২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় নারীর বিরুদ্ধে সহিংসতা ৭০ শতাংশের বেশি বেড়েছে

প্রতি ১০ জনে ৭ জন মেয়ে কিংবা নারীই কোনও না কোনও ধরনের সহিংসতার শিকার হচ্ছে, বলছে গবেষণা।

রয়টার্স

Published : 02 Sep 2022, 12:11 AM

Updated : 02 Sep 2022, 12:11 AM

মেক্সিকোয় গত পাঁচ বছরে নারীর বিরুদ্ধে সহিংসতা অনেক বেড়েছে। প্রতি ১০ জনে ৭ জন মেয়ে কিংবা নারীই কোনও না কোনও ধরনের সহিংসতার শিকার হচ্ছে।

মেক্সিকোর পরিসংখ্যান কার্যালয়ের এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।

জাতীয় পরিসংখ্যান সংস্থা ‘আইএনইজিআই’ এর প্রেসিডেন্ট গ্রাসিয়েলা মার্কোজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, দেশটিতে নারীর বিরুদ্ধে সহিংসতা একটি চ্যালেঞ্জ হয়ে আছে এবং জনস্বাস্থ্য সমস্যা তৈরি করছে।

মেক্সিকোয় নারী ও মেয়ে হত্যার হার বাড়তে থাকায় বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। গড়ে দেশটিতে প্রতিদিন প্রায় ১০ জন নারী নিহত হচ্ছে এবং লাখো নারী নিখোঁজ হচ্ছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থার হিসাবমতে, ১৫ বছরের ঊর্ধ্বে ৫ কোটি ৫০ লাখ নারীর ৭০ শতাংশেরও বেশি কোনও না কোনও ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এ পরিসংখ্যান ২০১৬ সালে সর্বশেষ পরিচালিত জরিপের তুলনায় ৪ শতাংশ পয়েন্ট বেশি।

যৌন সহিংসতার খবরই সবচেয়ে বেশি পাওয়া গেছে। এ হার ৮ শতাংশ পয়েন্ট বেশি। এই নারীদের ২৩ শতাংশই বলেছে, তারা গত ১২মাসে যৌন সহিংসতার শিকার হয়েছে।

অন্যদিকে, শারীরিক সহিংসতার শিকার হয়েছে প্রায় ৩৫ শতাংশ নারী, ২০১৬ সালে যা ছিল ৩৪ শতাংশ। আর ৫২ শতাংশ নারী মানসিকভাবে নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছে, যা আগে ছিল ৪৯ শতাংশ।

শারীরিক এবং যৌন সহিংসতার শিকার নারীদের বেশিরভাগই এই কথা কাউকে জানায়নি কিংবা সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এ ব্যাপারে কোনও সাহায্য চায়নি বলে জানিয়েছে আইএনইজিআই।

কেবলমাত্র কর্মক্ষেত্রে বৈষম্য কিংবা ব্যক্তিগত সম্পদ আটকে রাখার মতো কিছু অর্থনৈতিক নিপীড়নের ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে বেরিয়ে এসেছে গবেষণায়। এ হার আগের ২৯ শতাংশ থেকে কমে হয়েছে ২৭ শতাংশ।

আর কেবলমাত্র দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও কম নারী (৪৯%) কোনও না কোনও ধরনের সহিংসতার শিকার হওয়ার কথা বলেছে, যেখানে মেক্সিকো সিটি এবং এর আশেপাশের রাজ্যগুলোতে গড়ে ৭৭ শতাংশ নারী সহিংসতার শিকার হওয়ার কথা বলেছে।