Published : 14 Apr 2014, 05:52 PM
পহেলা বৈশাখে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি ও শাড়ি পরে শোভাযাত্রার পাশাপাশি বের হয় ধুতি শোভাযাত্রাও।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় সংলগ্ন মিলন চত্বর থেকে ‘চেতনায় বাঙলা ও বাঙালিয়ানা’ ব্যানারে শোভাযাত্রা বের হয়, যাতে অংশগ্রহণকারী নারীরা শাড়ি ও পুরুষরা লুঙ্গি ও গামছা পরা ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচারর্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন।
ঢোলের বাধ্য আর বাঁশির সুরে নেচে-গেয়ে উল্লাসের মধ্য দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিলন চত্বরে শেষ হয় এই শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে ছিল পান্তাভোজের আয়োজন। এরপর সবার মাঝে বিতরণ করা হয় মুড়ি, খই, বাতাসাসহ দেশীয় খাবার।
সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে আরেকটি শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা। ধুতি পরে এবং শরীরে রঙ মেখে প্রায় একশ’ শিক্ষার্থী এ শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
কলা ভবনের সামনের আমতলায় ‘খেলাঘর’ ঢাকা মহানগর শাখার আয়োজনে হয় ক্ষুদে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও সাংস্কৃতিক সংগঠনগুলো ক্যাম্পাসে বিভিন্ন স্থানে তাদের আয়োজন নিয়ে ঢাবিতে আসা দর্শনার্থীদের কাছে উপস্থাপন করেন।