২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাগরে চীনের দেওয়া ‘ভাসমান বেড়া সরাবে’ ফিলিপিন্স

“আমরা। চীনের বসানো এই বেড়া আমাদের মৎসজীবীদের ঐতিহ্যগত মাছ ধরার অধিকারের লঙ্ঘন।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 12:20 PM

Updated : 16 Jan 2024, 12:20 PM

দক্ষিণ চীন সাগরের স্কারবোরো মগ্নচড়ার কাছে পাতা ভাসমান বেড়ার ছবি প্রকাশ করে ফিলিপিন্স অভিযোগ করেছে, ওই বেড়া এবং এর কাছে থাকা চীনের কোস্টগার্ড মাছ ধরার জলযানগুলোকে ওই এলাকায় ঢোকার পথে বাধা সৃষ্টি করছে। এমন অবস্থায় তাদের মৎসজীবীদের অধিকার রক্ষা করার অঙ্গীকার করেছে দেশটি। 

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এ এলাকায় ‘বেড়া অপসারণের জন্য সব ধরনের উপযুক্ত পদক্ষেপ’ নেওয়ার কথাও জানিয়েছেন ফিলিপিন্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদুয়ার্দো আনো। সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “চীনের কোস্টগার্ডের ভাসমান বেড়া স্থাপনের নিন্দা জানাই আমরা। চীনের বসানো এই বেড়া আমাদের মৎসজীবীদের ঐতিহ্যগত মাছ ধরার অধিকারের লঙ্ঘন।” 

সোমবার ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই বেড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশের সাবভৌমত্ব ও জেলেদের জীবিকা রক্ষায় ফিলিপিন্স উপযুক্ত সব পদক্ষেপ গ্রহণ করবে।” 

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে চীনের ম্যানিলা দূতাবাস সাড়া দেয়নি।

দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ এলাকাই চীন নিজেদের বলে দাবি করেছে। তাদের দাবি করা জলসীমার মধ্যে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের অর্থনৈতিক অঞ্চল পড়েছে। ২০১২ সালে চীন স্কারবোরো মগ্নচড়া দখল করে নেয়। 

ফিলিপিন্সের কোস্ট গার্ডের কমডোর জয় তারিয়েলা বলেন, একটি টহল বোট শুক্রবার ওই বেড়া দেখতে পেয়েছে। তিনি জানান, ফিলিপিন্সের নৌকা ওই এলাকায় পৌঁছানোর সময় দেখতে পায় চীনের কোস্টগার্ডের তিনটি নৌকা এবং চীনা মেরিটাইম মিলিশিয়া সার্ভিসের একটি নৌকা বেড়া স্থাপনের কাজ করেছে।

চীনের নৌকাগুলো ফিলিপিন্সের নৌকা ও জেলেদের বিরুদ্ধে আন্তর্জাতিক ও চীনা আইন ভঙ্গের অভিযোগ করেছে। 

কমডোর তারিয়েলা বলছেন, চীনের বসানো বেড়ার কারণে জেলেরা তাদের জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে। - সংবাদসূত্র: রয়টার্স 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)