Published : 17 Feb 2026, 01:20 PM
শহরের ব্যস্ততা, কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে ছুটে যেতে মন চায় সবারই। পাহাড়, বন, নদী বা সমুদ্রের ধারে ক্যাম্পিং ভ্রমণ-পিপাসুদের অন্যতম প্রিয় অবকাশযাপন।
তবে ক্যাম্পিং শুধু আনন্দের ভ্রমণ নয়, এর জন্য দরকার সঠিক প্রস্তুতি। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে না থাকলে সুন্দর অভিজ্ঞতাও ঝামেলায় পরিণত হতে পারে।
তাই কোথাও ক্যাম্পিংয়ে যাওয়ার আগে কী কী সঙ্গে নেওয়া উচিত এবং কেন এগুলো জরুরি, সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।
নিরাপদ আশ্রয়ের জন্য তাবু ও শোবার ব্যবস্থা
ক্যাম্পিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল- রাত কাটানোর নিরাপদ ব্যবস্থা। সেক্ষেত্রে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে। নদী, সমুদ্র, পাহাড় বা জঙ্গল যেখানেই ক্যাম্পিং করা হোক না কেন নিরাপত্তা প্রথমে নিশ্চিত করতে হবে।
ক্যাম্পিং-এর প্রথম শর্ত সঙ্গে নিতে হবে তাবু। একজন, কাপল ও ফ্যামিলি- যেখানে ১০/১২ জনও একসঙ্গে থাকতে পারে পরিস্থিতি বুঝে এমন তাবু সঙ্গে রাখতে হবে।
ভালো তাবু বৃষ্টি, ঠাণ্ডা বাতাস, পোকামাকড় এবং অতিরিক্ত রোদ থেকে সুরক্ষা দেয়। সহজে খোলা ও গুটিয়ে রাখা যায় এমন তাবু বহনে সুবিধাজনক।
তাবুর ওপরে দেওয়ার জন্য এক ধরনের কাভার পাওয়া তাও অবশ্যই সঙ্গে নিতে হবে।
আবার শুধু তাবু নিলেই হয় না, আরামদায়ক ঘুমের ব্যবস্থাও জরুরি। মাটির ঠাণ্ডা বা আর্দ্রতা এড়াতে পাতলা কার্পেট, মাদুর, মোটা চাদর সঙ্গে রাখা হবে। কারণ ক্যাম্পিংয়ের স্থান সব সময় সমতল হয় না। এতে ঘুমানোর সময় পিঠে ব্যথা হয়ে দুর্ঘটনাও ঘটতে পারে।
আবার শীতের সময় বা কোন ঠাণ্ডা এলাকায় গেলে গরম কম্বল বা স্লিপিং ব্যাগ ধরনের মোড়ানো বিছানার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
খাবার সংরক্ষণ ও রান্নার সরঞ্জাম
প্রকৃতির মাঝে রান্না করা অনেকের কাছে ক্যাম্পিংয়ের অন্যতম আনন্দ। তবে খাবার ও রান্নার সরঞ্জাম ঠিকমতো না নিলে সমস্যা বাড়ে, নষ্ট হয় ক্যাম্পিংয়ের আকর্ষণ।
শুকনা বা সহজে রান্না করা যায় এমন খাবার, পর্যাপ্ত পানি এবং পানির বোতল রাখা জরুরি। খাবার ঠাণ্ডা রাখতে পারে এমন সংরক্ষণ বাক্স বা কুলার থাকলেও সুবিধা হয়।
শুকনা খাবার পানিরোধক ব্যাগে করে নিতে হবে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। এছাড়া শরীরের শক্তি অল্পতেই বাড়ে এমন খাবার খেতে হবে।
ক্যাম্পিংয়ের খাবার পানির উৎস বুঝে তাবু বসানো উচিত। তাবু খাবার পানির উৎসের ২০০ ফিটের মধ্যে হতে হবে। কারণ পানির যোগান না থাকলে খাওয়া রান্না, গোসল, বাথরুম কোনটা সম্ভব হবে না।
রান্নার জন্য ছোট চুলা, হাঁড়ি, ছুরি, কাটিং বোর্ড, থালা, গ্লাস, চামচ এবং পরিষ্কারের কাপড় সঙ্গে রাখলে খাবার প্রস্তুত করা সহজ হয়। ব্যবহারের পর পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ।
এখন বাজারে ট্যাভেল কুকিং সেট পাওয়া যায়, যা খুব গোছানো থাকে এবং ব্যবহারও সহজ।
রান্নার জন্য আগুনের ব্যবস্থা করতে হবে। এছাড়া ছোট ‘ক্যান গ্যাস চুলা’ সাথে নিলে রান্না ঝামেলাহীন হবে।
তবে সব সময়েই অন্য ব্যবস্থাও জেনে রাখতে হবে যেন একটি উপায় কাজ করলে অন্য উপায় ব্যবহার করা যায়।
আলোর ব্যবস্থা ও রাতের নিরাপত্তা
প্রকৃতিতে রাত নামলে চারপাশ দ্রুত অন্ধকার হয়ে যায়। তাই আলো ছাড়া চলাফেরা কঠিন হয়ে পড়ে।
ছোট বহনযোগ্য টর্চ বা আলো দেওয়া যায় এমন যন্ত্র সঙ্গে রাখা জরুরি। এগুলো শুধু পথ দেখায় না, বরং তাবুর আশপাশ নিরাপদ রাখতেও সহায়তা করে।
রাতের বেলা টয়লেট ব্যবহার বা আশপাশে হাঁটার সময় আলো থাকা অত্যন্ত দরকারি। এছাড়া হেড ল্যাম্প মাথার সাথে রাবারের মতো ফিতা দিয়ে মাথায় আটকে রাখা যায়। এটি খুব উপকারী; কারণ হাতে ধরার প্রয়োজন হয় না। আর যে কোনও কাজই করে নেওয়া যায়।
আবার তাবুতে আলো করতে এখন বহনযোগ্য এলইডি লাইট পাওয়া যায়। এছাড়া তাবু থেকে একটু দূরে আগুন জ্বালিয়েও চাপপাশে আলোর ব্যবস্থা করা যায়। এতে বন্য প্রাণীও দূরে থাকে।
ব্যক্তিগত পরিচ্ছন্নতার সরঞ্জাম
ক্যাম্পিং মানেই সব সময় আধুনিক সুবিধা থাকবে না। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে কিছু জিনিস সঙ্গে রাখা দরকার।
পোর্টেবল শাওয়ার বা বহনযোগ্য গোসলের ব্যবস্থা থাকলে অনেক সুবিধা হয়। এছাড়া সাবান, তোয়ালে, টিস্যু, দাঁত ব্রাশ, জীবাণুনাশক তরল এবং ময়লা ফেলার ব্যাগ রাখা জরুরি।
পরিচ্ছন্নতা বজায় রাখলে অসুস্থতার ঝুঁকিও কমে যায়। কোনভাবেই ভেজা কাপড়, জুতা, বিছানার চাদর ব্যবহার করা যাবে না। এতে সর্দি, জ্বর বা ত্বকের রোগ হতে পারে।
এছাড়া ক্যাম্পিংয়ে গেলে প্রকৃতির যেন কোনোভাবেই ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে। পচনশীল ময়লা আলাদা এবং প্লাস্টিক আলাদা করতে হবে। পচনশীল ময়লা একটু দূরে নিয়ে মাটির নিচে পুতে ফেললে তা মাটির জন্য ভালো।
তবে প্লাস্টিক মাটির নিচে পুতে রাখা যাবে না। এতে উল্টো প্রকৃতি ও মাটির ক্ষতি হবে। প্লাস্টিক উপযুক্ত স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে না বা সাথে নিয়ে আসতে হবে।
ক্যাম্পিংয়ে যতটা সম্ভব কম ময়লা তৈরি করতে পারলেই ভালো।
ক্যাম্পিংয়ের পোশাক
ক্যাম্পিংয়ের জায়গায় আবহাওয়া দ্রুত বদলাতে পারে। তাই হালকা ও গরম- দুই ধরনের পোশাক নেওয়া ভালো। বৃষ্টি প্রতিরোধী জ্যাকেট, রেইনকোট, গরম কাপড়, অতিরিক্ত জামা, আরামদায়ক জুতা এবং রাতের ঠাণ্ডা থেকে বাঁচার পোশাক সঙ্গে রাখা দরকার।
পোশাক শুকনা রাখার জন্য পানিরোধী ব্যাগ ব্যবহার করলে সুবিধা হয়। একদিনের ক্যাম্পিং হলে তিন-চার সেট পোশাক রাখা উচিত। আর সময় লম্বা হলে আরও বেশি পোশাক দরকার, যেন শুকনা পোশাক পরা যায়।
প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম
যে কোনো সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা অত্যন্ত জরুরি।
ব্যান্ডেজ, জীবাণুনাশক, ব্যথানাশক ওষুধ, জ্বর, মাথাব্যথা, অ্যালার্জির ওষুধ, অ্যান্টিসেপ্টিক ক্রিম, স্যাভলন, মশা প্রতিরোধক এবং প্রয়োজনীয় ব্যক্তিগত ওষুধ অবশ্যই সঙ্গে রাখতে হবে।
বাজারে ভ্রমণ উপযোগী ‘ফাস্টএইড কিট’ বা প্রাথমিক চিকিৎসার বক্স পাওয়া যায়। যার মধ্যে সব উপাদান গোছানো থাকে।
এছাড়া একটি ছোট ট্যাভেল ছুরি, দড়ি যা ২০ মিটার হওয়া উচিত, আগুন জ্বালানোর উপকরণ এবং আরও কিছু বহুমুখী যন্ত্র অনেক সময় কাজে লাগে।
বিশ্রাম ও বিনোদনের সরঞ্জাম
ক্যাম্পিং শুধু রাত কাটানো নয়, প্রকৃতিকে উপভোগ করারও সুযোগ। তাই বিশ্রাম ও বিনোদনের জন্য কিছু জিনিস সঙ্গে নেওয়া যেতে পারে।
ভাঁজ করা যায় এমন চেয়ার, ছোট টেবিল, বই নেওয়া যেতে পারে। লুডু, উনো, বোর্ড খেলা, গল্প করা ভ্রমণকে আনন্দময় করে তুলতে পারে।
যদি উপকরণ ও প্রশিক্ষণ থাকে তবে র্যাপলিং ও জুমারিং করা যায়। যা ‘ফান অ্যাক্টিভিটি’ আনে ক্যাম্পিংয়ে।
বিশ্রামের জন্য হ্যামক বা চাদর নিলে প্রকৃতির আনন্দ পাওয়া যাবে। বন্ধু বা পরিবারের সঙ্গে গান শোনার জন্য বহনযোগ্য স্পিকারও অনেকের পছন্দের তালিকায় থাকে। তবে গান খুবই হালকা শব্দে শুনতে হবে যেন পাখি বা অন্য প্রাণীদের জন্য ক্ষতি কারণ না হয়।
নিজেরা গলা ছেড়ে গান গাওয়াও ভালো বিনোদন মাধ্যম। চাইলে ছোট বাদ্যযন্ত্র সাথে নেওয়া যায়।
ভ্রমণ আরও আরামদায়ক করার ছোট কৌশল
ক্যাম্পিংয়ের সময় ছোট কিছু প্রস্তুতি পুরো ভ্রমণকে সহজ করে দিতে পারে। যেমন- অতিরিক্ত ব্যাটারি রাখা, কাপড় আলাদা ব্যাগে গুছিয়ে রাখা, ময়লা সঙ্গে করে ফিরিয়ে আনা এবং আগুন ব্যবহারের পর সম্পূর্ণ নিভিয়ে ফেলা।
প্রকৃতিকে পরিষ্কার রাখা ক্যাম্পিংয়ের অন্যতম দায়িত্ব। এছাড়া নদীর সীমার কাছে বা ঝরনার কাছে ক্যাম্পিং করা যাবে না। কারণ ঝরনার কাছে ফ্লাশ ফ্লাড হতে পারে বা নদীর কাছে জোয়ারের পানি বাড়তে পারে, ঝড় তৈরি হতে পারে।
লেখক ও ছবি কৃতজ্ঞতা: ট্যাভেল সার্ভিস প্রতিষ্ঠান নট এইট-এর ‘চিফ অব এক্সপেডিশন অ্যান্ড ট্রেইনার’ মামুন রনি।
আরও পড়ুন
রিসোর্ট বা হোটেল বুকিংয়ে যেসব বিষয় খেয়াল রাখা দরকার