Published : 15 Jan 2026, 12:48 PM
চলছে বিয়ের মৌসুম। বিয়ের নানান আয়োজনের মধ্যে প্রধান হল কনের সাজ।
সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে কনের বিয়ের সাজের ধরনও। একসময় বউয়ের সাজ মানেই ছিল ভারী গয়না, গাঢ় রংয়ের মেইকআপ আর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে সাজ।
আর এখন সেই জায়গায় এসেছে ব্যক্তিগত পছন্দ, স্বাচ্ছন্দ্য আর নরম সৌন্দর্যের গুরুত্ব। বর্তমান বধূ সাজের ধারায় তাই দেখা যাচ্ছে সময়োপযোগী উপস্থাপনা।
নরম ও স্বাভাবিক মেইকআপের প্রতি ঝোঁক
বর্তমান সময়ের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মেইকআপে। ভারী ফাউন্ডেশন আর কনট্যুরের বদলে এখন জনপ্রিয় হচ্ছে ‘ন্যাচারাল’, ‘গ্লো লুক’।

বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার’য়ের প্রতিষ্ঠা ও রূপচর্চা-বিশারদ শারমিন কচির মতে, “ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা যেন বজায় থাকে— এটাই এখনকার মূল চাহিদা। কনের ত্বকের ধরন অনুযায়ী হালকা বেস, সফট ব্লাশ আর ন্যুড বা হালকা গোলাপি লিপস্টিকই এখন বেশি পছন্দ করছেন বধূরা।”
কারণ এতে ছবি যেমন সুন্দর আসে, তেমনি দীর্ঘ সময় সাজ আরামদায়ক থাকে।
চোখের সাজে সূক্ষ্মতা
একসময় চোখের সাজ মানেই ছিল গাঢ় কাজল, মোটা আইলাইনার আর ঝলমলে আইশ্যাডো। এখন চোখের সাজে এসেছে সূক্ষ্মতা।
হালকা শিমারি বা ম্যাট আইশ্যাডো, পাতলা আইলাইনার আর প্রাকৃতিক লুকের আইল্যাশ এসবই এখন ট্রেন্ড।
“অনেকেই কনের পোশাক বা বিয়ের-বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে চোখের রং বেছে নেন। এতে পুরো সাজে আসে সামঞ্জস্য ও পরিমিত সৌন্দর্য” বলেন শারমিন কচি।

চুলের সাজে সহজ নকশা
চলতি মাসেই বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রেমা আক্তার। কর্মজীবী এই তরুণী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজছেন পছন্দের চুলের সাজের আইডিয়া বা ধারণা।
তার কথায়, “চুলে ভারি খোঁপা আর ফুল দিলে মাথা ও কাঁধে ব্যথা হয় এবং অস্বস্তি তৈরি হয়। এতে ছবিতেও ভালো লাগে না। যেহেতু অনেক সময় মঞ্চে থাকতে হবে তাই হালকা চুলের সাজ-ই পছন্দ।”
তাই এই হবু বধূ’র পরিকল্পনা হল- “হালকা ‘ওয়েভ’ করে কানের পাশে দুটি হালকা রংয়ের গোলাপ পরবো- ব্যাস।”
এই সময়ে অতিরিক্ত খোঁপা আর ভারী অলংকারের বদলে দেখা যায় ‘লো বান’, ‘সফট ওয়েভ’ বা হালকা বিনুনি।
চুলে তাজা ফুল, জিপসি ফুল, গোলাপ বা রজনীগন্ধার ব্যবহার এখন খুবই পছন্দ করছেন কনেরা। এতে বধূর সাজে আসে কোমলতা আর দেশীয় আবহ।
অনেকে আবার খোলা চুলে হালকা সাজ বেছে নিচ্ছেন, যা আগে খুব একটা দেখা যেত না। গেল বছর বিভিন্ন দেশীয় তারকাদেরও খোলা চুলে বিয়ের সাজে দেখা গেছে।

গয়নায় হালকা ও পরিমিত ভাব
কনের গয়না মানেই যত বেশি সম্ভব, তত ভালো। এই ধারণা বদলেছে এসেছে নতুনত্ব। বধূরা এখন কম কিন্তু নজরকাড়া গয়না পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
হালকা হার, সূক্ষ্ম নাকফুল, মিনিমাল কানের দুল, হালকা নথ— এসবই এখন ট্রেন্ডে। অনেকেই পারিবারিক পুরানো গয়নাকে নতুনভাবে স্টাইল করেও পরছেন- মন্তব্য করেন শারমিন কচি।
তবে ভারি গয়না যে চলছে তা নয়। গলার জোড়া হার বা লম্বা ঝুলানো ভারি গয়না, টিকলিও হালকা সাজের সাথে মানিয়ে যায়।

রংয়ের বৈচিত্র্য
লাল এখনও বধূ সাজের প্রধান রং হলেও, এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন শেইড। মেরুন, ওয়াইন, প্যাস্টেল পিঙ্ক, পিচ, অফ-হোয়াইট, সাদা, পাউডার ব্লু বা হালকা সোনালি রংয়ের পোশাকে বধূ সাজ এখন বেশ দেখা যায়।
মেইকআপ আর গয়নার রংও পোশাকের সঙ্গেই মিলিয়ে নেওয়া হয়। ফলে পুরো সাজে আসে ভারসাম্য।
ব্যক্তিগত পছন্দের গুরুত্ব
বর্তমান বধূ সাজের আরেকটি বড় দিক হল- ব্যক্তিগত পছন্দ। কনের ব্যক্তিত্ব, জীবনযাপন আর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়েই সাজ পরিকল্পনা করা হয়।

“কেউ চায় খুব সাধারণ সাজ, কেউ আবার একটু নাটকীয় ‘লুক’ অর্থাৎ সবই এখন গ্রহণযোগ্য”- বলেন শারমিন কচি।
এই প্রবণতা বধূর সাজকে শুধু একটি নিয়মের মধ্যে সীমাবদ্ধ না রেখে করে তুলছে আরও ব্যক্তিগত ও অর্থবহ।
ছবি কৃতজ্ঞতায়: বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার।
আরও পড়ুন
শুধু উপহার নয়, বিয়ের স্মৃতিতে ডালা-কুলার সাজ