২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়া দেখতে চান বেশিরভাগ আমেরিকান

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২,৬৭০ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 12:05 AM

Updated : 17 Oct 2023, 12:17 AM

আমেরিকার বেশিরভাগ মানুষ ইসরায়েলকে সমর্থন করেন। নয় দিন আগে দেশটির উপর হামাসের নজিরবিহীন হামলার পর সে সমর্থন আরো বেড়েছে। কিন্তু একইসঙ্গে বেশিরভাগ আমেরিকান চান গাজা থেকে সাধারণ ফিলিস্তিনিদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা করুক।

সম্প্রতি রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার চালানো দুই দিনের এই জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ অংশগ্রহণকারী ‘গাজার বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপদ কোনো দেশে সরে যাওয়ার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সক্রিয়ভাবে কাজ করা উচিত’ বলে মনে করেন।

২২ শতাংশ অংশগ্রহণকারী এতে দ্বিমত পোষন করেছেন।

গত ৭ অক্টোবর প্রথম গাজা থেকে ইসরায়েলে তীব্র রকেট হামলা চালায় হামাস। তারপর সীমান্ত অতিক্রম করে হাজারো হামাস যোদ্ধা দেশটির দক্ষিণাঞ্চলে প্রবেশ করে রীতিমত হত্যাযজ্ঞ চালায়। হত্যা করে ১৩শ’র বেশি মানুষকে। নিহতদের মধ্যে ইসরায়েলি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, শ্রীলঙ্কাসহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিকর রয়েছে।

জবাবে আকাশ হামলা চালিয়ে গাজা ধ্বংস করে ফেলতে চাইছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সঙ্গে তাদের ৭৫ বছরের যুদ্ধের ইতিহাসে এত প্রচণ্ড আকাশ হামলা অতীতে কখনো করেনি ইসরায়েল। এখন তারা গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে। লক্ষ্য ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া।

পুরনো খবর:

রাফাহ ক্রসিং কি গাজার ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর একমাত্র পথ

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২,৬৭০ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মরিয়া।

কিন্তু গাজা থেকে তাদের বের হওয়ার সব পথ বন্ধ। গাজা থেকে মাত্র তিনটি ক্রসিং দিয়ে ফিলিস্তিনিরা বের হতে পারে। তার মধ্যে গাজার উত্তর সীমান্তের এরেজ ক্রসিং এবং কেরেম শালম বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বাকি মিশরীয় সীমান্তের রাফাহ ক্রসিং। সেটাও এখনো বন্ধ রেখেছে দেশটির সরকার।

মিশর সরকার বলেছে, ইসরায়েল রাফাহ ক্রসিংয়ের কাছে হামলা বন্ধ না করলে তারা ক্রসিং খুলবে না। সব ফিলিস্তিনিকে তারা আশ্রয়ও দিতে চাইছে না বলে খবরে ধারণা প্রকাশ করেছে বিবিসি।

পশ্চিমা দেশগুলো বিদেশি পাসপোর্টধারীদের গাজা থেকে বের হয়ে যাওয়ার এবং সেখানে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য রাফাহকে নিরাপদ রাখার নিশ্চয়তা পেতে চেষ্টা করছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করছে বলেও খবর বিবিসির।