ইলেক্ট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল
পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন তিন বিজ্ঞানী।
পদার্থের ভেতরে ইলেক্ট্রন কীভবে শক্তি বিনিময় করে সেই রহস্য বুঝতে আলোক তরঙ্গের অ্যাটোসেকেন্ড পালস তৈরির পদ্ধতি নিয়ে গবেষণার জন্য চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন তিন গবেষক।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়েরে আগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউস এবং সুইডিশ গবেষক আন লিয়েরের নাম ঘোষণা করে।
নোবেল পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী।
বিজড়িত ফোটন কণা নিয়ে কোয়ান্টাম বলবিদ্যার ‘যুগান্তকারী’ গবেষণার স্বীকৃতিতে ফ্রান্সের অ্যালেইন আস্পেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার এবং অষ্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গারকে গতবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। কোভিডের বিরুদ্ধে এমআরএনএ ভ্যাকসিন তৈরির গবেষণার জন্য হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান এবার চিকিৎসায় নোবেল জিতেছেন।
বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
