Published : 07 Jul 2026, 01:01 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দিন।
নিহত খাদিজা বেগম (২৪) ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ও জাকির বেপারীর স্ত্রী।
হাসপাতালে থাকা নিহতের স্বজনরা বলেন, মঙ্গলবার সকালে রান্নার প্রস্তুতির জন্য রান্নাঘর থেকে লাকড়ি-খড়ি বের করতে যান খাদিজা। এ সময় লাকড়ির স্তূপে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়।
তার চিৎকারে স্বজনরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সাপটি পালিয়ে যাওয়ায় কোন জাতের সাপ ওই নারীকে কামড় দিয়েছে তা জানাতে পারেননি স্বজনরা।
চিকিৎসক শিহাব উদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে তাকে 'ব্রট ডেড’ ঘোষণা করা হয়।”