২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

অকালে নিহত পারস্যের কবি তাহিরিহ

মোহাম্মদ জামান

Published : 21 Dec 2019, 01:18 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM

ভূমিকা: শাহাব আহমেদ

Oh God, with this broken wing I desire to fly to the Divine clouds
and with this weary heart recount the story of the world
of paradise and purity. But of course there is none except you to be my helper …
(Tahirih)

পারস্যের কবি তাহিরিহকে আমি আবিস্কার করি কাকতালীয় ভাবে। এক বছর আগে একটি লেখার জন্য তথ্য সংগ্রহ করতে ইন্টারনেট সার্চ করছিলাম। এক সময় এই নামটি উঠে আসে। তার জীবনী পড়ে এত মুগ্ধ হই যে খুঁজে খুঁজে তার কয়েকটি কবিতা পড়ি ইংরেজীতে। অদ্ভুত! কিছুদিন পরেই আমার পরিচয় হয় প্রিয় কবি ও অনুবাদক মোহাম্মদ জামানের সাথে এবং কবি তাহিরিহকে নিয়ে আমার তন্ময়তার কথা জানাই। তিনি খুবই উৎসাহিত হয়ে কিছু কবিতা অনুবাদ করার প্রতিশ্রুতি দেন।

তারই অনুবাদে তাহিরিহ'র জীবনের একটি খণ্ডচিত্র:

গ্রীষ্ম। ১৮৪৮। বাদাস্ত। উত্তর ইরান। বাগান ফলদ ও সবুজাভ। উপকণ্ঠে খয়েরি পাহাড়। প্রেক্ষিতে নীল আকাশ। অনাবাদী জমি চিরে ফল্গুর মত বহতা ঝর্না। ঝর্নার ধার ঘেঁষে তিনটি তাঁবু। বুদ্ধিদীপ্ত সুন্দরী মহোদয়া নিজের তাঁবু থেকে বেরিয়ে পাশের তাবুতে প্রবেশ করলেন: ফাতিমা বারাঘানি (১৮১৪ – ১৮৫২)। তাহিরিহ (সুচি ও পবিত্র) নামেই প্রধান পরিচিতি। আরেক নাম কুররাতুল আইন (দৃষ্টিনন্দন)।

উচ্চস্বর পুরুষ সমাগমে একমাত্র নারী। নিস্তব্ধ বিস্ময়ে তারা চেয়ে দেখল, দৃষ্টিনন্দন অবয়ব থেকে খুলে পড়লো পর্দার অপ্রয়োজনীয় আবরণ। শুধু মুহূর্তের বিস্ময় ও স্তব্ধতা । ক্ষণপরে পৌরুষের ক্ষিপ্ত চিৎকার ও অশোভন আচরণ। এক পুরুষ নিজ কণ্ঠে ছোরা চালিয়ে মাতালের মত তাঁবু থেকে নির্গত । আরেক পুরুষ উন্মুক্ত অসি হাতে দৃষ্টিনন্দন রমণীর মুখোমুখি । মহোদয়া শান্ত, স্থির ও নেকাব-মুক্ত। চৌচির পুরুষ-তান্ত্রিক সমাজের এক প্রধান টাবু । অচিন্তনীয় ও অদ্ভুত ।

অভিজাত। সুশিক্ষিত। কবি। মুক্তচিন্ত-ধর্ম-চিন্তাবিদ। ঊনবিংশ শতাব্দীর ঘুনেধরা ইসলামী সমাজে ৮০ পুরুষের সম্মুখে অনাবৃত অবয়ব। স্থিতধী তাহিরিহ ঘোষণা করলেন:

"This is the day of festivity and universal rejoicing, the day on which the fetters of the past are burst asunder. Let all who have shared in this great achievement arise and embrace each other."

শিয়া ধর্মমতের ভগ্নাংশ ব্যাবিজমের একজন প্রভাবশালী ধর্ম প্রচারক, ও নারীর অধিকার ও নারীমুক্তির অনমনীয় যোদ্ধা। বহুগামীতার কট্টর বিরোধী। ১৮৪৮ সালে সাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্কের সেনেকা ফলসে অনুষ্ঠিত প্রথম নারী অধিকার সম্মেলনে (First Women Rights Convention, 1848) যোগ দিতে ইতস্তত: করেন নাই।
তার নির্ভীক সত্য সন্ধানে ধর্মীয় নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় । ইরানের শাহ "নাসের আল দীনের " কাছে পাঠানো হয় রায় অনুমোদনের জন্য। শাহ তার রূপ-মুগ্ধ হয়ে জীবন রক্ষা ও হারেমে সম্মানিত স্থান দেবার প্রস্তাব করে। বহুগামীতার বিরুদ্ধে সোচ্চার তাহিরিহ সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ৪ বছর জেলে রাখার পর এক নিঝুম রাতে তারই স্কার্ফে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। তিনিই মৃত্যুর আগে নিজ হাতে সিল্কের স্কার্ফটি এগিয়ে দিয়েছিলেন ঘাতকের দিকে। তার দেহ একটি কুয়ায় নিক্ষেপ করা হয়, তারপরে পাথর ছুড়ে ছুড়ে ঢেকে দেয়া হয় তার অনিন্দ্য সৌন্দর্য।
"Remember me and rejoice in my gladness."
(Tahirih)

আমি অতি আনন্দের সাথে কবি মোহাম্মদ জামানের অনুবাদে তাহিরির কয়েকটি কবিতা আপনাদের সামনে উপস্থিত করছি।

ইংরেজি থেকে অনুবাদ: মোহাম্মদ জামান

১

ও ঘুমকাতর
প্রিয়তম দুয়ারে
জাগো
ঘুম-কণা গুলো ঝেড়ে
শুদ্ধ শরীর জেগে ওঠো

জাগো
চেয়ে দেখো
মঙ্গল ঘরে এসেছে
না
অশ্রু-ভরা চোখে
তুমি এসো না
এ মঙ্গল-দ্বারে

জাগো
তাবৎ-দূঃখ-লাঘব
তিনি
এসেছেন তোমাই ঘরে

ও ভারাক্রান্ত হৃদয়
ও বিরহী
জাগো
বসন্ত এসেছে গেছে
জাগো
চেয়ে দেখো নবীন বর্ষ আনে
নবীন প্রাণ

ও নেতানো শস্য
ত্যাজ্য হোক বিগত বর্ষের
বিশীর্ন জরা
জাগো

(ইংরেজি অনুবাদ: ফারজানেহ মিলেনি)

২

যদি কখনো দেখা হয় মুখোমুখী এবং
তোমার অবয়বে পতিত হয় আমার দৃষ্টি
তখন তোমার জন্যে হৃদয়ে জমানো
সমস্ত বেদনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেব

আমি থাকবো তোমার কপোল-সন্নিহিত
মৃদু-বহা হাওয়ার মতো ঘুরে বেড়াবোঃ
ঘর থেকে ঘর, দ্বার থেকে দ্বার
গলি থেকে গলি, পথ থেকে পথ

আমার হৃদয় থেকে বিচ্যুত
আমারই হৃদয়ের রক্ত-বহ
অক্ষি হতে
নদী থেকে নদী, সমুদ্র থেকে সমুদ্র
ফোয়ারা থেকে ফোয়ারা, ঝর্না থেকে ঝর্ণা

আমার তাপিত হৃদয় তোমার ভালোবাসার তন্তুতে
বুনে চলে আমার আত্মার গেলাপঃ

তন্তু থেকে তন্তু, সুচ থেকে সুচ
ভাঁজ থেকে ভাঁজ, জমি থেকে জমি

তাহিরিহ পুনর্নির্মিত করলো তার উলটপালট হৃদয়
সেখানে এখন তুমিই শুধু অনন্ত দৃশ্যমানঃ

পত্র থেকে পত্র, ভাঁজ থেকে ভাঁজ
আবরণ থেকে আবরণ, পর্দা থেকে পর্দা

(ইংরেজি অনুবাদ: আর্থার জে. আরবেরি)

৩

আনন-বিভা দীপ্যমান হলে তোমার মুখশ্রী হতে বিকীর্ণ রশ্মি উর্ধমুখী হলো;
বললো, "আমি কি তোমার প্রভু নই?"
"নিশ্চয়, নিশ্চয় !" ধ্বনিতে উচ্চকিত হলাম আমরা

ঢোলকের উচ্চ্স্বর উন্মাদনার সাথে দামামাও জিজ্ঞাসা করলো,
"আমি কি নই?" হৃদয়ের সমুদয় দরজায় অযুত পদধ্বনি
আসন্ন দুর্যোগ

ভাবি, সুন্দর এক চন্দ্রিমার ভালোবাসাই কি যথেষ্ট নয়
অথচ ও হাসে বেদনার বৈভব-অভিলাষে

সে যখন পরাভূত ও উল্লাসে চিৎকার করে, "আমি কারবালার মৃত্যুঞ্জয়ী"
আমার কষ্টকীর্ন মৃত্যুর সংগীত শুনে সে সংগ্রহ করে সৎকার সামগ্রী
সে কাছে এলো আমার শবাধারের, কাঁদলো এবং বিলাপ করলো

কি এমন ক্ষতি হতো যদি অগ্নিভ বিস্ময়ে প্রজ্জলিত করতে
আমার সাইনাই -সদৃশ হৃদয় – যা' তুমি ত্নির্মাণ করেছো ত্বরায়
শত ভাবে, এবং শত ভাবে ভেঙে দিলে অতীব নির্মমতায়?

ভালোবাসার রাত্রি-ভর-মহাভুজ -সমাগমে
ফেরেশতারা দীর্ঘ ঘন্টাধনিতে অনির্বচনীয়ের ডাক পাঠায়;
"ও দুঃখ-প্রপঞ্চিত মানব, ঘুরণ-পাকে ঘুরে মরা মৎসের সাঁতার কি তোমাকে নিয়ে যায় না অস্তিত্বের সমুদ্র-বিস্তারে?"

বসো, তাহিরিহর মতো চুপ করে বসে থাকো
এবং জলের গহ্বরে শুনো তিমির প্রবল বারতা
"নাস্তি' এবং অন্তহীন দীর্ঘশ্বাস"

৪

তোমার প্রেমের প্রত্যাশায় আমি আসক্ত এবং জর্জরিত
কেন দূরত্বে রাখো? আমি পরিশ্রান্ত এবং বিরহী

তোমার পর্দা-ঢাকা অনিন্দ্য আনন, অবিন্যস্ত কুন্তল
তুমি লোক-সংস্পর্শ-হীন, আমারই মতো – একা

তুমি আমার দুঘ্ধ ও মধু
তুমি বৃক্ষ, তুমি ফল ও ফসল
তুমি সূর্য তুমিই চন্দ্র
আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র
তুমি খেঁজুর বৃক্ষ তুমিই খেঁজুর
তুমি আমার মধুর-ওষ্ঠ
তুমিই বিশেষ
প্রভু আমার
প্রিয় আমার

আমি তোমার উদ্যত ভৃত্য
তুমি মক্কা, তুমি ই সেই
এক ও একক
তুমি মন্দির, তুমিই মাজার
তুমি প্রিয়, তুমি সম্মানিত সেই
এক ও একক

আমি তোমার ভারাক্রান্ত প্রেমিক, "কাছে এসো "
ভালোবাসা উদ্বেলিত বললো,
"আমি মিথ্যাচারহীন
আমি শ্লাঘা হীন আমি সেই
এক ও এককের অবতার"

তাহিরিহ তোমার চরনাকাঙ্খি এক মুঠো ধূলি
তোমার আনন-মদিরায় মাতাল তাহিরাহ
তাহিরাহ বরপ্রার্থী

(ইংরেজি অনুবাদ:ফারজানেহ মিলানি)

৫

ঠোঁটের কোনে একটি তিল আর কৃষ্ণ দুখান চুল
ভালোবাসার হৃদয়-পাখি আহা, এ যেন হায়
দুইটি ফাঁদ আর একটি খুদের দানা।

কোতোয়াল, যাজক ও আমি, আমরা তিন জনা
কথা হচ্ছিল ভালোবাসার, কি করে উত্তর দেবো তাদের জিজ্ঞাসার?
সিদ্ধ এক আর বাকী দুই কাঁচা …

দয়িতের মুখের আর কেশ-গুচ্ছের ছায়ায়
আমার দিনগুলো রাত্রিময়, আহা
দিবসের দুই পাশে দুই বিবশ নিশীথিনী …

(ইংরেজি অনুবাদ: সুসান স্টাইলস মানেক ও ফারজাদ নাখাঈ)

৬

আমি কি উন্মোচিত করবো আমার সুবাসিত কেশ-গুচ্ছ
আমি কি খর্ব করবো প্রতিটি হরিণীর উন্মুক্ত স্বাধীনতা
আমি কি এঁকে দেবো কাজল আমার নার্সিসাস নয়নে

বাসনার তীব্র ক্ষেপনে আমি ধ্বংস করবো সসাগরা বসুন্ধরা
আমারি মুখশ্রী অবলোকনের নিমিত্ত প্রতিটি প্রদোষে
স্বর্গাধিপতি তুলে ধরেন তার স্বর্ণাভ দর্পন

কোনোদিন যদি কোনো গির্জার পথে ঘুরে যায় আমার গমন
ঠিক জেনো মতান্তরিত হবেই হবে সেই সব ক্রিশ্চান বালিকা

(ইংরেজি অনুবাদ:ফারজানেহ মিলানি)

৭

কেউ যদি সঙ্গী হয় আমার যাত্রা পথে
আমি ক্রন্দনে তাকে জানিয়ে দেবো
যে আমার প্রেমিকের জন্যে
নির্ধারিত আছে অবধারিত দুঃখ আর জরা

আর যে কেউ না শুনবে আমার নির্দেশ
অথবা না চাইবে আমার আশ্রয় ছায়া
আশ্রম থেকে সে হবে বিতাড়িত
আমি তাকে অচ্যুত করবো অনন্ত নাস্তি' র
ঝোড়ো হাওয়ায়

আমি চিরন্তনী জগতের
অসীম ও আদিম
যে জগৎ মুক্ত ও ওপার
আমি সে'ই জগতের
এক ও একক

আমি এসেছি সেই সব চিত্ত ও হৃদয়ের জন্য
যারা আধ্যাত্মিক; এবং তাঁহারাই অতঃপর
সন্নিহিত

(ইংরেজি অনুবাদ : এডওয়ার্ড গ্রানভিল ব্রাউনে)

৮

দিকনির্দেশের প্রভাত
হাওয়াকে বহমান হতে নির্দেশ দিলো
আলোকিত হলো পৃথিবী, দিগন্ত ও সমুদয় মানুষ
শায়েখ শঠতা-মুক্ত
পবিত্রতার পণ্য-বাজার থেকে মুক্ত মসজিদ
অন্ধ-মূল থেকে ছিন্ন পাগড়ির বন্ধন
চাকচিক্য আর গোপনের অন্ধ কোঠর থেকে অবমুক্ত শায়েখ
আলোয় আলোময় হলো সমুদয় অশুভ সংস্কার
ও উদ্যত বাসনা

লাম্পট্য ও লালসার গড্ডালিকা থেকে মুক্ত মানুষ
সুবিচারে শাসিত হলো অপশাসন ও অত্যাচার
সংবেদনে পরাভূত হলো অজ্ঞতা
বিচারের গালিচা বিস্তারিত হলো
এখানে ওখানে ও সবখানে
অংকুরিত হলো একতা আর বন্ধুত্বের
চিরন্তনী বীজ

পৃথিবী থেকে নির্বাসিত হলো
সমুদয় অশুভ প্রজ্ঞাপন
সমুদয় বিরুদ্ধ নীতি নির্বাপিত হলো
একতার ঐশ্বর্য্যে

(ইংরেজি অনুবাদ: সুসান স্টাইলস মানেক ও ফারজাদ নাখাঈ)

৯

তুমি ভালোবাসো ক্ষমতা সম্পদ ও সাম্রাজ্য
আমি ভালোবাসি ক্ষুৎপিপাসা ও নিশ্চিত বিশ্বাস
সাম্রাজ্য চাও যদি – সে হোক তোমার
অনটন ও বিশ্বাস – সে হোক আমার

(ইংরেজি অনুবাদ : মাসুদুল হাসান)

(তাহিরিহ কোন শিরোনাম দেন নি বলে এই কবিতা সমূহ শিরোনাম-হীন রয়ে গেলো)