২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলযানের মধ্যে প্রায় সংঘর্ষ, দক্ষিণ চীন সাগরে চীন-ফিলিপিন্স উত্তেজনা

চীনের জাহাজ ফিলিপিনো কোস্টগার্ডের জাহাজের যাত্রাপথের ১ মিটারের মধ্যে চলে আসে। এতে প্রায় টক্কর লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

জলযানের মধ্যে প্রায় সংঘর্ষ, দক্ষিণ চীন সাগরে চীন-ফিলিপিন্স উত্তেজনা

চীনের কোস্টগার্ড জাহাজের কাছে ফিলিপিনো পণ্য সরবরাহকারী নৌকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 11:35 PM

Updated : 06 Oct 2023, 11:35 PM

দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের কোস্টগার্ডের জাহাজ এবং চীনা জাহাজের প্রায় সংঘর্ষের পর্যায়ে চলে আসা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। চীনা জাহাজ ফিলিপিনো কোস্টগার্ডের জাহাজের ১ মিটারের মধ্যে চলে আসে। এতে প্রায় টক্কর লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ফিলিপিনো নৌকা বিআরপি সিন্দানগান সঙ্গে সঙ্গেই নৌকার ইঞ্জিন বন্ধ করে বিপরীত দিকে সরে যাওয়ার প্রস্তুতি নেয়। ওদিকে, চীনের কোস্টগার্ড একটি মেগাফোনের মধ্য দিয়ে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেয়।

ঘটনাটি বুধবার ঘটেছে বলে জানায় বিবিসি। চীন এবং ফিলিপিনো দুই দেশের জলযানই একেবারে পাশাপাশি অবস্থানে চলে এসেছিল। ফিলিপিন্সের দুটো কোস্টগার্ড জাহাজ পণ্য সরবরাহকারী দুটি ছোট ফিলিপিনো বাণিজ্যিক নৌকাকে পাহারা দিয়ে সেকেন্ড থমাস শোল দ্বীপে নিয়ে যাচ্ছিল।

পথেই ঘটে ওই ঘটনা। ফিলিপিন্সের ছোট্ট বাণিজ্যিক নৌকাগুলোর কাছে চলে আসে এর চেয়ে পাঁচ গুণ বড় চীনা কোস্টগার্ডের জাহাজ এবং চীনের চিহ্ন সম্বলিত আরও দুটি ব্লু মিলিশিয়া জাহাজ।

দুই দেশের জাহাজ কাছাকাছি অবস্থানে চলে আসার সঙ্গে সঙ্গে চীনা জাহাজ থেকে ফিলিপিনোদেরকে সরে যেতে বলা হয়। কিন্তু ফিলিপিনো জাহাজ তা মানতে অস্বীকৃতি জানায়। আর তখনই চীনা জাহাজগুলো একযোগে ফিলিপিনো জাহাজকে বাধা দেওয়ার চেষ্টা করে।

ফিলিপিনো বাণিজ্যিক নৌকাগুলো ছোট হওয়ায় বাধা এড়িয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ফিলিপিনো কোস্টগার্ডের দুই জাহাজ আকৃতিতে বড় হওয়ার কারণে বাধা পেরোতে পারেনি এবং এক পর্যায়ে চীনা জাহাজগুলো কয়েকমিটারের মধ্যে চলে আসে।

জাহাজগুলো এতটাই কাছাকাছি পৌঁছে গিয়েছিল যে, জাহাজের ক্রুরা একে অপরের ছবি তুলেছে। ফিলিপিনো একটি সামরিক বিমানকে এ সময়ে আকাশে চক্কর দিতে দেখা যায়। কয়েকঘন্টা জাহাজগুলো এতটা কাছাকাছি অবস্থানে ছিল। পরে সব জাহাজই নিরাপদে বন্দরের পথে ফিরে যায়।

ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক আদান-প্রদান জোরদার হতে থাকার প্রেক্ষাপটে এ বছর চীন এবং ফিলিপিন্সের মধ্যে সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে। তার ওপর দক্ষিণ চীন সাগরে গত মাসে ফিলিপিনো জেলে নৌকা ঠেকাতে চীনের বেড়া বসানো এবং ফিলিপিন্সের সেই বেড় সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে বেইজিং-ম্যানিলা উত্তেজনা তুঙ্গে উঠেছে।