২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ পুতিনের জন্য ধ্বংসাত্মক: সিআইএ প্রধান

এ যুদ্ধের কারণে রাশিয়ার সুনাম ক্ষুন্ন হওয়ায় তা সিআইএ’ র জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন উইলিয়াম বার্নস।

ইউক্রেইন যুদ্ধ পুতিনের জন্য ধ্বংসাত্মক: সিআইএ প্রধান

ছবি: উইলিয়াম বার্নস। রয়টার্স।

নিউজ ডেস্ক

Published : 03 Jul 2023, 12:31 AM

Updated : 03 Jul 2023, 12:31 AM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেইন যুদ্ধ ‘ধ্বংসাত্মক’ প্রভাব ফেলছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস।

এ যুদ্ধ নিয়ে রাশিয়ায় অসন্তোষ সিআইএ’ র জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার যুক্তরাজ্যের ডিচলে ফাউন্ডেশনে বক্তব্য দেওয়ার সময় সিআইএ প্রধান এসব কথা বলেন।

রাশিয়ার ভাড়াটে সেনাদলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এক সপ্তাহ আগেই রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর উইলিয়াম বার্নস ইউক্রেইন যুদ্ধ এবং পুতিনকে নিয়ে এমন কথা বললেন।

তিনি ইউক্রেনে পুতিনের হামলা চালানোর বিষয়টি ‘আজকে আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য সবচেয়ে জরুরি ও তীব্র ভূরাজনৈতিক চ্যালেঞ্জ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মন্তব্য করেন।

বার্নস বলেন, “মস্কোর বিরুদ্ধে প্রিগোজিনের ওই সশস্ত্র বিদ্রোহের দিকে সবারই দৃষ্টি নিবদ্ধ ছিল। তার কর্মকাণ্ড পুতিনের যুদ্ধ এবং তার নিজের শাসনক্ষমতার ওপর ধ্বংসাত্মক প্রভাব স্পষ্টতই স্মরণ করিয়ে দিচ্ছে।

“কেবল প্রিগোজিনের কর্মেই নয় বরং তার বক্তব্যেও রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের যৌক্তিকতার বিরুদ্ধে অভিযোগ আছে- তার এসব কথা কিছু সময় ধরে ঘুরপাক খাবে।

“যুদ্ধ নিয়ে অসন্তোষ ধীরে ধীরে রাশিয়ার নেতৃত্বকে শেষ করে দেবে… আর এটাই সিআইএ’র জন্য এক প্রজন্ম ধরে সুযোগ সৃষ্টি করেছে। আমরা এই সুযোগ নষ্ট হতে দিচ্ছি না।”

বিবিসি জানায়, সিআইএ সম্প্রতি স্যোশাল মিডিয়ায় নতুন প্রচারাভিযান শুরু করেছে। এর লক্ষ্য রাশিয়ার মানুষের কাছে পৌঁছানো। এ প্রচারাভিযানের মধ্যে একটি ভিডিও পোস্ট করা হয়েছে টেলিগ্রামে। এই টেলিগ্রাম রাশিয়ানরা ব্যাপকভাবে ব্যবহার করে।

পোস্ট করা ভিডিওতে মস্কোর নজরদারি এড়িয়ে ডার্ক ওয়েবে কীভাবে সিআইএ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। ভিডিওটি প্রথম সপ্তাহে ২৫ লাখ ভিউ পেয়েছে।