সরকার অচল করতেই রিপাবলিকানদের অভিশংসন তদন্ত: বাইডেন
“অভিশংসন তদন্তের দিকে আমার মনোযোগ নেই,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা কেন্দ্রীয় সরকারকে অচল করতে চায়। সেজন্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগ নিয়েছে। অভিশংসন তদন্তের পদক্ষেপ নিয়ে হোয়াইট হাউজের সমালোচনার কয়েক ঘণ্টা পর বুধবার বাইডেন ওই মন্তব্য করেন।
ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটিক দলের তহবিল জোগানদাতাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “তারা (রিপাবলিকানরা) কেন এ উদ্যোগ নিয়েছে, আমি জানি না। আমি কেবল এটাই বলতে পারি যে, তারা আমাকে অভিশংসন করতে চায়, কারণ তারা সরকার অচল করতে চায়।”
বাইডেন আরও বলেন, “অভিশংসন তদন্তের দিকে আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না। কারণ, আমার অনেক কাজ আছে।”
বাইডেনের বিরুদ্ধে ‘গুরুতর এবং বিশ্বাসযোগ্য’ অভিযোগ রয়েছে জানিয়ে মঙ্গলবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি। প্রেসিডেন্টকে ঘিরে নানা দুর্নীতি চর্চা প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
