Published : 15 Jan 2026, 05:53 PM
বিয়ের মৌসুম এলেই চারদিকে গায়ে হলুদ, মেহেদি আর বিয়ের উন্মাদনা। অনেকেই দ্রুত সময়ে সাজসজ্জার পরিকল্পনা করে থাকেন। কোথায় গেলে একসঙ্গে মিলবে বিয়ের সব উপকরণ? উত্তরটি সহজ— রাজধানীর আগারগাঁও ফুলবাজার।
আগারগাঁও মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত এই পাইকারি বাজার শুধু ফুলের জন্য নয়, বরং বিয়ের সম্পূর্ণ আয়োজনের কেন্দ্রবিন্দু।
নামে ফুলবাজার হলেও এখানে পাওয়া যায় আলোকসজ্জা, ডেকোরেশন, ইভেন্ট প্ল্যানিং, ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে ঘরোয়া বা বড় আকারের বিয়ের সব সরঞ্জাম।
তাজা ফুলের সমারোহে বিয়ের আবহ
বিয়ের অনুষ্ঠানে ফুলের ভূমিকা অপরিহার্য। এটি কেবল সৌন্দর্য বর্ধন করে না, বরং পুরো আয়োজনের আবহ তৈরি করে।
বাজারের বিক্রেতারা জানান, বর্তমানে কৃত্রিম ফুলের পরিবর্তে তাজা ফুলের চাহিদা বেড়েছে।
চায়নিজ গোলাপ, লিলি এবং চায়নিজ জিপসি ফুলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। গায়ে হলুদ বা বিয়ের জন্য ফুলের অর্ডার দুই-তিন দিন আগে দিলে নিখুঁত কাজ পাওয়া যায়।

তবে বড় বা ডিজাইনার অর্ডারের ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন আগে বুকিং করা নিরাপদ, কারণ অনেক ফুল চীন থেকে আমদানি করা হয়।
‘সিক্রেট গার্ডেন’-এর ফুল বিক্রেতা শাহাদাত হোসেনের তথ্যানুসারে- মূল্যের দিক থেকে, বর-কনের এক জোড়া ফুলের মালা ৬শ’ থেকে ৮শ’ টাকায় পাওয়া যায়।
ফুলের গয়নার সেট ৩শ’ থেকে ১২শ’ টাকা। জাঁকজমকপূর্ণ অলংকারের ক্ষেত্রে খরচ ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
বরণ বা টেবিল সাজানোর জন্য ছোট তোড়া ৫শ’ টাকা থেকে শুরু। বড় তোড়া ১২শ’ টাকা পর্যন্ত।
ঘর ও বাইরের সাজসজ্জা: বাজেট অনুযায়ী বিকল্প
‘ইনডোর’ বা ঘরের ভেতরের সাজসজ্জার খরচ সাধারণত ৫০ হাজার টাকা থেকে শুরু। যাতে পুরো বাড়ি, স্টেজ এবং গেটের সজ্জা অন্তর্ভুক্ত।
গায়ে হলুদ বা ব্রাইডাল শাওয়ারের জন্য একটি অংশ সাজাতে ২৫ হাজার টাকা থেকে শুরু। এসব সজ্জা সাধারণত ২৪ ঘণ্টার জন্য, সময় বাড়লে খরচ বাড়ে।
খোলা জায়গা বা ‘আউটডোর’ অনুষ্ঠানে এক দিনের সাজসজ্জায় প্রায় এক লাখ টাকা, তিন দিনের জন্য দেড় লাখ টাকা।
কনভেনশন হলে অতিরিক্ত ভ্যাট যোগ হতে পারে- এমনটাই জানালেন ‘সাহায়াম ওয়েডিং’-এর কর্নধার মো. সাহায়াম।
গেট সজ্জা বিয়ের অন্যতম আকর্ষণ। কাঠের ফ্রেম, ব্যানার, নেট বা তাজা-কৃত্রিম ফুল দিয়ে সাজানো গেটের খরচ ৫ হাজার থেকে ২০ হাজার টাকা। গায়ে হলুদে কাস্টমাইজড কর্কশিট ৩শ’ থেকে ১ হাজার টাকা। এসবের জন্য ১৫-২০ দিন আগে বুকিং করা ভালো।
গাড়ি সজ্জা ২ হাজার থেকে ১০ হাজার টাকা। মঞ্চের খরচ ১৫ হাজার থেকে শুরু, ‘থিম’ যুক্ত হলে কয়েক লাখ পর্যন্ত হতে পারে।

আলোকসজ্জা ছাড়া বিয়ে অসম্পূর্ণ
আলোকসজ্জা বিয়ের সাজের অবিচ্ছেদ্য অংশ। খরচ নির্ভর করে ভবনের আকার ও লাইটের ধরনের ওপর।
এলইডি, মরিচবাতি ছাড়াও পিক্সেল লাইটের চাহিদা বেশি। একতলা বাড়ি সাজাতে এক দিনের খরচ ১০ হাজার টাকা। উঁচু ভবনে ১০ থেকে ৫০ হাজার টাকা।
খাবার স্টল ও নিজস্ব আয়োজনের সুবিধা
অতিথিদের আনন্দ বাড়াতে ফুচকা, জিলাপি বা পানের স্টল জনপ্রিয়।
প্রতিষ্ঠান ‘সাহায়াম ওয়েডিং’, ‘ডিসেন্ট ইভেন্ট প্লানার’, ‘জান্নাত ওয়েডিং অর্গানাইজার্স’ - তাদের সঙ্গে কথা বলে জানা গেল- একটি স্টলের ভাড়া গড়ে ২ হাজার টাকা, উপকরণ ক্রেতাকে সরবরাহ করতে হয়।
বুকিংয়ের জন্য এক-দুই সপ্তাহ আগে অগ্রিম দিতে হয়।

ঘরোয়া আয়োজনে নিজে সাজাতে চাইলে এখানে ভাড়ায় পাওয়া যায় চেয়ার-টেবিল, সোফা, কৃত্রিম ফুল, কাপড় ইত্যাদি।
২৪ ঘণ্টার জন্য টেবিল টপ ২শ’ টাকা, চেয়ার বো ৫ টাকা, ফুলের গুচ্ছ ২০ টাকা। ডেলিভারি চার্জ আলাদা দিতে হয়।
আগারগাঁও ফুলবাজার বিয়ের মৌসুমে সাশ্রয়ী ও এক ছাদের নিচে সব সমাধান প্রদান করে। দ্রুত পরিকল্পনার জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য।
আরও পড়ুন