২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক স্বচ্ছলতার প্রলোভন, ভারতে ‘মানব বলি’র নারকীয় ঘটনা

কেরালা রাজ্যের দুটি ভিন্ন জায়গা থেকে দুই নারী নিখোঁজ হয়েছিলেন। মঙ্গলবার পুলিশ তাদের দেহাবশেষ খুঁজে পেয়েছে।

আর্থিক স্বচ্ছলতার প্রলোভন, ভারতে ‘মানব বলি’র নারকীয় ঘটনা

ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 08:30 PM

Updated : 12 Oct 2022, 09:13 PM

ভারতের কেরালা রাজ্যে নিখোঁজ দুই নারীর সন্ধান করতে গিয়ে পুলিশের সামনে এসেছে মানব বলির মতো নারকীয় ঘটনা।

দুই নারীকে বলি দেওয়া হয়েছে বলে কেরালার পুলিশ জানতে পেরেছে। কেরালার দুটি ভিন্ন জায়গা কোচি ও কালাডি থেকে পদ্মা (৫২) ও রোজলি (৪৯) নামের এই দুই নারী নিখোঁজ হয়েছিলেন।

চলতি বছরের সেপ্টেম্বর ও জুন মাসে তারা নিখোঁজ হন। দুইজনের পরিবার পুলিশের কাছে তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিল। অনুসন্ধান চালাতে গিয়ে মঙ্গলবার পুলিশ দুই নারীর দেহাবশেষ খুঁজে পেয়েছে।

কেরালার এক দম্পতি ধন-সম্পত্তি লাভের আশায় আচার-অনুষ্ঠান পালনে তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই দম্পতির সঙ্গে আরও একজন ছিল বলে জানিয়েছে পুলিশ।

তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। পদ্মা ও রোজলিকে হত্যার আগে তাদেরকে ‘মারাত্মকভাবে নির্যাতন’ করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে কেরালার পাথানামথিত্তায়। বলির শিকার নারীরা লটারি বিক্রি করে সংসার চালাতেন। তাদেরকে হত্যায় অভিযুক্ত দম্পতির নাম ভগওয়াল সিং ও লায়লা সিং। আর তৃতীয়জন হচ্ছে, মোহাম্মদ শফি নামের এক জাদুবিদ্যা অনুশীলনকারী।

বুধবার তিন অভিযুক্তকে কোচি আদালত তিন সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শফিই ওই দুই নারীকে আর্থিক প্রলোভন দেখিয়ে ভগওয়াল দম্পতির বাড়িতে নিয়ে গিয়েছিল।

পদ্মার ফোন রেকর্ড খতিয়ে দেখে পুলিশ তাতে শফির কাছ থেকে আসা একাধিক কল পেয়েছে। আর শফির কল রেকর্ড থেকেও ভগওয়াল সিং এর সঙ্গে তার যোগাযোগ থাকার আলামত মিলেছে। শফি এবং সিং একই এলাকারও বাসিন্দা।

কোচি পুলিশের জেরায় অভিযুক্ত দম্পতি অপরাধ স্বীকার করেছে। তারা বলেছে, মৃতদের দেহ তাদের বাড়িতেই পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ মঙ্গলবার সেখান থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করেছে।

অভিযুক্ত শফি প্রথমে ভগওয়াল দম্পতিকে অর্থ লাভের লোভ দেখায় এবং মানব বলি দিলে আর্থিক স্বচ্ছলতা আসবে বলে প্রলোভন দেখায়। আর এই প্রলোভনেই দম্পতি পা দেন বলে ভাষ্য পুলিশের।

দুই নারীকে শিরশ্ছেদ করে হত্যা করার পর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভারতের অনেক অংশেই এখনও ‘কালা জাদু’ চর্চা চলে আসছে। আচার-অনুষ্ঠান পালন করে মানব বলি দিলে ধন-সম্পত্তি লাভসহ নিঃসন্তান নারীর সন্তান লাভ, রোগমুক্তি এমনকী খরায় বৃষ্টিপাতও বয়ে আনা সম্ভব বলে মানুষজন বিশ্বাস করে।