একখানা আভাঁ-গার্দ কবিতা ও তার কাহিনি
রচয়িতা:কুর্ট শোয়াইটার্স
তর্জমা:সৈয়দ তারিক
বৃত্তান্ত:
জার্মান ভাষায় An Anna Blume (ইংরাজি অনুবাদে "To Anna Flower" এছাড়াও "To Eve Blossom" নামে অনূদিত) শিরোনামের কবিতাটি লেখেন জার্মান শিল্পী কুর্ট শোয়াইটার্স ১৯১৯ সালে। বলা হয়, এটা প্রেমের কবিতার ব্যাঙ্গানুকরণ। যুগের বিশৃঙ্খলা ও পাগলামির নিদর্শন আছে এটায়। নতুন কাব্যভাষার অগ্রদূতও বলা যায় একে।
ডার স্টুর্ম পত্রিকায় কবিতাটি প্রকাশ পাবার পর শোয়াইটার্স রাতারাতি খ্যাতিমান হয়ে পড়েন। বিভিন্ন খবরের কাগজ ও পত্রিকায় কবিতাটির প্যারোডি প্রকাশ পায়। এটার পক্ষে ও বিপক্ষে জনমত তীব্রভাবে বিভক্ত হয়ে পড়ে।
চিত্রকর্ম:শোয়াইটার্স
ওই সময়টায় ইউরোপের শিল্প-সাহিত্যে দাদাবাদী ভাবধারার আন্দোলন জমজমাট হয়ে উঠছিল। জার্মানির দাদা দলের কখনও আনুষ্ঠানিক সদস্য ছিলেন না শোয়াইটার্স, তবে এই দলের অনেকের সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিল তার, বিশেষত রাউল হাউসম্যান ও হ্যানস আর্পের সাথে। এই কবিতাটি দাদাবাদী শৈলীতেই রচিত। এতে রয়েছে বিবিধ পটভূমি বা পার্সপেক্টিভ, পেয়ে-যাওয়া রচনার ভগ্নাংশ, অসম্ভব-অবাস্তব বিষয় — যেগুলো কবির মানসিক অবস্থা প্রকাশ করছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক অবস্থায় যে বিপর্যয় দেখা দিয়েছিল তার প্রতিফলন আছে এই কবিতায়।
"কবিতার উপাদান হচ্ছে বর্ণ, শব্দ, শব্দাংশ ও বাক্য। এইসবের মিথষ্ক্রিয়া হতে কবিতার উদ্ভব ঘটে। অর্থ কেবল তখনই জরুরি হতে পারে, যখন অর্থ বিষয়টাকে একটি উপাদান হিসেবে প্রয়োগ করা হয়। আমি অর্থহীনতার বিপক্ষে অর্থ নিয়ে বাড়তি খেলা খেলি। আমি অর্থহীনতাকেই পছন্দ করি, তবে সেটা ব্যক্তিগত বিষয়।" –কুর্ট শোয়াইটার্স লেখেন এই কথা।
চমৎকার সঙ্গীতলহরী সহ কবিতাটির প্রচার চলল। হ্যানোভারে কবিতাটি পোস্টারে ছাপিয়ে দেয়ালে-দেয়ালে সেঁটে দেওয়া হলো। ডার স্টু্র্ম পত্রিকায় অবিরাম এই প্রশ্ন আসতে লাগল, 'অ্যানা ব্লুম আসলে কে?' আর এর জবাবে বলে দেওয়া হলো : "আরে গাধা, উনি সময়ের ছবি এঁকেছেন, তিনি নিজেও সেটা জানতেন না। এখন ডেইজি ফুলের পাশে হাঁটু গেড়ে বসে প্রার্থনারত আছেন।"
চিত্রকর্ম:শোয়াইটার্স
সেপ্টেম্বরে কবিতাটি প্রকাশিত হবার পর একজন প্রধান নিরীক্ষাধর্মী কোলাজশিল্পী ও কবি হিসেবে শোয়াইটার্সের খ্যাতি পাকা হয়ে যায়। এর দু মাস আগে বার্লিনের এক গ্যালারিতে তার একক প্রদর্শনী হয়ে গেছে। কবিতাটি এতই বিখ্যাত হলো যে ১৯২২ সালে ইংরেজিতে অনূদিত হলো।
কবিতাটির প্রতিক্রিয়ায় যেন-বা, ১৯২০ সালে বার্লিনে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক দাদা মেলায় রুডলফ শ্লিখটার-এর 'অ্যানা ব্লুমের মৃত্যু' নামক ভাস্কর্য প্রদর্শিত হলো। বার্লিনের দাদা দলের প্রতিষ্ঠাতা রিচার্ড হুয়েলসেনবেক মনে করলেন এই কবিতা বড্ড বেশি রোমান্টিক ও ভাবালু। তিনি লিখলেন, "দাদা খুব জোরালোভাবে ও আদর্শগত কারণে কুর্ট শোয়াইটার্সের বিখ্যাত 'অ্যানা ব্লুম'-এর মতো লেখাকে প্রত্যাখ্যান করে।"
পরে শোয়াইার্স তার অন্যান্য কবিতা ও গল্পের সাথে এই কবিতাটি গ্রন্থভুক্ত করেন।
পুনশ্চ : অ্যানা ব্লুমকে জার্মানবাসী ভুলে যায়নি। বার্লিনে 'ক্যাফে অ্যানা ব্লুম' নামে একটি রেস্তোরাঁ রয়েছে।
চিত্রকর্ম:শোয়াইটার্স
তুমি, ওগো তুমিই, আমার একুশ ইন্দ্রিয়ের প্রিয়তমা, আমি
ভালোবাসি তোমায়, তুমি তোমার, তুই তোর, আমি
তোমার, তুমি আমার — আমাদের?
এটা (ঘটনাক্রমে) এখানে নাই।
তুমি কে, অগণিত নারী?
তুমি হও
–নও কি?–লোকে বলে তুমি হও –তবে
বলুক তারা, তারা তো জানে না কোথায় কী রয়েছে।
পায়ে তুমি টুপি পরেছ।
হাতের উপরে দাঁড়িয়ে আছ।
হাতে হাঁটছ তুমি।
ওগো, তোমার লাল জামা, সাদা কুঁচি দেওয়া
লাল আমি ভালোবাসি, অ্যানা ব্লুম, লাল আমি ভালোবাসি, হ্যাঁ–
তুমি তোমার, তুই তোর, আমি তুমি, তুমি আমি, আমাদের?
ওটা (ঘটনাক্রমে) শীতল অঙ্গারে আছে।
লাল ফুল, লাল অ্যানা ব্লুৃম, লোকেরা কী বলছে?
পুরস্কার জেতার প্রশ্ন :
১. অ্যানা ব্লুমের পাখি আছে
২. অ্যানা ব্লুম লাল
৩. পাখিটার রং কী?
তোমার হলুদ চুলের রং নীল।
তোমার সবুজ পাখির ডাক লাল।
নিত্যদিনের পোশাকপরা সাদাসিধে মেয়ে তুমি।
সবুজ প্রাণী, আমি ভালোবাসি তোমাকে
তুমি তোমার, তুই তোর, আমি তুমি, তুমি আমি, আমাদের?
ওটা (ঘটনাক্রমে) অঙ্গারের বাক্সে আছে।
অ্যানা ব্লুম, অ্যানা, আ্য-না
তোমার নাম ঝরাচ্ছি আমি।
তোমার নাম কোমল চর্বির মতো ঝরছে।
তুমি কি জানো, অ্যানা, তুমি কি জানো এরই মাঝে?
পিছন থেকে সামনে পর্যন্ত তোমাকে পড়া যেতে পারে।
আর তুমি ওদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর প্রাণী,
পিছন থেকে তুমি, যেমন সামনে থেকে তুমি,
»a-n-n-a.«
ঝরা চর্বি আমার পিছনে নরম ছোঁয়া দেয়।
অ্যানা ব্লুম,
তুমি একটা তেলতেলে প্রাণী
আমি ভালোবাসি তোমাকে।
