লন্ডনে স্কুলে গাড়ির ধাক্কা, শিশু নিহত
উইম্বেলডনের একটি প্রাথমিক স্কুলে এ ঘটনার পরই সেখানে উপস্থিত হন অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কর্মীরা।
লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উইম্বেলডনের একটি প্রাথমিক স্কুলে গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আরও বেশ কয়েকজন আহতও হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এরপরই সেখানে উপস্থিত হন অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কর্মীরা।
কর্তৃপক্ষ প্রাথমিক খবরে জানিয়েছিল, গাড়ির ধাক্কায় মোট সাত শিশু ও দুজন প্রাপ্ত বয়স্ক আহত হয়। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী তৎপরতা বলে মনে করছে না।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আমরা ঘটনাস্থলে রয়েছি এবং ঘটনার পুরো পরিস্থিতি নিয়ে তদন্ত করছি।
“আমরা নিশ্চিত করছি যে, গাড়িচালক হিসেবে ৪০-এর কোঠার এক নারীকে গ্রেফতার করা হয়েছে।”
দ্য স্টাডি প্রিপারেটরি স্কুলটি উইম্বেলডনের ক্যাম্প রোডে অবস্থিত। স্কুলটিতে ৪ থেকে ১১ বছর বয়সী শিশুরা পড়াশোনা করে।
