২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-চীন আলোচনা সম্পর্কে একধাপ অগ্রগতি: মার্কিন অর্থমন্ত্রী

চারদিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী ইয়েলেন চীনের সঙ্গে তার আলোচনাকে সরাসরি, বাস্তবসম্মত এবং ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র-চীন আলোচনা সম্পর্কে একধাপ অগ্রগতি: মার্কিন অর্থমন্ত্রী

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 05:18 PM

Updated : 09 Jul 2023, 05:18 PM

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, চীনে তার সফর দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টায় একধাপ অগ্রগামী পদক্ষেপ।

বিবিসি জানায়, চারদিনের সফর শেষে ইয়েলেন চীনের সঙ্গে তার আলোচনাকে সরাসরি, বাস্তবসম্মত এবং ফলপ্রসূ বলে বর্ণনা করেন। তিনি বলেন, আলোচনা থেকে দু’পক্ষই একে অপরের সম্পর্কে বেশিকিছু শিখেছে।

তবে চীন এবং যুক্তরাষ্ট্রর মধ্যে এখনও গুরুতর কিছু মতবিরোধ আছে বলেও তিনি স্বীকার করেছেন।

“একটি সফরেই রাতারাতি আমাদের সব চ্যালেঞ্জ সমাধা হয়ে যাবে না। তবে এই সফর চীনের নতুন অর্থনৈতিক টীমের সঙ্গে যোগাযোগের শক্তিশালী এবং ফলপ্রসূ চ্যানেল তৈরি করতে পারবে”, বলেন তিনি।

মানবাধিকার, বাণিজ্য, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্যসহ নানা বিষয় নিয়েই চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ক কয়েকবছর ধরে অবনতির দিকে গেছে।

এই সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়েই গত বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছান মার্কিন অর্থমন্ত্রী। সেখানে গিয়ে বেইজিংয়ের সমালোচনাও করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।

গত শুক্রবারের বৈঠকে চীনকে বাজার সংস্কারের আহ্বান জানান তিনি।

সেইসঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু খনিজ পদার্থ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করায় চীনের সমালোচনাও করেন ইয়েলেন।

চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব মতবিরোধ আছে সেগুলো নিয়ে স্পষ্টভাবে এবং সরাসরি আলোচনা করা দরকার বলে উল্লেখ করেন ইয়েলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং তিনি (ইয়েলেন) নিজেও চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বৃহৎ শক্তির লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে দেখেন না।