিশ্বাস তার সব তাৎপর্য হারিয়েছে,
একই রকম ব্যাপার
এদিকে আর ওইদিকে।
দূর থেকে যারা ঝড়কে দেখে,
কোনো পার্থক্য দেখে না তারা
এদিকে আর ওইদিকে।
স্রোতধারায় এসে মেলো,
এর অংশ হয়ে যাও;
সময়ের ডাক এটা —
এদিকে আর ওইদিকে।
[বিখ্যাত ভারতীয় সিনেমা 'গরম হাওয়া' (১৯৭৩) ছবিটি শুরু হয় কাইফি আজমির স্বকণ্ঠে কবিতাপাঠ দিয়ে। মূল ভাষায় কবিতার প্রথম পংক্তি ছিল 'তাকসিম হুয়া মুলক তো দিল হো গ্যায়ে তুকদে।' সেই কবিতাটিরই রূপান্তর উপরের কবিতাটি।]
২
সুন্দর এই চোখদুটোয় যখনই চুমু খাই আমি,
অন্ধকারে একশ প্রদীপ ঝলমল করে জ্বলে ওঠে।
ফুল বলো, কুঁড়ি বলো, চাঁদ বলো, তারা বলো–
আমার সকল প্রতিদ্বন্দ্বী তোমার পায়ে সেজদা দেয়।
অজন্তার মূর্তিগুলো নেচে ওঠে
যখন দীর্ঘকাল রুদ্ধ গুহামুখের ওষ্ঠাধর গান গাইতে শুরু করে।
শুকনো বিস্রস্ত বাগানে ফুল ফুটতে শুরু করে,
তৃষ্ণার্ত পৃথিবীর উপরে মেঘ জমতে শুরু করে।
ক্ষণকাল জগৎ নিষ্ঠুরতা হারায়,
ক্ষণকাল পাথরগুলো হাসতে শুরু করে।
৩
যাকে আমরা জীবন বলি তা কিছু মুহূর্তের সমাহার ছাড়া আর কিছু নয়,
আর তাদের মধ্যে সেই একটি মুহূর্ত
যখন একজোড়া প্রকাশোন্মুখ চোখ
চায়ের কাপ হতে ওপরে তাকায়
আর হৃদয়ে ডুবে যায়
ডুবতে ডুবতে বলে,
আজ তোমার চুপ থাকা উচিত
আজ আমিও চুপ রইব।
আসো, আমরা কেবল বসে থাকি
হাতে হাত রেখে
পারস্পরিক দুঃখের উপহার নিয়ে,
আমাদের আবেগের বিনিময়-করে-নেওয়া উত্তাপ নিয়ে।
কে জানে এই মুহূর্তে
দূরের কোনো পর্বতে
তুষার হয়তো গলতে শুরু করেছে।
৪
তুমি সূর্য — মেঘের আড়ালে লুকিও না,
তুমি চাঁদ — জ্যোৎস্না ছড়ানো বন্ধ করো না,
তুমি রঙ্গময়ী — কামনা উৎরিয়ে যেয়ো না,
তুমি বিজলি — ঝলসানি থামিয়ে দিও না।
যেহেতু এখনও প্রেম পরাজয় স্বীকার করে নাই
সেহেতু এখনই প্রেমকে বাদ দিও না।
৫
কারো জন্য উপচে পড়ে সাগর, অন্যদের গ্লাস খালি।
কেমন সময় এটা! কেমন বিষম বাঁটোয়ারা — ওগো সাকি।
এখনও ধারণ করতে পারোনি তুমি তৃষ্ণার্তের স্বভাব,
দেবার ধরন তোমার বদলাতেই হবে — ওগো সাকি।
৬
প্রেমের উদযাপন — আমরা
উল্লাস করব নতুন উপায়ে।
কোনো হৃদয়ে দুঃখ — এই
দুঃখ থাকতে পারবে না।
কম্পমান ঠোঁটে প্রতিশ্রুতি
বিশ্বস্ততার — বলিহারি, আমি বলি?
তোমার অনিশ্চিত পা — দেখ, কোনখানে
নিয়ে গেছে তোমাকে — বলিহারি, আমি বলি?
আমার গৃহে, তোমার মুখমণ্ডল আলোকিত — বলিহারি, আমি বলি?
সবার গৃহে — অবশ্যই আমি একটি করে প্রদীপ জ্বালিয়ে দেব আজ।
আত্মা লজ্জা পায় এটা দেখে যে
ধোঁয়া ঢেকে দিচ্ছে প্রতিটা মুখ।
শরমে জড়িত — আমার ঠোঁটে
হাসি ফুটে ওঠে।
আমাদের মিলনের আনন্দোচ্ছ্বাস
পরিণত হয় পীড়নে।
যদি আমরা হাসতে চাই, তবে আমাদের
অন্যদেরকে হাসতে সহযোগিতা করতে হবে।
তোমার ঘুমঘুমে দুচোখে — পানপাত্র
পানীয় ঢেলে দেয়।
তোমার উন্মনা দৃষ্টি —
ধারণ করে প্রেমের বার্তা।
আমার ঠোঁটে তৃষ্ণা — তোমার ঠোঁট
আমার পুরস্কার।
আমি কি পুরস্কার পাব — নাকি আমাকে
আবার চুরি করতে হবে?
আমার গলাঘিরে তোমার বাহু —
চন্দনের মালা।
একটু আগে এই চোখ অশ্রুসজল ছিল —
এখন নেশাতুর।
আমি কি বলি নাই — বসন্ত প্রবেশ করবে
আমার গৃহেও?
একমাত্র শর্ত — প্রথমে প্রবেশ করবে
তুমি।
৭
আমার জীবন ও শরীর আমি উৎসর্গ করলাম এখন, ও বন্ধুরা…
তোমাদের হাতে তুলে দিচ্ছি স্বদেশ, ও বন্ধুরা…
অনেক ঋতু আছে আরও বেঁচে থাকবার মতো, ও বন্ধুরা…
মৃত্যুর ঋতু তো সব সময় আসে না, ও বন্ধুরা…
সৌন্দর্য আর প্রেম দুটোকেই ফেলে রেখে যাচ্ছি পিছনে…
ওই যৌবনের কী মূল্য আছে, যে রক্তস্নান করে না…
পৃথিবী আজ আমার বধূ হয়েছে, ও বন্ধুরা…
আমার শরীর ও জীবন আমি উৎসর্গ করলাম এখন, ও বন্ধুরা…
৮
দ্বিপদীগুচ্ছ
★
মানুষের অন্তহীন চাহিদার কোনো সীমা নাই;
দুগজ কাফন পেলে সে দুই গজ জমিও দাবি করে।
★
নতুন যে দিগন্ত খুঁজি ওরা আমার নাগালের বাইরে,
যে জগত খুঁজি আমি কখনও তা পাওয়া যাবে না।
★
ঈশ্বরকে খুঁজে না পেলে শোক করার কী আছে?
কিন্তু এখানে এমন একজনকে খুঁজে পাচ্ছি না যে আমার মতো করে কথা বলে।
★
এখানে আমি মুখাবয়বের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি,
তবু তোমার চেহারাকে খুঁজে পাওয়া যাবে না।
★
কোরান-গীতার মতো করে আমার হাতের রেখা পাঠ করেছি,
কয়েকটি রেখার মধ্যে আমার জীবন সীতার মতো বন্দি হয়ে আছে।
★
মুহূর্তকালের জন্য পৃথিবী অপরাধকর্ম পরিত্যাগ করে,
মুহূর্তকালের জন্য এমনকি পাথরও হাসতে শুরু করে।
★
আমার উপাসনার আবেগ দেখে লোকজন ক্ষুব্ধ হয়ে উঠল,
শুনেছি মন্দিরগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে।
★
একবার মাস্টারমশাইরা প্রশংসা করল, তারাও করেছিল;
আমি কবিতা লেখা ছেড়ে দেবার পর আমার কবিতা প্রশংসা পেল।
★
একটি প্রদীপ তবু আছে : আশা তার নাম;
অবিরাম জ্বলে যায়, ঝলমল করে…
★
৯
জানে কেয়া হাল হো
কে জানে কী ঘটে এ হৃদয় জুড়ে যদি তুমি আসো চলে!
অনুভূতি আর নিজের উপর দখল ফেলব হারিয়ে।
চারদিকে শুধু তোমার ছায়াই নজরে আসে।
ভেসে বেড়াচ্ছ সবখানে তুমি সুরভী যেন।
তোমার চমক সইতে পারে না দুচোখ আমার।
মনে হয় যেন চাঁদটাকে আমি এসেছি ছুঁয়ে।
তোমার মোহন চোখ দুখানির ভরসা পেয়ে,
আমার চোখেও তারার ঝলক উঠেছে জেগে।
[এই গজলটা আশা ভোঁসলে গেয়েছেন]
১০
ইয়ে নয়ন ডারে ডারে
[বলিউডের সিনেমার বিখ্যাত গীতিকার কাইফি আজমি। কোহরা (১৯৬৪) ছবির গীতিকার ছিলেন তিনি। ওই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত্ কুমার। হ্যাঁ, বলিউডে কাজ করবার সময় মুখোপাধ্যায় থেকে কুমার হয়ে যেতেন তিনি। ওই ছবিতে কাইফির লেখা 'ইয়ে নয়ন ডারে ডারে' গানটি হেমন্ত সুর করলেন তার নিজের বিখ্যাত 'এই রাত তোমার আমার' গানটির সুরে। ছবিতে গানটি গেয়েছেনও হেমন্ত এবং আলাদাভাবে লতা মুঙ্গেশকর। ওই গানটির কথার ভাবটুকু ভাষান্তর করা যাক। ভাষান্তর করবার সময় সুরটা মাথায় রয়ে গিয়েছিল।]
এই চোখ স্বপ্নে ভরা
এই গ্লাস পূর্ণ করা
ওহ…চুমুক দিতে দাও।
কালকে কী হয় কে তা জানে
এ রাতে সাহস আনি প্রাণে
ওহ… আমায় বাঁচতে দাও।
রাত আর চাঁদ সুন্দর
সবচেয়ে তুমি সুন্দর
তারও চেয়ে বেশি সুন্দর
প্রেম যে তোমার
তুমি জানো না তা।
জীবনের সুখ আছে প্রেমে
সুখেও দুঃখ কিছু নামে
আমি হেরে নত হতে পারি
তুমি পারো না তা।
