২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া বুকারজয়ী মার্গারেট এটউড’র কবিতা

মাজুলহাসান

Published : 24 Jan 2020, 11:45 AM

Updated : 02 Sep 2022, 08:34 PM

ভাষান্তর: মাজুল হাসান

সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী লেখক কানাডার মার্গারেট এটউড। ২০১৯ সালে ব্রিটিশ লেখক বার্নারডিনে এভারিস্টো'র সাথে ৭৯ বছর বয়সে বুকার জয় করে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন এটউড। নোবেল পুরস্কারের সম্ভাব্য শর্টলিস্টে গত ক'বছর ধরেই তার নাম আসছে। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছেড়েনি। তাই বলে খ্যাতি-পাঠকপ্রিয়তা কম নেই তার। কানাডার সাহিত্যকে বিশ্বদরবারে সম্মানের সাথে তুলে ধরার ক্ষেত্রে তার অবদান ইতিহাসে লেখা থাকবে।

এটউডের লেখালেখির শুরুটা কবিতা দিয়ে। ১৯৬৪ সালে প্রথম কাব্যগ্রন্থ দ্যা সারকেল গেম বের হওয়ার পর কানাডার গভর্নর জেনারেল পুরস্কার লাভ করেন তিনি। তবে ঔপন্যাসিক হিসেবেই তার জনপ্রয়িতা আকাশচুম্বী। তার লেখায় শহুরে জীবনযন্ত্রণা, নারী-অধস্তনতা ও সেক্সুয়াল পলেটিক্স, প্রভৃতি বিষয় উঠে আসে। ইতোমধ্যে এটউডের লেখা বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছে। তার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা, মঞ্চস্থ হয়েছে একাধিক নাটক। এরআগে, ২০০০ সালে ব্লাইন্ড অ্যাসাসিয়ান উপন্যাসের জন্যও বুকার পুরস্কার লাভ করেছিলেন কানাডার এই লেখিকা। দুটি বুকার পাওয়ার তালিকায় তিনি চতুর্থ।

ক'বছর আগে বিশ্বের দেড়শোর বেশি নামকরা লেখক বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে খোলাচিঠি দেয়। এদের মধ্যে মার্গারেট এটউডও ছিলেন।

আমার ফটোগ্রাফ

কিছুক্ষণ আগে তোলা হয়েছে এটা
দেখে, প্রথমেই মনে হবে
কোনো তৈলচিত্র:
কলঙ্কের মতো অস্পষ্ট রেখা. আর ধূসর ডোরা কাটা দাগ
যেন লেপটে গেছে কাগজে।
এরপর যখন তুমি রেকি করবে
বা-দিকের কোণায়
গাছের ডালের মতো দেখতে পাবে
(সুগন্ধি গুল্ম অথবা পাইনের) বাড়ন্ত শাখা,
ডান দিকে, আধাআধি উচ্চতায়
একটা হালকা ঢাল, আর দেখবে
একটি ছোট্ট বাড়ির কঙ্কাল।
ব্যাকগ্রাউন্ডে একখানা লেক
তারও ওপারে নিচু টিলা কতক।
(আমি তলিয়ে যাবার এক দিন আগে
তোলা হয়েছিল ছবিটা
ছবির মধ্যভাগের লেক, আমি থাকি
জল-পৃষ্ঠদেশের গভীরে
কিন্তু জলপৃষ্ঠে সূর্য কিরণ আছড়ে পড়ায়
জলের ঠিক কোন জায়গাটায় আমার বাস
অথবা আমি কতটুকু বড় অথবা ছোট
তা বলা বেশ শক্ত
তারপরও দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে
অবশেষে
আমাকেই দেখতে পাবে তুমি। )

সকালে পড়াবাড়িতে

পড়াবাড়িতে সকালের নাস্তা করছি
বুঝেছ: ওখানে কোনো বাড়ি নেই, সকালের নাস্তা নেই
তবু ওখানেই আছি আমি
চামচ গলে দলা পাকিয়ে লেপ্টে গেছে
গলে যাওয়া গামলায়
কেউ নেই চারপাশে
কোথায় গেছে ওরা, ভাই-বোন
মা-বাবা? হয়তো গ্যাছে
নদীতীর ধরে। এখনো হ্যাঙ্গারে ঝোলে কাপড়চোপড়
সিঙ্কে স্তুপ হয়ে আছে ডিস
পাশে কাঠের স্টভ
সাথে ঝাঝরি আর ভুসাধরা কেটলি
প্রতিটি বর্ণনা পরিস্কার
টিনের কাপ আর ঢেউখেলানো আয়না
উজ্জ্বল ও সঙ্গীতহীন দিন
নীল লেক, দৃষ্টিনন্দন বনানী
পুবে মেঘের সমাবেশ
কালো রুটির মতো ক্রমশঃ জেগে ওঠে
দেখতে পাচ্ছি ওয়েলক্লথের পতপত
দেখতে পাচ্ছি কাচের গায়ে আঁচড়
সূর্যকিরণ লাগলেই জ্বলে উঠছে দাউদাউ
দেখতে পাচ্ছি না নিজের হাত-পা
বুঝতে পারছি না এটা ফাঁদ নাকি আশীর্বাদ
খুঁজে চলেছি নিজেকে, যেখানে সবকিছু
অনেক আগেই বরবাদ হয়েছে বাসার
কেটলি আর আয়না, চামচ আর গামলা
সাথে শরীর আমার
সাথে আমার পুরনো শরীর
সাথে আমার এখনকার শরীর
বসে আছি সকালের টেবিলে, সুখী এবং একা
ঝলশানো মেঝেতে শিশুর নগ্ন পদচ্ছাপ
(অনেকটাই দেখতে পাই)
আমার জ্বলন্ত কাপড়, পাতলা সবুজ সর্টস
এবং নোংরা হলুদ টি-শার্ট
ধারণ করে আছে আমার প্রায়-অঙ্গার কয়লা, অস্তিত্বহীনতা
বিচ্ছূরিত মাংস। ভাস্কর।

দুখী শিশু

তুমি দুখী কারণ তুমি দুখী
এটা দৈহিক। এটা বয়সজনিত। কেমিক্যাল।
মনোবিদের কাছে যাও অথবা খাও ঘুমের ওষুধ
অথবা জাপটে ধরো চক্ষুহীন পুতুলের মতো দুঃখবোধকে
তোমার ঘুমের প্রয়োজন

বেশ, সব বাচ্চাই দুখী
কিন্তু উতরে যায় কেউ কেউ
নিজের সৌভাগ্যের কথা ভাবো, তারওচেয়ে ভালো
একটা হ্যাট, কেনো কোট অথবা পোষা জন্তু
ভুলে যেতে করো নাচনকুদ্দন

ভুলবে কি?
তোমার দুঃখ, তোমার ছায়া
যাই হোক যা কিছু ঘটুনক না কেনো
লনপার্টির দিন
সূর্যবিচ্ছূরণের সাথে ভেতরে এসেছিলে তুমি
মিষ্টতায় গোমরা মুখ
তোমার রিবলওয়ালা নতুন ড্রেস
লেপ্টানো আইসক্রিম
বাথরুম নিজেকেই বলেছিলে তুমি
আমি ফেভারেট বাচ্চা নই

বাছা, যখন এমন মনে হয়
নিভে আসে আলো আর ধেয়ে আসে কুয়াশা
যখন তুমি আটকে যাও নিজের বিপর্যন্ত শরীরে
কম্বলের কিন্তু জ্বলন্ত গাড়ির ভেতর

যখন লাল অগ্নিশিখা জেগে ওঠে তোমার ভেতর
আলকাতরা মেশানো নুড়ি বাজে মাথায়
অথবা কোনো মেঝে কিংবা বালিশে
আমাদের কেউ নয়;
অথবা আমরা সকলেই।

হয়/নয়

প্রেম কোনো পেশা নয়
সুশীল অথবা অন্যকিছু

সেক্স কোনো দাতেঁর চিকিৎসা নয়
নয় ব্যাথা ও পোকা'র ফিলিং

আমার ডাক্তার নও তুমি
নও রোগের উপশম

কারোরই নেই সেই
ক্ষমতা, তুমি শুধু অনুসারী

বাদ দাও শারীরিক উদ্বেগ
মুখচাপা, অতন্দ্র

মুক্ত করো নিজের ক্ষোভ
ক্ষুদ্ধ হতে দাও আমায়

এর জন্য প্রয়োজন নেই
তোমার অনুমতি অথবা আচমকা উপহার

প্রয়োজন নেই আইনী অনুমোদন
এটা কোনো রোগের বিরুদ্ধে নয়

তোমার বিরুদ্ধে
প্রয়োজন নেই এটা অনুধাবনের

ভাসিয়ে অথবা পুড়িয়ে দেয়ার
প্রয়োজন শুধু

বারংবার বলা
আমাকে দাও বর্তমানের অনুমতিপত্র।

ঘুম শব্দটির মধ্যে পরিবর্তনশীলতা

তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাই
হয়তো সম্ভব নয় সেটা
তোমাকে দেখতে চাই,
ঘুমন্ত। ঘুমিয়ে পড়তে চাই
তোমার সাথে, ঢুকে পড়তে চাই
তোমার নিদ্রায়, মিহি আঁধার তরঙ্গ
যেমন ঢুকে পড়ে মস্তিস্কে আমার

তোমার সঙ্গে হেঁটে যেতে চাই উজ্জ্বল
নীলচে-সবুজ পাতার দোদুল্যমান বনে
যেখানে জলরঙ সূর্য আর তিনটে চাঁদ
যেতে চাই সেই গুহায় যেখানে সবচেয়ে আতঙ্ক
বারাবর নেমে পড়তে হয় তোমায়

তোমায় দিতে চাই রৌপ্য
কাণ্ড, ছোট্ট শাদা ফুল, একটা
শব্দ বাঁচাবে তোমাকে
স্বপ্নের মাঝখানে লুকিয়ে থাকা
বিষাদের হাত থেকে, দুঃখবোধের মধ্যভাগ থেকে
অনুস্মরণ করতে চাই তোমায়
দীর্ঘ সিঁড়ি বেয়ে উপরে ওঠায়
ফের হতে চাই
তোমরার ফিরতি পথের নৌকা
খুব সাবধানে, ধমনীবাহী হাতে
হতে চাই অগ্নিশিখা
যেখানে তোমার দেহ শুয়ে থাকে
আমার পাশে, আর যখন তুমি প্রবেশ করো
নিঃশ্বাসের মতো সহজতায়

আমি বাতাস হতে চাই
যা ক্ষণিকের জন্য আচ্ছন্ন করে তোমায়
অগোচরেই থাকতে চাই আমি
আর সেটা জরুরি।

মুহূর্ত

যে মুহূর্তে; বহু বছরের হাড়ভাঙা খাঁটুনি
আর দীর্ঘ জলযাত্রার পর
তুমি এসে দাঁড়াও ঘরের মাঝখানে,
বাসায়, হাফ-একর, বর্গ মাইল, দ্বীপ কিংবা রাষ্ট্রে
ভাবো- শেষ পর্যন্ত কীভাবে পৌঁছেছ তুমি
আর বলো, এটা আমার

ঠিক সেই মুহুর্তে গাছেরা শিথিল করে
তোমাকে ঘিরে রাখা বাহুডোর
কিচিরমিচির ফিরিয়ে নেয় পাখি
উঁচু বাঁধে ফাঁটল ধরে, ধসে যায়
ঢেউয়ের মতো পিছনে সরে যায় বাতাস
আর তোমার শ্বাস নিতে কষ্ট হয়

না, ওরা ফিসফাস করে, তোমার নিজের বলে কিছু নেই
তুমি আগন্তুক মাত্র, বারবংবার
পাহাড়ে চড়েছ, পতাকা উড়িয়েছ, দিয়েছ বিজয় ঘোষণা
কিন্তু আমরা কখনই তোমার জায়গির নই
কখনও আমাদের সন্ধান পাওনি তুমি
শুধু অন্যপথে ঘুরপাক খেয়েছ