২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাদিয়া মলদাওস্কির ৭ টি কবিতা

মহসিন রাহুল

Published : 15 Feb 2020, 11:53 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM

অনুবাদ:মহসিন রাহুল

কাদিয়া মলদাওস্কির পরিচয়

হিব্রু ও আরামাইক ছাড়াও ইহুদি ঐতিহ্যের আরেকটি প্রধান ভাষা ঈদিশ ( Yiddish)। ঈদিশ ভাষা লেখা হয় হিব্রু হরফে। হলোকাস্টের আগে পৃথিবীর ১৭ মিলিয়ন ইহুদিদের প্রায় ১৩ মিলিয়নের ভাষা ছিল ঈদিশ। নাৎসী-চালিত হত্যাযজ্ঞে, হলোকাস্টে, যত ইহুদি ধর্মাবলম্বীকে হত্যা করা হয়, তার প্রায় ৮৫ ভাগই ছিলেন ওই ভাষায় কথা বলা লোক।

উক্ত ঈদিশ ভাষার অত্যন্ত কীর্তিত লেখিকা কাদিয়া মলদাওস্কি ( ১৮৯৪ — ১৯৭৫)। কাদিয়ার জন্ম পূর্ব ইউরোপের বেরোজা শহরে ( বর্তমানে বেলারুশ )। ইহুদি ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষক পিতার কাছে তালমুদ ও বাইবেল পড়েন, পিতামহীর কাছে শিক্ষা ঈদিশ ভাষার। অন্য শিক্ষাদীক্ষার মধ্যে দর্শন, ইতিহাস ও ভূগোল পড়েন প্রাইভেট শিক্ষকের তত্ত্বাবধানে। পরবর্তীতে উচ্চতর বিদ্যাগ্রহণ করেন শিক্ষকতা বিষয়ে।

কাদিয়া বাস করেছেন বেরোজা, ওয়ারশো ও কিয়েভ শহরে, এবং সবশেষে মার্কিনদেশে ( নিউইয়র্কে), মধ্যে স্বল্পকাল ইজরায়েলে । প্রধানত কবি , — কিন্তু কবিতা ছাড়াও লিখেছেন উপন্যাস, গল্প, নাটক , সমালোচনা-গদ্য । কবিতাগ্রন্থ ৬ টি। জীবৎকালে ঈদিশ ভাষার প্রায় সব গুরুত্বপূর্ণ সাহিত্যকার্যক্রমের সাথে জড়িত ছিলেন। ছিলেন ঈদিশ ও হিব্রুভাষার শিক্ষক। প্রায় ৩০ বছর ধরে সম্পাদনা করেছেন ঈদিশ ভাষার সাহিত্য-জার্নাল 'Di Svive' । কবিতার জন্য ঈদিশ ভাষার সবচেয়ে গৌরবজনক ইৎসিক মাংগার পুরস্কার পান ১৯৭১ সালে।

কাদিয়া মলদাওস্কি নিয়মিত লিখেছেন ও প্রকাশ করেছেন ১৯২৭ থেকে ১৯৭৪ সাল অবধি। অর্থাৎ, ঈদিশ লেখিকাদের মধ্যে বিরল কয়েকজনের একজন কাদিয়া, যারা জীবনভর লেখালেখির মধ্যে ছিলেন। জাতীয়তা , লৈংগিক স্বভাব, ধর্মপরিচয়ের সমান্তরালে বয়ে চলা সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিবর্তনের সংশ্লেষের সাক্ষ্য রয়েছে কাদিয়ার লেখায় , আছে বিবিধ বিরোধমুখী সুরের মিশ্রণ ( যেমন, রাশিয়ান প্রতিকবাদ, মডার্ন আমেরিকান ও ইউরোপীয় কবিতা, হিব্রু বাইবেল, রাবাই রচনারাশি, ঈদিশ নারীদের প্রার্থনা, সামাজিক প্রতিবাদ সাহিত্য, লোকসাহিত্য) ; সেইসংগে ব্যক্তিতায়, নারীর জীবনের অভিজ্ঞতায় কাদিয়ার কেন্দ্রীয় মনোযোগ গড়ে তুলেছে অভিনব এক কবিতা জগত।

অনূদিত কবিতাগুলি বিষয়ে নোট

কাদিয়া মলদাওস্কির কবিতার ইংরেজি অনুবাদ করেছেন ক্যাথরিন হেলারস্টেইন।
Paper Bridges: Selected Poems of Kadya Molodowsky নামে ১৯৯৯ সালে বইটি ওয়েইন স্টেট ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত । বাংলা অনুবাদগুলি সেই ইংরেজি অনুবাদটি অবলম্বনে করা।
কাদিয়া মলদাওস্কির বাংলা ভাষান্তর সম্ভবত এই প্রথম ।
এখানে অনুবাদিত প্রথম কবিতাত্রয়, 'আরোগ্য-নিবাসের লেখা ',—- মূলে 'ওটভস্ক' ( Otwock) শিরোনামের অধীনে আছে কবিতাগুলি। এখানে অনুবাদ করা হয়েছে ১, ২ এবং ৬ নং কবিতা। 'ওটভস্ক' পোলান্ডের একটা রিসোর্ট। ফুসফুসে সন্দেহজনক কিছু ধরা পড়ায় কয়েকমাস এখানে চিকিৎসার্থে থাকেন কাদিয়া। আমরা তাই শিরোনামটা এমন করলাম।

১৯৪৫ সালে লেখা 'হে প্রভু দয়াময় ' ("Merciful God") কবিতাটি কাদিয়ার বিখ্যাত কবিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনযজ্ঞের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত এই কবিতাটি অনুবাদিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়।

অনুবাদিত বাকি কবিতাগুলোর ইংরেজি শিরোনাম 'The cricket', ' My room, then, is a ship', 'My language' । অনুবাদের পাশে ব্রাকেটে আমরা কবিতাগুলোর প্রকাশকাল উল্লেখ করলাম।

শিশুসাহিত্যেও কাদিয়ার সুখ্যাতি আছে। ভয়াবহ সংক্রামক বিষণ্ণতার আবহের কবিতার সংগে তাঁর সুন্দর একটা ছড়াও ( 'একটা ঝিঁঝিঁ-পোকা', The cricket) আমরা রাখলাম অনুবাদে।

আরোগ্য-নিবাসের লেখা- ১
(১৯২৭)

বিধবার বেশে বাড়িগুলি,
অবহেলে ফেলে গেছে গৃহস্থ লোক।
চারপাশে বেড়া নিচুনিচু, অযথাই,
যেহেতু চোরেরাও নাই,
রাত্রে এসে কে লুটবে সোনাদানা, লেপ বা তোশক।

চিপা রাস্তা, পার্কে যেন
লাশের আংগুল।
আর গাছগুলি, কবরস্তম্ভ কিছু
কারো হৃদয়-লোহুর।

খা খা পথঘাট।
ভীত নীরবতা।
খক খক খক কাশে কেউ
খোলা জানালায়,
মরে টরে যাচ্ছে বোধহয়।

এইহেন তল্লাটে বড় মুসাফির
আমার হৃদয়।
সন্ত্রস্ত আমার রক্ত দ্রুত বয়,—
আমি আসলেই কি এখানে ?
হ্যাঁ, এখানেই, এখানেই, —
বাজে বুকের হাঁপর।

চারদিক , বরফের তলে,
আনোখা, বিরান,
কোনো আল্লার জীব এখানে
ফেলেনি পা,
কস্মিনকালে।

হঠাৎ হঠাৎ শুধু
এক ফেরিওলা ভুতুড়ে চিল্লায়,
"নিবেন কি নারঙগি , নিবেন ?"

কারো একটা হাত বের হয়—-
বহু আগে বিগত সে, ঝরাপাতা,
মিনতিতে ম্লান; বলে,
"একটা আমারে কিনে দেন !"

আরোগ্য-নিবাসের লেখা- ৬
(১৯২৭)

আমি এক উন্মূল, মুসাফির মেয়ে।
আমার মনের অভ্যাস, ভাবে, কী জানি কী নাই ।

দিন এসে খেয়ে ফেলে যখন রাতের শিশির,
আমার জানালা থেকে
ছোট্ট শাদা পর্দাটা একপাশে সরাই
চেয়ে দেখি রাস্তা আনকোরা ।
অন্তরে কুণ্ডলি পাকায়ে থাকে এক কোণে
দুরুদুরু একটাই চিন্তা :
এখানে হয়ত কেউ আমাকে ভালোবাসবে না।
কেউ হয়ত এখানে আমার ব্যাপারে আগ্রহী হবে না।
ওহ, আল্লা তা যেন না হয়।
যেন সারাক্ষণ ভারী মেঘ আশমানে ঝুলমান,
যেন ভয় অকস্মাৎ তুমুল ভাসিয়ে কি দিলো ?
প্রতিটা নতুন শহর, প্রতিটা নতুন স্থান
আমার এরকম লাগে।
এবং জানিনা আমার পেশিতে জমা কতো স্তর রকমারি ।
গাছের যেভাবে,
এক বছর পরে পরে এক বৃদ্ধিচক্র,
আমারও তেমন।
আমি গড়া বৃদ্ধি আর ক্ষয়ের বেঘোর বুনটে।
আমি এক উন্মূল, মুসাফির মেয়ে।
আমার মনের অভ্যাস, ভাবে, কী জানি কী নাই।

আরোগ্য-নিবাসের লেখা-২
(১৯২৭)

এখানে রোগীরা আমরা—
শীতের অরণ্যের
শুভ্রতার উপর হামলে পড়েছি এক ভিড় পঙ্গপাল।
দুর্গন্ধ নিঃশ্বাস ফেলি হা করে,
বদখত বেহালার শব্দ করে আমাদের গলা।
এরপরও কে আর আমাদের চায় ? — গায়ে শাল পেঁচিয়ে রয়েছি, জ্বরজ্বর চোখ।
আমরা কী কামে বা লাগি?
পাইন গাছেরা ডাল উঁচুতে উঁচুতে নিয়ে যায়
আমাদের যাতে ছুঁইতে না হয়,
আমাদের ওরা চায় এড়াতে,
ওরা চায় আমাদের এড়াতে ।
গাছেদের নিচে আমরা করি চিৎকার ,
রক্ত-থুতু ফেলি তাদের সৌগন্ধ শিকড়ে ।
সেকারণে, রাত্রেবেলা গাছদের শাখা দোল খায়
আর বলে , এটি কী বিশাল এক কবরস্থান।
মুমূর্ষুদের নিয়ে করে হাসাহাসি,
নিজেদের স্মৃতির বাক্সো নিঃশেষে উল্টায়।
কত উঁচা লম্বা তারা, স্বাস্থ্যবান গোড়া, আর
বেঁচে থাকে হাজার বছর ।
আমিও এইখানে, একা।
অসুস্থ, গায়ে শাল জড়িয়ে রয়েছি,
গাছদের নিচে বরফের উপর আস্তে আস্তে হাঁটতে নামি,
এবং কেউই জানে না
এখনো আমি যে আছি আমি ।

হে প্রভু দয়াময়
(১৯৪৫)

হে প্রভু দয়াময়,
বেছে নাও অন্য লোকদের,
অন্যদের করো নির্বাচন,
আমরা মৃত্যুতে আর মুমূর্ষুতায় ক্লান্ত।
আমাদের আর কোনো প্রার্থনা নাই।
বেছে নাও অন্য জনতাকে,
অন্যদের করো নির্বাচন।
আমাদের উৎসর্গ করবার মত রক্ত আর বাকি নাই।
আমাদের বাড়িঘর মরুভূমি হয়ে গেছে।
জমিন আর বাকি নাই যেখানে কবর দেয়া যায়।
কোনো অবশিষ্ট মাতম,
কোনো মর্সিয়া-গীতি
আমাদের জন্য আর নাই ধর্মগ্রন্থে।

প্রভু দয়াময়,
আশীর্বাদ করো অন্য কোন দেশকে,
অন্য পাহাড়কে।
আমরা আমাদের সব মাঠকে, প্রতিটা পাথরকে
ঢেকেছি ভষ্ম দিয়ে, পবিত্র ভষ্মে। ঢেকে দিয়েছি বৃদ্ধদের, তরুণদের,
আর নাবালকদের মরদেহ দিয়ে।
তোমার দশ মহাবিধানের প্রতিটা অক্ষরের
মূল্য আমাদের চুকাতে হয়েছে।

প্রভু দয়াময়,
তোমার অগ্নিচোখের ভ্রুখানি উঁচাও,
দেখো সারা দুনিয়ার কত মানুষ, —-
তাদেরকে দিয়ে দাও তোমার দৈববাণীগুলি, প্রার্থনা ও পাপমুক্তির সব দিবস।
সব জাতির ভাষায়ই তোমার নামের জপ, —-
তাদেরকে বলো অলৌকিক মাজেজার কথা,
পাপের প্রলোভনের কথা।

হে প্রভু দয়াময়,
আমাদেরকে দাও সরল পোষাক, যা পরে
মেষপালকেরা সাথে নিয়ে মেষপাল,
হাতুড়ি হাতে কামারেরা,
ধোপারা , বা চামার,
বা হীন তারও চেয়ে ।
এবং করো আরেকটা দয়া :

ওগো রাহমান ,
অলৌকিক প্রতিভার ভার তুমি না করিও দান ।

আমার রুম তাহলে একটা জাহাজ
(১৯৩৩—১৮৩৬)

আমার এ রুমটা, তাহলে, একটা জাহাজ
কারণ, বিছানায় আমাকে এটা দেয় দোলা ।
ঠিক যেমন আস্ত বাড়িটা ঢেউয়ের উপরে
দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করতে থাকে ।

যদিও কেউ নাই রুমের ভিতরে,
আমার রুম তবু কিসের যেনবা আওয়াজে ভরা ।
দরজা জানালা যদিও বন্ধ করা,
আমার রুম তবু পুরাটাই থাকে খোলা।

যদিও আমি পরে আছি ব্লাউজ এবং ঘাঘরা,
পা থেকে মাথা আমি আসলে পুরা নগ্ন,
যদিও মন আমার সৃষ্টিকর্তাকে ভাবছে ,
একটা ত্রাস এসে আমার চুলে দিচ্ছে হাওয়া।

আমার ভাষা
(১৯৬৫)

এত ভারী দুঃখ
কোন মুখের শব্দে
অথবা নীরব শব্দে
একে যাবে না ধরা।
আমার ভিতর আছে
এক ভাষা, শাদা,
এক শব্দ যাকে আমি
কোনদিন দেই নাই চাপা।
কথাহীন, বোবা,
আমার শাদা ভাষা,
এ ভাষার কোন শব্দ নাই,
আমি যা বলি, আমার গলার আওয়াজ
যখম করে আত্মাকে আমার।

আমার শাদা ভাষার
কোন অক্ষর নাই,
কোন জিহ্বা নাই
যা তাকে ফুটিয়ে তুলবে।
এর জন্ম হয়, শুদ্ধ করে,
এরপরই ডুবে যায় শুভ্র নীরবতায়।

যখন আসবে সেই দিন
আমি বোবা পড়ে থাকব,
কী সুখ রে
তখন আমি মৃত।
আমার শাদা ভাষায়
তখন আগুন ধরে গিয়ে
রুদ্ধ কথারা দিবে উড়াল ।

মাঝে মাঝে আমি
শুনতে পাই সেসব,
যখন আমাকে করে মুহ্যমান,
ক্রুরতার হাসি আর
চারদিকের রূঢ় ধিক্কার ।
আমার সেই শাদা ভাষা
তখন কথা বলে, উত্তর দেয়,
যখন আমি মূক হয়ে থাকি।

একটা ঝিঁঝি-পোকা

(১৯৩১)

টেবিলের তলে, কেঁপে কেঁপে ডাকে,
একটা ঝিঁঝি-পোকা।
নিজেও জানে না কী যে সে চায় বা কী ইচ্ছা।
চির্-ড়াপ, চির্-ড়াপ,
ডাকে, ডাকতেই থাকে
রোদ যতখন না আসে ছাতের ফাঁকে।

কেউ জানে না কী সে খায়
দাদী বলেন এ নাকি থাকে রোজা ,
দাদী বলেন এ নাকি খাচ্ছে,
এবং ঝিঁঝিঁ-পোকা বলে :
চির্-ড়াপ,
চির্-ড়াপ,
চির্-ড়াপ, বলতেই থাকে
রোদ যতখন না আসে ছাতের ফাঁকে।

কেউ জানে না কই সে থাকে —-
দাদী বলেন : গাতার ভিতর,
দাদী বলেন : দেয়ালে থাকে,
এবং ঝিঁঝিঁ পোকা বলে :
চির্-ড়াপ,
চির্-ড়াপ,
চির্-ড়াপ, বলতেই থাকে
রোদ যতখন না আসে ছাতের ফাঁকে।

রৌদ্র এবার চনচনে, এদিক ওদিক যায়,
খোঁজে ঝিঁঝিঁটাকে সকল জায়গায়,
রৌদ্র উঁকি দেয় টেবিলের তলে,
রৌদ্র আঁচড়ায় মেঝের উপর,
ছোট্ট ঝিঁঝিঁটা চুপ করে থাকে, সাড়া দেয় না,
ডাকে না আর।

কিন্তু, এরপর সূর্য যেই গেল ফিরে,
ঝিঁঝিঁটা আবার ডাকে :
চির্-ড়াপ,
চির্-ড়াপ,
চির্-ড়াপ, ডাকতেই থাকে,
রোদ যতখন না আসে ছাতের ফাঁকে।