পাকিস্তানে নিরাপত্তা ফাঁড়িতে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত
পাকিস্তানের খাইবার পখতুনখওয়া প্রদেশে দেরা ইসমাইল খানের দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোষ্টে এই হামলা হয়।
পাকিস্তানের খাইবার পখতুনখওয়া প্রদেশে দেরা ইসমাইল খানের দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোষ্টে একদল সন্ত্রাসীর হামলায় সামরিক বাহিনীর ২৩ সেনা নিহত হয়েছে।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা মঙ্গলবার এ খবর জানিয়েছে। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসএসপিআর) জানায়, ৬ সন্ত্রাসী মঙ্গলবার সকালে নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়।
চেকপোস্টে ঢোকার সন্ত্রাসীদের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হলে তারা সেখানে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটায় এবং এরপর আত্মঘাতী বোমা হামলা চালায়।
বিস্ফোরণের ধাক্কায় ভবন ভেঙে পড়ে। বেশ কয়েকজন মানুষ হতাহত হয়। নিহত হয় ২৩ জন সেনা। ৬ সন্ত্রাসীকেও মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
আহত অন্তত ৩৪ জনকে দেরা ইসমাইল খান এলাকার সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আরও কোনও সন্ত্রাসী থেকে থাকলেতাদের নির্মূল করতে অভিযান চলছে।
পাকিস্তানের তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।
বিবৃতিতে টিজেপি বলেছে, পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে তারা। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তারা টিজেপি’র দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি।
টিজেপির সঙ্গে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কোনো সম্পর্ক আছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। টিটিপি পাকিস্তানের ইসলামাবাদ সরকারকে উৎখাত করে দেশটিতে তদের নিজস্ব ধারার শরিয়া শাসন চালু করতে চায়।
