২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মগ্রন্থ পুড়িয়ে প্রতিবাদ নিষিদ্ধের কথা ভাবছে ডেনমার্ক

সুইডেনের প্রধানমন্ত্রীও তার দেশে একই ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে কাজ শুরু হয়ে গেছে বলে জানান।

ধর্মগ্রন্থ পুড়িয়ে প্রতিবাদ নিষিদ্ধের কথা ভাবছে ডেনমার্ক

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 08:07 PM

Updated : 31 Jul 2023, 08:07 PM

নিরাপত্তা বিনষ্ট এবং কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার উদ্বেগ থেকে প্রতিবাদের সময় কোরআন বা অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থ পোড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ডেনমার্ক।

এ বিষয়ে ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যদিও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ ধরনের প্রতিবাদে কেবল চরমপন্থিরাই উপকৃত হয়, এতে দেশে নিরাপত্তা হুমকির সৃষ্টি হয়।

তাই ডেনমার্ক সরকার সেখানে নানা দেশের দূতাবাসের বাইরেসহ এমন কিছু বিক্ষোভ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের আইনি উপায় খুঁজে দেখছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সুইডেনও একই উপায় খুঁজে পেতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

বিবিসি জানায়, দুই স্ক্যান্ডিনেভিয়ান দেশেই গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে চলা কয়েকটি বিক্ষোভে বিক্ষোভকারীদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্ত কোরআন পোড়ানোর অনুমতি দিয়ে কূটনৈতিকভাবে বেশ চাপে পড়েছে।

তাদের যুক্তি ছিলে, মানুষের বাকস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতেই তারা ওই অনুমতি দিয়েছে। কিন্তু বিশ্বজুড়ে মুসলিম প্রধান দেশগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

কেউ কেউ সুইডেন ও ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে।

এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজ্যুলেশন পাস হয়েছে। যেখানে সদস্য সব রাষ্ট্রকে প্রতিবাদের নামে যেকোনো ধর্মের পবিত্র গ্রন্থ কে অসম্মান বা পোড়ানো বন্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, তারা এমন কিছু বিক্ষোভে হস্তক্ষেপ করার উপায় খুঁজছে যেখানে ‘অন্যান্য দেশ, সংস্কৃতি এবং ধর্মের অবমাননা করা হচ্ছে এবং যা ডেনমার্কের জন্য উল্লেখযোগ্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে’…যার মধ্যে নিরাপত্তা উদ্বেগও রয়েছে।

তবে ডেনিশ সরকারের পক্ষ থেকে বাকস্বাধীনতার সুরক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার এবং যেকোন পরিবর্তনই অবশ্য ‘সাংবিধানিকভাবে সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতার কাঠামোর মধ্যে  থেকে করা হবে এবং এমন একটি পদ্ধতিতে তা করা হবে যা ডেনমার্কে মত প্রকাশের স্বাধীনতার বিস্তৃত সুযোগ রয়েছে, এই সত্যকে পরিবর্তন করবে না’।

বিতর্কিত ওই প্রতিবাদগুলো ডেনমার্কের আন্তর্জাতিক খ্যাতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও ওই বিবৃতিতে বিশেষভাবে স্বীকার করে নেওয়া হয়। একইসঙ্গে  ধর্মীয় গ্রন্থ পোড়ানোর ঘটনায় সরকার অতীতে যে নিন্দা প্রকাশ করেছে তার পুনরাবৃত্তিও করা হয়।

বলা হয়, এই বিক্ষোভগুলি এমন একটি স্তরে পৌঁছেছে যেখানে ডেনমার্ককে বিশ্বের অনেক অংশে এমন ‘একটি দেশ হিসাবে দেখা হচ্ছে যেখানে অন্যান্য দেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের অবমাননা ও অসম্মান করার সুযোগ রয়েছে’।

গত জুন মাসে সুইডেনে শরণার্থী হিসেবে বসবাস করা এক খ্রিস্টান ইরাকি রাজধানী স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে কোরআন পোড়ান। যার বিরুদ্ধে মুসলিম বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

কিন্তু সুইডেন সরকার ওই ব্যক্তিকে দ্বিতীয়বারের মত একই কাণ্ড করতে দিলে ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ইরাকি বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে সুইডেনকে দূতাবাস খালি করতে হয়।

যার জেরে গত সপ্তাহে চরম ডানপন্থি দুই ডেনিশ বিক্ষোভকারী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে কোরআন পোড়ায় এবং ইরাকের পতাকাকে অসম্মান করে।