১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রিসোর্ট বা হোটেল বুকিংয়ে যেসব বিষয় খেয়াল রাখা দরকার

বেড়াতে গিয়ে যাতে মানসিক চাপ নিতে না হয়, সেজন্য সব বিষয় আগেই পরখ করা প্রয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ছুটি কাটানোর উদ্দেশ্য হল জীবন উপভোগ করা, দুশ্চিন্তা বাড়ানো নয়।

আর হোটেলে থেকে বা রিসোর্টে গিয়ে দুয়েকটা দিন আনন্দে কাটাতে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।  

সেন্টমার্টিন ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আহম্মেদ হাসান ইস্পাহানি বলেন, “রিসোর্ট বুকিংয়ের সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে না গেলে হিতে বিপরীত হতে পারে।”

সঠিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এসব ভুল এড়ানো সম্ভব, বলে মনে করেন তিনি।

শর্তাবলি না পড়া

বুকিংয়ের সময় ছোট ছোট অক্ষরে লেখা শর্তাবলি মন দিয়ে পড়ুন। অনেক সময় ট্যাক্স, গ্র্যাচুইটি বা অতিরিক্ত সার্ভিস চার্জ প্যাকেজের বাইরে থাকে, যা পরে হাজার হাজার টাকার বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।

আবার বিনামূল্যে এয়ারপোর্ট ট্রান্সফারের গাড়ি আলাদা করে বুক করে ফেলার ঘটনাও ঘটে। ‘রিফান্ড’ বা ‘ক্যান্সেলেশন পলিসি’ না পড়লে পরে অপ্রত্যাশিত খরচ হতে পারে।

রিসোর্টের পরিবেশ যাচাই না করা

প্রতিটি রিসোর্টের আলাদা বৈশিষ্ট্য থাকে। কোনোটি শুধু বড়দের জন্য, কোনোটি পরিবার-কেন্দ্রিক। পরিবারের জন্য রিসোর্টে ‘স্লাইড’, ‘ডে-কেয়ার’ বা শিশুদের বিনোদনের সুবিধা বেশি।

শান্তিতে সময় কাটাতে চাইলে কোলাহলপূর্ণ ফ্যামিলি রিসোর্ট বুক করে ফেললে ছুটি মাটি হতে পারে। বুকিংয়ের আগে সুযোগ-সুবিধা, ইভেন্ট লিস্ট ও রিভিউ ভালোভাবে দেখে নিন।

খাবারের প্যাকেজ নিশ্চিত না করা

অনেকে মনে করেন, প্যাকেজ না নিয়ে রিসোর্টে গিয়ে আলাদা করে খাবার কিনলে সাশ্রয় হবে। তবে ‘অল-ইনক্লুসিভ’ রিসোর্টে আলাদা খাবারের দাম সাধারণত অনেক বেশি।

যে স্টার্টার বাইরে এক হাজার টাকা, রিসোর্টে সেটা তিন হাজার টাকাও হতে পারে। তাই প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকলে সেটা নেওয়াই সাশ্রয়ী।

শুধু রিসোর্টে বসে থাকা

সবকিছু রিসোর্টের ভেতরে পাওয়া যাচ্ছে বলে অনেকে বাইরের দুনিয়া ভুলে যান। এতে স্থানীয় সংস্কৃতি, রেস্তোরাঁ বা রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হয়।

সব সময় রিসোর্টের চারদেয়ালের ভেতরে থাকলে ভ্রমণ একঘেয়ে হয়ে যায়। তাই স্থানীয় স্বাদ নিতে ও নতুন অভিজ্ঞতার জন্য বাইরে যাওয়ার বাজেট আলাদা করে রাখুন।

‘সবকিছু অন্তর্ভুক্ত’ ধরে নেওয়া

প্যাকেজ মানে বিমানভাড়া থেকে টিপস— সবই অন্তর্ভুক্ত এমন ভাবা ভুল। একেক রিসোর্টের প্যাকেজ একেক রকম।

কোনোটিতে শুধু থাকা-খাওয়া, কোনোটিতে পানীয় বা টিপস নেই। বিমান ভাড়া সাধারণত প্যাকেজে থাকে না।

বুকিংয়ের পর কোন জিনিসগুলো প্যাকেজে অন্তর্ভুক্ত এবং কোনগুলোর জন্য আলাদা খরচ করতে হবে— তা ভালোভাবে দেখে নিন।

বাজেটের বাইরে গিয়ে খরচ করা

দামি প্যাকেজ নিতে সাধ্যের বাইরে যাবেন না। ঋণ করে বা জমানো সব টাকা খরচ করে ট্রিপে গেলে পুরো সফরে খিটখিটে মেজাজে থাকার সম্ভাবনা থাকে।

ছোটখাটো ত্রুটিতে মনে হবে, এত টাকা দিয়েও শান্তি নেই। প্যাকেজে নেই এমন বাড়তি সুবিধা নিতে গিয়ে দিন শেষে বিশাল বিলের মুখে পড়া থেকে সাবধান থাকুন। যা ব্যবহার করবেন না, তার জন্য টাকা দেবেন না।

অতিরিক্ত খাওয়ার চাপ নেওয়া

টাকা উশুল করতে অনেকে স্বাভাবিকের চেয়ে বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এটি অনুচিত। প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকলে সুযোগটি কাজে লাগান নতুন ডিশ চেখে দেখার জন্য। ভালো না লাগলে অন্য কিছু নেওয়ার সুযোগ তো থাকছেই।

ছুটি উপভোগ করতে গিয়ে অপ্রয়োজনীয় চাপ নেবেন না। সঠিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে রিসোর্ট বুকিং করলে ছুটি সত্যিই আনন্দময় হয়ে উঠবে।

আরও পড়ুন

ঈদের ছুটিতে ভ্রমণ: প্রস্তুতি নেওয়ার এখনই সময়

পদ্মার বুকে ঘুরে আসাই যায় হাউজবোটে চড়ে

শুধু ঘুমের জন্য ভ্রমণ