থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া বালকের যুক্তরাজ্যে মৃত্যু
প্রমথেপ সেই ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন যারা ২০১৮ সালে থাইল্যান্ডের একটি পাহাড়ি গুহায় দুই সপ্তাহ ধরে আটকা পড়েছিলেন।
থাইল্যান্ডের একটি গুহা থেকে ২০১৮ সালে যে ১২ জন বালককে উদ্ধার করা হয়েছিল তাদের একজন, ডুয়ংপেত প্রমথেপ যুক্তরাজ্যে মারা গেছেন।
তার মৃত্যুর কারণ পরিষ্কার হয়নি, কিন্তু ১৮ বছর বয়সী এই তরুণ মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।
২০২২ সালের শেষের দিকে ১৭ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের লেস্টারশায়ারের ব্রুক হাউজ কলেজ ফুটবল একেডেমিতে ভর্তি হয়েছিলেন, জানিয়েছে বিবিসি।
প্রমথেপ সেই থাই ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন যারা ২০১৮ সালে তাদের কোচসহ থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি পাহাড়ি গুহায় দুই সপ্তাহ ধরে আটকা পড়েছিলেন।
প্রমথেপের মা চিয়াং রাইতে তাদের শহরের ওয়াট দোই ওয়াও মন্দিরকে ছেলের মৃত্যু সংবাদ জানিয়েছেন। প্রমথেপদের ফুটবল দলটি প্রায়ই এই মন্দিরে যেত। বুধবার মন্দিরটি ফেইসবুকে করা এক পোস্টে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে, সঙ্গে মন্দিরের ভিক্ষুদের সঙ্গে তাদের ফুটবল দলের একটি ছবিও দিয়েছে।
প্রমথেপ তাদের এলাকায় ডোম নামেও পরিচিত। গুহা থেকে উদ্ধার পাওয়া ডোমের ওই দলের কয়েকজন সতীর্থও তার মৃত্যুর খবরটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে শেয়ার করেছেন।
থাইল্যান্ডের অলাভজনক প্রতিষ্ঠান জিকো ফাউন্ডেশন প্রমথেপকে ইংল্যান্ডে পড়াশোনা করার স্কলারশিপ পেতে সহায়তা করেছিল, তারাও তার মৃত্যুতে ফেইসবুকে শোক প্রকাশ করেছে।
২০১৮ সালের ২৩ জুন মু পা (বন্য শুকর) ফুটবল দলের অংশ হয়ে প্রমথেপ থাম লুয়াং গুহায় ঘুরতে গিয়েছিলেন, সঙ্গে তাদের কোচও ছিল। তারা লম্বা ওই গুহার ভেতরে থাকার সময় বাড়তে থাকা বন্যার পানিতে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়, তারা ভেতরে আটকা পড়ে যান।
ওই সময় তার বয়স ছিল ১৩ বছর আর তার দলের অন্যদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে ছিল।
গুহায় দুই সপ্তাহ ধরে আটকে থাকার পর ওই বালকরা ও তাদের কোচ উদ্ধার পান। প্রায় ১০০ জন থাই ও বিদেশি ডুবুরি তাদের সন্ধান ও উদ্ধারের নাটকীয় অভিযানে অংশ নিয়েছিল। কেটামিন নামের ওষুধ প্রয়োগ করে তাদের উদ্ধার করে আনা হয়েছিল।
থাম লুয়াং থাইল্যান্ডের চতুর্থ বৃহত্তম গুহা। প্রমথেপদের ফুটবল দলটি প্রায়ই সেখানে ঘুরতে যেত।
ওই সময় উদ্ধারের এই কাহিনী বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম হয়েছিল। পরে এই ঘটনা নিয়ে অনেকগুলো বইও লেখা হয়, বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয়।
আগের খবর:
