২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির ভিসায় কড়াকড়ি বাড়াচ্ছে নিউ জিল্যান্ড

নতুন নিয়মে কম দক্ষতাসম্পন্ন চাকরির ক্ষেত্রেও ইংরেজি ভাষায় দক্ষতা, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে আবেদনকারীদের।

চাকরির ভিসায় কড়াকড়ি বাড়াচ্ছে নিউ জিল্যান্ড

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 08 Apr 2024, 06:35 PM

Updated : 08 Apr 2024, 06:57 PM

চাকরির ভিসার নিয়মে কড়াকড়ি করার পদক্ষেপ নিতে চলেছে নিউ জিল্যান্ড।গতবছর নিউ জিল্যান্ডে অভিবাসন প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছে যাওয়ার পর দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেছেন, দেশের অভিবাসন পরিস্থিতি ঠিক করাটা বর্তমান সরকারের অর্থনীতি নতুন করে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ।

নতুন নিয়মে কম দক্ষতাসম্পন্ন যারা চাকরির জন্য আবেদন করবেন, তাদেরও ইংরেজি ভাষার দক্ষতা লাগবে। আর এই চাকরিজীবীদের নিউ জিলান্ডে একটানা থাকার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হবে।

তাছাড়া, চাকরির ভিসার জন্য আবেদন করা বেশির ভাগ মানুষেরই সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নতুন নিয়মে।

নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা এক বিবৃতিতে বলেছেন, “যেসব জায়গায় দক্ষতার অভাব আছে, সেখানে উচ্চ দক্ষ অভিবাসীদের আকর্ষণ করা ও ধরে রাখায় মনোনিবেশ করেছে সরকার। যেমন: মাধ্যমিক স্তরের শিক্ষক।

“একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউ জিল্যান্ডের নাগরিকরা যাতে অগ্রাধিকার পায়, যেখানে দক্ষতার অভাব নেই।”

বিবৃতিতে বলা হয়, গত বছর নিউ জিল্যান্ডে পাড়ি জমিয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার অভিবাসী। করোনাভাইরাস মহামারীর পরই দেশটিতে অভিবাসী আগমনের এই ঢলে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াতেও বেড়েছে অভিবাসীর সংখ্যা। ফলে আগামী দুই বছরে অভিবাসী নেওয়ার সংখ্যা কমিয়ে অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।