২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে যুক্তরাষ্ট্রের দূত কেরি, জলবায়ু পরিবর্তন রোধে সাফল্য আসবে?

দুই দেশ নিজেদের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা দূরে সরিয়ে রেখে জলবায়ু পরিবর্তন রোধের মূল বিষয়গুলোতে দৃষ্টি নিবদ্ধ করতে পারবে কিনা সেটিই দেখার বিষয়।

চীন সফরে যুক্তরাষ্ট্রের দূত কেরি, জলবায়ু পরিবর্তন রোধে সাফল্য আসবে?

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 11:48 PM

Updated : 17 Jul 2023, 01:04 AM

চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন কেরি। এ সফরে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী এবং শক্তিধর দুই দেশ নিজেদের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা দূরে সরিয়ে রেখে জলবায়ু পরিবর্তন রোধের মূল বিষয়গুলোতে দৃষ্টি নিবদ্ধ করতে পারবে কিনা সেটিই বড় প্রশ্ন।

যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের সঙ্গে থমকে যাওয়া সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়েছে। এ প্রক্রিয়ায় এরই মধ্যে চীন থেকে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। এবার শীর্ষ মার্কিন কর্মকর্তাদের মধ্যে চীনে গেলেন জন কেরি।

বিবিসি জানায়, চার দিনের এ সফরকালে কেরি চীনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত শি জেনহুয়ার সঙ্গে দেখা করবেন।

এবছরের শেষেই আছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৮। এ সম্মেলন যাতে সফল হয়, তা নিশ্চিত করতে চীনের সঙ্গে কেরি কাজ করতে চান বলে জানিয়েছে তার কার্যালয়।

দুই দূতের বৈঠক থেকে কোনও বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে বলে আশা করা না হলেও এ বৈঠককে আলোচনা সূচনা হিসাবেই দেখা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে যুক্তরাষ্ট্র এবং চীন দুই দেশই। কিন্তু দুটো দেশই আবার বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশও।

“ফলে দুদেশই নানা বড় পদক্ষেপ নিলেও আদতে কার্বন নিঃসরণ এখনও যথেষ্ট কমতে দেখা যাচ্ছে না” বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিষয়ক অধ্যাপক ড্যান কামেন।

দুই দেশের সরকারই অর্থনৈতিক প্রবৃদ্ধির চাহিদা এবং কার্বন নিঃসরণ কমানো এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাওয়ার কারণে নানা পরষ্পরবিরোধী পদক্ষেপ নিয়ে পরিবেশবাদীদের সমালোচনার শিকার হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চীন সফরকালে কেরি স্বচ্ছ জ্বালানিকে পুরোপুরি কাজে লাগানো এবং খুব দ্রুতই কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য তাগাদা দেওয়ার চেষ্টা নিতে পারেন।

আবার দুই দেশই তাদের বৃহত্তর বাণিজ্য এবং রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে।

বেইজিংয়ে গ্রিনপিস পূর্ব এশিয়ার ঊর্ধ্বতন বৈশ্বিক নীতি বিষয়ক উপদেষ্টা লি সোউ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের বর্তমানে যে অবস্থা, তাতে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করার মতো অবস্থান প্রকাশ পাওয়াটা চীন পছন্দ করবে না।

তবে তিনি বলেন,জলবায়ু আলোচনাকে দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে আলাদা করে রেখে দুই দেশের আপাত শান্ত এই সময়কে কাজে লাগানোর সুযোগ আছে কেরি এবং শি জেনহুয়ার সামনে।

অন্য কথায়, দুই দেশেরই এখন জরুরি ভিত্তিতে তাদের বৈরিতা একপাশে সরিয়ে রেখে জলবায়ু সংকটকে প্রাধান্য দেওয়া প্রয়োজন- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

দুই দূতের আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।