২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে জান্তাবিরোধী আন্দোলনে সাবেক বিদ্রোহী নেতা

সাবেক এই নেতা আইসা আগ বুলা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহাল করাই তার আন্দোলনের লক্ষ্য।

নাইজারে জান্তাবিরোধী আন্দোলনে সাবেক বিদ্রোহী নেতা

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 09 Aug 2023, 06:31 PM

Updated : 09 Aug 2023, 06:31 PM

নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন দেশটির সাবেক এক বিদ্রোহী নেতা ও রাজনীতিবিদ। নাইজারে সেনাশাসনের বিরুদ্ধে দেশের ভেতরে প্রতিরোধের এটিই প্রথম আলামত।

সাবেক ওই বিদ্রোহী নেতা আইসা আগ বুলা বুধবার এক বিবৃতিতে বলেছেন, তার নতুন কাউন্সিল অব রেসিসটেন্স ফর দ্য রিপাবলিক (সিআরআর) এর লক্ষ্য হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় ফিরিয়ে আনা। জান্তা ক্ষমতা নেওয়ার পর থেকে বাজোমকে তার বাসভবনে আটকে রাখা হয়েছে।

নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় থাকা আঞ্চলিক ব্লক ‘দ্য ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্টার্ন আফ্রিকান স্টেটস’ (ইকোওয়াস) বা অন্য যে কোনও আন্তর্জাতিক পক্ষকে সিআরআর সমর্থন করে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

সিআরআর এর একজন সদস্য বলেছেন, কয়েকজন রাজনীতিবিদও এই বিদ্রোহী দলে যোগ দিয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে সেকথা জনসম্মুখে প্রকাশ করেননি।

নাইজারে বাজোমকে ক্ষমতায় ফেরানোর সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা জান্তা নাকচ করায় তা দৃশ্যত থমকে যাওয়া এবং অভ্যুত্থানে সমর্থন দেওয়া প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসো জাতিসংঘে নাইজারে কোনও সামরিক হস্তক্ষেপ ঠেকাতে আবেদন জানানোর পর সিআরআর এর আন্দোলনের এই উদ্যোগ এল।

গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়। ক্ষমতা দখল করা জান্তা বাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে পশ্চিম আফ্রিকার নেতারা সময় বেঁধে দিয়েছিলেন। সে সময়সীমা গত রোববার শেষ হয়েছে।

নাইজারের জান্তা বাহিনীকে ক্ষমতা হস্তান্তর করে ঘাঁটিতে ফিরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছিল ইকোওয়াস। নাইজারের জান্তা তা উপেক্ষা করেছে। আল্টিমেটাম না মানলে ইকোওয়াসের পক্ষ থেকে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। যদিও তারা বলেছে, তারা এ সংকটের শান্তিপূর্ণ সমাধানই প্রত্যাশা করছে।

ইউরেনিয়াম এবং তেল সমৃদ্ধ দেশ নাইজার অর্থনৈতিক এবং কৌশলগত উভয় কারণেই যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এবং রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সক্রিয় ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের বড় মিত্র ছিলেন নাইজারের বন্দি প্রেসিডেন্ট বাজোম। তাই তারা চায় বাজোম ক্ষমতায় ফিরুন।

কিন্তু মালি ও বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করা জান্তা বাহিনী প্রতিবেশী নাইজারের জান্তা বাহিনীকে সমর্থন দিয়ে বলেছে, প্রয়োজনে তারা নাইজারের প্রতিরোধ যুদ্ধে সহায়তা করবে।