কোভিড মোকাবেলায় চীনকে সহায়তার প্রস্তাব তাইওয়ানের
তবে তাইওয়ানের কাছে চীনের সামরিক কর্মকাণ্ড শান্তি ও স্থিতিশীলতার জন্য হিতকর নয় বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।
কোভিড সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় চীনকে ‘প্রয়োজনীয় সহায়তা’ করার প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
তবে তাইওয়ানের কাছে চীনের সামরিক কর্মকাণ্ড শান্তি ও স্থিতিশীলতার জন্য হিতকর নয় বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার নতুন বছর উপলক্ষে প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বার্তায় সাই-ইং-ওয়েন বলেন, “চীনে কোভিড সংক্রমণ বাড়তে সবাই দেখেছে। মানবিক সেবার দিক থেকে দেখলে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা মানুষকে মহামারী থেকে রক্ষা করে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ একটি বছর পার করতে সহায়তা করতে ইচ্ছুক।”
চীন গত মাসে গণবিক্ষোভের মুখে হঠাৎ করেই জিরো-কোভিড নীতি বদলে লকডাউনের মতো কঠোর সব বিধিনিষেধ তুলে নিতে শুরু করে। কিন্তু বিধিনিষেধ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাড়তে থাকে কোভিড সংক্রমণ। দিনেই এখন চীনে সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ।
এমন একটি সময়েই কোভিড মোকাবেলায় চীনকে সহায়তার প্রস্তাব দিল তাইওয়ান। তবে কোভিড সংক্রমণ মোকাবেলায় চীনকে ঠিক কী ধরনের সহায়তা করতে তাইওয়ান ইচ্ছুক সে বিষয়ে বিশদ কোনও বিবরণ দেননি ওয়েন।
কোভিড ছড়িয়ে পড়া রোধে একে অপরের নানা পদক্ষেপ নিয়ে বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়েছে চীন ও তাইওয়ান। গত বছর কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার পর মহামারী সামলাতে কার্যকর কোনও ব্যবস্থাপনা না থাকার অভিযোগে তাইওয়ানের সমালোচনা করেছে চীন।
অন্যদিকে, চীনের বিরুদ্ধে স্বচ্ছতার অভাব থাকা এবং তাইওয়ানে টিকা সরবরাহে হস্তক্ষেপ করার চেষ্টার অভিযোগ করেছে তাইওয়ান। চীন অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
তাছাড়া, চীন তাদের সামরিক শক্তির জানান নিয়মিতই তাইওয়ানকে দিয়ে চলেছে। ঘন ঘন তাইওয়ানের আকাশসীমায় হানা দিচ্ছে চীনের ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান। তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে চীন। দরকার পড়লে সামরিক শক্তি ব্যবহার করেও তাইওয়ান দখল করতে প্রস্তুত চীন।
তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই নিজের নতুন বছরের বার্তায় চীনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “যুদ্ধ সমস্যা সমাধানের কোনও উপায় নয়।”
ওদিকে, শনিবার সন্ধ্যায় দেওয়া নতুন বছরের ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান নিয়ে তেমন কোনও মন্তব্য করেননি। কেবল তাইওয়ান প্রণালির দুইপাশের বাসিন্দাদের 'একই পরিবারের সদস্য' আখ্যা দেন তিনি। তাইওয়ানকে চীনের নিয়ন্ত্রণে আনার চেষ্টার বিষয়ে কোনও কথা বলেননি তিনি।
সাংবাদিকদের কাছ থেকে এ বিষয়ে প্রশ্নের জবাবে সাই বলেন, তিনি প্রেসিডেন্ট শির ‘তুলনামূলক ভদ্র’ এই মন্তব্য লক্ষ্য করেছেন।
তবে তিনি বলেন, “আমি মানুষকে মনে করিয়ে দিতে চাই - তাইওয়ানের কাছে পিপলস লিবারেশন আর্মির সামরিক কার্যকলাপ আন্তঃপ্রণালী সম্পর্ক বা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মোটেও হিতকর নয়।”
