২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের বিরুদ্ধে তালেবানের অপরাধ আইসিসি-তে বিচারের আহ্বান

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারী ও মেয়েদের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে।

নারীদের বিরুদ্ধে তালেবানের অপরাধ আইসিসি-তে বিচারের আহ্বান

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 08:09 PM

Updated : 10 Aug 2023, 08:09 PM

আফগানিস্তানে নারী ও মেয়েদের বিরুদ্ধে তালেবানের আচরণকে মানবতবিরোধী অপরাধ আখ্যা দিয়ে তা আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) বিচারের আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারী ও মেয়েদের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে।

বিবিসি- তে এক বক্তব্যে একে নারী ও মেয়েদের বিরুদ্ধে চলে আসা নিষ্ঠুরতা বলে বর্ণনা করেন ব্রাউন। মানবাধিকারের এই নৃশংস অপব্যহারের জন্য দায়ীদের বিচার করার জন্য আইসিসি-কে আহ্বান জানান তিনি।

গর্ডন ব্রাউন বর্তমানে জাতিসংঘের বিশ্ব শিক্ষা বিষয়ক বিশেষ দূত হিসাবে কাজ করছেন। বিবিসি রেডিও ফোর টুডে তে তিনি বলেন, নারীদেরকে শিক্ষা থেকে, চাকরি থেকে এমনকী জনসমাগম এলাকায় ঘুরতে যাওয়া থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সব নিষেধাজ্ঞা একধরনের বৈষম্য। আজ বিশ্বে এটাই সম্ভবত সবচেয়ে ঘৃন্য, সবচেয়ে নৃশংস এবং পুরোদস্তুর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।

কেউ কেউ একে লিঙ্গভেদে আর্থ-সামাজিক যৌন বৈষম্য বলেও বর্ণনা করেছেন জানিয়ে ব্রাউন বলেন, “একারণে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত করা এবং তাদের বিচার করা আইসিসি’র জন্য সঠিক। মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়টি নিয়ে বিচার করা এই আদলতের দায়িত্ব।

যুক্তরাজ্যের সাবেক লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি বলেন, বিচারের মুখে পড়ার চাপ থাকলে তালেবান নারীদের বিরুদ্ধে তাদের অবস্থানের বিষয়টি আরেকবার ভেবে দেখতে বাধ্য হবে। তালেবান শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ খুবই কম থাকা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন ব্রাউন।

তিনি যুক্তরাজ্যকেও তালেবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং মুসলিম প্রধান দেশগুলোর ধর্মীয় নেতাদেরকেও তালেবানকে হেদায়েতে সহায়তা করার ডাক দেন। বলেন, ‘ইসলাম যে নারী ও মেয়েদেরকে মূল্য দেওয়ার ধর্ম’ সে ব্যাপারে তালেবানকে অনুধাবন করাতে তারা যেন ভূমিকা রাখেন।