২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের সময়ও লকডাউনে আটকা অধিবাসীরা, শোরগোল চীনে

চীনে সিচুয়ান প্রদেশের চেংডুতে কোভিড লকডাউন চলার কারণে শক্তিশালী ভূমিকম্পের সময়ও লোকজনকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

ভূমিকম্পের সময়ও লকডাউনে আটকা অধিবাসীরা, শোরগোল চীনে

চীনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির একটি চিত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 09:35 PM

Updated : 06 Sep 2022, 09:35 PM

চীনের চেংডু নগরীতে কোভিড লকডাউন চলার কারণে ভূমিকম্পের সময়ও অধিবাসীদের বাড়িতে আটকে রাখার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ সঞ্চার হয়েছে। পড়ে গেছে শোরগোল।

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে সোমবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। চেংডু এই প্রদেশেরই রাজধানী।

বিবিসি জানায়, চেংডুতে কেউ কেউ বলেছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের সময়ও তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। যারা দৌড়ে বাইরে বেরোনোর চেষ্টা করেছেন তারাও লকডাউনের কারণে জরুরি নির্গমন পথ বন্ধ পেয়েছেন।

চেংডুতে ২ কোটি ১০ লাখ মানুষের বাস। বর্তমানে সেখানে কোভিড মোকাবেলায় কঠোর লকডাউন চলছে। চীন জিরো-কোভিড নীতি নিয়েছে। এর আওতায় তারা কোথাও কোভিড শনাক্ত হলে সেখানে নিয়মিতভাবে লকডাউন জারি করছে।

কখনও কখনও এপার্টমেন্ট ভবনগুলোতে একজনের কেভিড পজিটিভ পাওয়া গেলেও সেই ভবনগুলোকে ‘বন্ধ এলাকা’ ঘোষণা করা হচ্ছে।

Image

ছবি: ডোউইন/বিবিসি

চীনের টিকটক প্ল্যাটফর্ম ডোউইনে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, চেংডুতে ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন শিকল বাঁধা দরজার পেছনে দাঁড়িয়ে বাইরে বেরোনোর জন্য চিৎকার করছে।

তাদের মধ্য থেকে একজন নিরাপত্তা রক্ষীর কাছে দ্রুত দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করতে করতে নিজেই দরজা খোলার চেষ্টা করছে। আর নিরাপত্তা রক্ষীরা তাকে বলছে, “ভূমিকম্প শেষ, ভূমিকম্প এরই মধ্যে শেষ হয়ে গেছে।”

আরেকটি ভিডিওতে লাউডস্পিকারে দেওয়া একটি বার্তার অডিও রেকর্ডিং শোনা গেছে। তাতে বলা হয়েছে, “বাড়ি ফিরে যান। দরজায় ভিড় করবেন না। এটা একটা ভূমিকম্প মাত্র। আমাদের এমন ভূমিকম্পের অনেক অভিজ্ঞতা আছে।”

এক অধিবাসী বিবিসি-কে বলেছেন, ভূমিকম্পের কম্পন শুরু হওয়ার পর তিনি ভয়ে ৩০ তলা ভবন থেকে দৌড় দিয়ে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু বেরোতে না পেরে দরজার কাছে ভিড় জমানো অন্য সবার মতো তিনিও চিৎকার শুরু করেন।

ভূমিকম্পের মধ্যে লকডাউনের কারণে ভবনে আটকা পড়া মানুষদের মধ্যে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু এইরকম একটি দুর্যোগের সময় লোকজনকে ভবনে আটকে রাখার খবরে মাইক্রোব্লগিং সাইট উইবোতে সমালোচনার ঝড় উঠেছে।

নানাজন নানা মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ভবনের ভেতরে থেকে মারা পড়লেও ভাল, অন্তত কোভিডে তো আক্রান্ত হতে হল না। আবার কেউ লিখেছেন, সাংবিধানিকভাবে নাগরিকরা নিজেদের নিরাপত্তার জন্য অবাধেই পালাতে পারেন।

ওদিকে, চেংডুর স্বাস্থ্য কমিশন পরে তাদের কার্যালয়ের উইচ্যাট অ্যাকাউন্টে এক পোস্টে বলেছে, “ভূমিকম্প, আগুন, বন্যা এবং অন্যান্য বিপর্যয়ের ক্ষেত্রে জনগণের জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত।”