জ্যাক হির্শম্যানের দুটি কবিতা: পারী ও গিওর্দানো ব্রুনোকে খুন
জ্যাক হির্শম্যান সম্পর্কে পরিচিতিমূলক লেখা পড়ার জন্য এখানে ক্লিক করুন: কাব্যযোদ্ধা জ্যাক হির্শম্যান: মখমলের দস্তানায় লৌহমুষ্ঠি
বাংলা অনুবাদ: অনামিকা বন্দ্যোপাধ্যায়
পারী
অন্দরের জানালা দিয়ে দেখলে
এই ক্যাফেটি হল রাস্তার ওপর
গাছগুলো হল ক্যাফের ভিতরে
রূপালী এসপ্রেসো গাছ
এক দম্পতি চুম্বনে মগ্ন তার নীচে
অন্দরের বাহিরে
নরম হলুদ আলোয়
নালার ধারের এই ক্যাফেটিতে
রে চার্লস এর গাওয়া
জর্জিয়া গানটি ভেসে আসছে জুকবক্সের ভেতর থেকে
রু দেলামব্রে নামের সরণীটির
এক কোনের
এই ক্যাফেটির অন্দরে
ওয়ালেস বুরমান এলেন
এ-দৃশ্যকে ফ্রেম-বন্দী করলেন আর তার নাম দিলেন
আমেরিকা
তারপর ছবিটি তিনি দিয়ে দিলেন
চিত্রকর্ম: Antonello Morsillo'র আঁকা le fiamme della fierezza
গিওর্দানো ব্রুনোকে খুন
প্রস্তাবনা
তিনি স্বর্গযাত্রা শুরু করলেন
খুশীর ব্যাপার এই যে এখন করার আর কিছু তেমন নেই মরতে পারা ছাড়া
শুধু কাজ
চোখগুলি খোলা রাখা যেমন-যেমন গরাদগুলি পালটে যাচ্ছে
তার পিছনে
সাত বছর পিছনের সময়
তার সমস্ত
জীবনের নক্ষত্রগুলি সেখানে ঘুরপাক খাচ্ছে
ইয়োরোপ এখানে এসো
এসো এই ক্যাম্পো দি ফ্লোরিতে
নগ্ন তিনি আজ
সান বেনিত্তো
আগুনের শিখা ও শয়তানে রাঙ্গানো
কুৎসিত ডাইনি বুড়ির চিৎকার
বাজারের বকবক গুঞ্জন
এখনও এসে পৌঁছচ্ছে কানে
সেই গর্জন- আভে সীজার
তিনি মারা যাচ্ছেন মুমুর্ষ
গ্ল্যাডিয়েটরদের সাথে
"তুমিও, ব্রুটাস" বলে
মারা যাচ্ছেন
সিজার নিজেও
বাঁধনে বদ্ধ তিনি
তাঁকে বলা হয়েছে
আবার একবার চুম্বন করতে
গনগনে লাল ক্রুশ-টিকে
যে আর পরিত্যাগ করবেনা, যে সম্ভবত আর পরিত্যাগ করবেনা
যার আর পরিত্যাগ করার কিছু নেই নয়ত
সে পরিত্যাগ কি করবে তার কোন কারণ নেই নয়ত
সে জানেনা সে কী বা করবে
পরিত্যাগ
তার ওষ্ঠ দূরে সরিয়ে রেখে
তার চক্ষুদুটি রেখে নিমীলিত, এখানে এখন তবে
এভাবে দেখাই ভালো
শিখাগ্নি ছুঁল তার পদযুগল
সাম্রাজ্য হেঁটে দৌড়ে চলে গেলো, বাদামী রঙের কেশদামগুলি
প্রাণপ্রিয় ছোট সে গাঁ- নোলা। সেই রয়েছে এখন মন জুড়ে
প্রথম দেখা উন্মুক্ত সেই মাঠঘাট আর নদীর চরাচর
সেখানে সে দেখেছিল
কত কতই না সে তাঁকে দিয়েছিল
জলের ওপর জেগে থাকা চাঁদ গহীন রাতে
তার জানলায় জেগে থাকা চাঁদ
মুদ্রার মত এক চাঁদ
ভেসুভিও'র কাঁধের উপরে
জেগে
আলাদা
অবিকল এক
একইসাথে বৃদ্ধ এবং জোয়ান
শিখাগ্নি চুম্বনের করল তার উর্ধাংগ-নিমাঙ্গের সীমারেখা
যখন তিনি গির্জার বাগানে পালিয়ে গেলেন
উপকূল জুড়ে প্রসারিত তার আলখাল্লা
জানত তাকে
আর মধুর কারাগার
পর্বতের শৃঙ্খল গুলির মাঝে
যেখানে তিনি বসবেন ও অবলোকন করবেন
স্মরণ করবেন
শরীরে বৃক্কের পর্বত
যকৃতের মহান হ্রদ সমূহ
হৃদয়ের তন্ত্রীতে জাল বুনে রাখা
টাইগ্রিস ও ইউফ্রেটিস
মস্তিস্ক এবং বীজ
আজব এই কটিলেডনকে
ফুল ও ঘাসগুলিকে ও সুমিষ্ট তার এই
অঙ্গুলিদের
প্রত্যেকে
তাদের নিজেদের কেন্দ্রে
আছে পরস্পর জড়াজড়ি করে
অসীম কণাগুচ্ছ
আর সূর্যের হৃদয় কেন্দ্র
তিনি চোখের দিকে তাকালেন
আর কি তা তেমন কেন্দ্রবর্তী আছে এখনও
এই পিঁপড়েটির হৃদয়ের মত
যে হামাগুড়ি দিয়ে চড়তে চাইছে এই শূণ্য শুভ্র গাছের পাতাটির ওপর
যেখানে আখরগুলি
লিখে রাখা হবে
আগুনের শিখা তার বাম ঊরুকে ছুঁল
সেই সুঠামতা
যাকে ভর করে একদিন তিনি গিয়েছিলেন বিলাপরত দশায়
অন্ত্রের মত ছিড়ে খুঁড়ে যাওয়া সেই ফরাসী দেশে, সেই স্যেন নদী
সেই ক্ষতে রক্তাক্ত
তাঁর
পাণ্ডুলিপি
পরিধেয়র নীচে থাকা
তার নিরপেক্ষ জোব্বা
সন্দেহভাজন
বিতাড়িত
বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত
একথা শেখানোর জন্যঃ
প্রতিটি বীর্যফোঁটা এক
সম্ভাবনাময় সূর্য
সেই সূর্য
যা রক্তের মত অন্ধকারময়
প্রত্যেকটি যেন আরেকটি সূর্যের ছায়া
যা আর কেন্দ্রে নেই
কেন্দ্রের তুলনায়ও কোন কেন্দ্রে নেই
এই শিশু
আজ রাস্তাময় জুড়েছে চিৎকার
"মা"
সেই ডাক
এখন সর্বব্যাপিণী
আগুন স্পর্শ করেছে তাঁর ডান ঊরু
সেই বিস্ময়
তাঁর সেই কঠিন পদক্ষেপের
ইংরেজ ভূমিতে
সেখানকার সব বন্ধুরা,
সে যেন স্বর্গ
শ্মশ্রুতে শুকিয়ে
থাকা কফ-থুথুর
আর নিরাময় নেই কোন
উচ্চমনা বীরদের মাঝে
বিজ্ঞান খাবি খাচ্ছে
পাথর বাঁধানো রাস্তায়
প্রতিবাদ জানাচ্ছে তার তীব্র
কামড়ে, ক্লান্ত তার পেশী
হে নির্বোধ গতিপথের
হে অন্ধজনেরা
এরা দেখছেনা
অবহেলিত এই পাথুরে রাস্তা ক্ষুরের লাথি দিয়ে যা করেছে তা আসলে চকমকি এক যা চমকায়
পৃথিবীর এই গহীন আঁধারে
যখন তারা ত্রস্ত দৌড়াতে থাকে
তীব্র গতিতে
এক অষ্টমাংশ ব্যাপী এক মাইলের
আর এই জুড়িগাড়ি
লাগাম থেকে ছিন্ন হয়ে যায়
জীর্ণ
শীর্ণ
এই জান্তব শতাব্দীতে
শিখাগ্নি ছুঁল তার সৌন্দর্যকে
তার হৃদয়ের
তার স্থির চিন্তাময়তা
আনত ঝুলে রয়েছে
উইটেনবার্গের সমাধিক্ষেত্র থেকে
শেষ বক্তৃতা দেওয়া হয়ে গেছে অতঃপর
আর ভাবা হয়ে গেছে বাড়ির কথাও শেষবারের মত
নোলার কথা, ছায়ামাখা সে গৃহের
কথা
সেই আমার ছাত্রটি যে রাজার ছেলে ছিল
যে আমাকে সেই প্রশ্নটি করেছিল,
সেই অবাক করা নবীন আলো
যা সে নিজেই, সমস্ত
চোখ তার দিকে স্থির হয়েছিলো,
বক্তৃতা-কক্ষে যখন সে কথা বলে উঠেছিল
(গৃহের এক
ছায়া)
: 'যদি সূর্য মৃত কুকুরের দেহেও পোকামাকড়ের জন্ম দ্যায়
ইশ্বর-চুম্বী গলিত মাংস হয়ে… '
তার কণ্ঠের মৃদু বিড়ম্বনার
সেই মাধুর্য
Sol et Bomogenerant bominem
শিখাগ্নি এবার চুম্বন করল তার ক্ষমা
করার ক্ষমতাকে
এখন দ্রুত যাত্রা করছে
প্রাগ
হেল্মস্টেডট
আর তার শরীর দ্রুত পালকে রূপান্তরিত হচ্ছে
দ্রুত তা হচ্ছে
এই
তার চিন্তার থেকেও এমনকি যা হাল্কা
ইহা
প্রথম আসুক কারাকক্ষ থেকে
শিখাগ্নির চুম্বন স্পর্শ করলো
তার রাশি রাশি লিখিত
কর্ম-কৃতি মহিমাকে
যাদের ফ্রাঙ্কফুর্টে পুনরুদ্ধার করা হয়েছিলো
উদ্বিগ্ন ত্রস্ততার সাথে
(ছোট্ট সোনা)
বৃক্ষ-পত্রের পর পত্র
সূক্ষ্মভাবে
শিরাময়
তাদের মধ্যে যে সবচে' ন্যূনতম
ও সর্বোচ্চ
শিখাগ্নি চুম্বন করল তার দক্ষিণ কাঁধ
সমস্ত বুদ্ধিমত্তা
তার লাগামে আটকানো কোমরবন্ধের মত
আগে/ তার সমস্ত তিক্ততার আগে
তার মঞ্চেনিগো'র ও সারমেয় বৃত্তান্তের
সেই সব বৎসরগুলির পরে
ভেনিস ও কুকুরের
মূত, এই বছরগুলির পরে
বিচারের পরে
এরপর কে এখন?
কে এখন?
আনবে মোচড়
পরিত্যাগ করবে
হে
খ্রীস্ট প্রভু, ফুল কি পিয়াৎজায় সত্যিই ফোটে ?
শিখাগ্নি চুম্বন করল তার বাম স্কন্ধ
চোখ তখনও অটুট, দেখল
প্রজ্ঞা কার অন্তর্গত
দেখল
চখমা
তার হাতও ছিল, স্পর্শ করল
ধরে রাখা
কালো অক্ষরগুলিকে,
ছিল ওষ্ঠ তখনও, আনত, চুম্বিত
অক্ষরগুলির কান ছিল, শুনতে পেল
নিজেই ডেকেছে এই বলেঃ
এসো দর্শন, এসো ব্রহ্মজ্ঞান
এসো
শিখাগ্নি চুম্বন করল তার ব্রহ্ম মস্তক মুকুট
উন্মুক্ত
তার চক্ষুদ্বয় শ্বেতবর্ণ আগুনে কৃষ্ণবর্ণ অগ্নিতে
তিনি শব্দ
তিনি অক্ষর
তিনি সংখ্যা
প্রবেশ করছেন শব্দের অতীতে
বিলীন হয়ে আসা দৃশ্যজগতে
তাবৎ সংখ্যাকে শূন্যে রূপান্তর করে
তবুও
